ঘুচল না কক্সবাজারের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমা বা লঘুচাপের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়লেই প্লাবিত হচ্ছে কক্সবাজার জেলার বিশাল এলাকা। ষাটের দশকে নির্মিত বেড়িবাঁধ নাজুক হয়ে পড়ায় জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না করলে এ সমস্যা দূর হবে না।সম্প্রতি ভারী বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ৫৫৪ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৭ কিলোমিটার পুরোপুরি বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৫ কিলোমিটার বাঁধ। এর মধ্যে প্রায় ৮৮ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে কক্সবাজারের ছয়টি উপজেলার অন্তত ২৫৪ গ্রাম প্লাবিত হয়েছে। লোনা পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি ও বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট বেড়ে গেছে। জোয়ারের পানির ধাক্কায় কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। আরও অন্তত ৮৮ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে ৯৫ কিলোমিটার বাঁধ মেরামত করা না হলে আরও বাঁধ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মইনুদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘সাম্প্রতিক জলোচ্ছ্বাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫ কিলোমিটার বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার ও মেরামতের জন্য ১০ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে। তা ছাড়া সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া অংশে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ২৭৭ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় টাকা বরাদ্দ পাওয়া না গেলে উপকূল রক্ষা কঠিন হয়ে পড়বে।’খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনের জলোচ্ছ্বাসে কুতুবদিয়ার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, লেমশিখালী, পেকুয়ার মগনামা, উজানটিয়া, টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, সাবরাং, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ১৪ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। সদর উপজেলার চৌফলদণ্ডী, খুরুশকুল, নাপিতখালী ও চকরিয়ার বিভিন্ন অংশে বিলীন হয়েছে আরও তিন কিলোমিটার বাঁধ।সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুতুবদিয়া: পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিলীন হয়ে যাওয়া ১৭ কিলোমিটার বাঁধের ১০ কিলোমিটারই কুতুবদিয়ায় পড়েছে। লোনা পানিতে তলিয়ে গেছে উপজেলার বিশাল এলাকা। গত শুক্রবার সকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ আমজাখালী গ্রামে গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে গ্রামে। চারটি গ্রামের কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হয়েছে।উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গৃহহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার মানুষ বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঝুঁকির মুখে পড়েছে উপজেলার বায়ুবিদ্যুৎকেন্দ্রটি।কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাসিনা আকতার বলেন, ‘এই উপজেলার চারদিকে ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। আরও ২০ কিলোমিটার ঝুঁকির মুখে রয়েছে। জরুরি ভিত্তিতে এসব বাঁধ মেরামত করা সম্ভব না হলে উপজেলার দেড় লাখ মানুষ বিপদে পড়বে।’ঝুঁকির মুখে উপকূলবাসী: কক্সবাজার, টেকনাফ, পেকুয়া, মহেশখালী ও চকরিয়ার উপকূলে বসবাসকারী কয়েক লাখ মানুষ ভাঙা বেড়িবাঁধের কারণে ঝুঁকির মুখে আছে। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া জানান, জোয়ারের পানিতে উপজেলার ৩৩ গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে জীবন কাটাচ্ছে। মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ৩০টি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ জানান, ‘জোয়ারের পানিতে বিভিন্ন ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ৪৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে দেড় লাখ মানুষ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। এ ছাড়া চকরিয়া, উখিয়া ও সদর উপজেলার বিভিন্ন উপকূলে আরও ৭০টির বেশি গ্রাম প্লাবিত হয় জোয়ারের পানি বাড়লেই। কক্সবাজার পৌরসভার মেয়র রাজবিহারী দাশ বলেন, ‘সামুদ্রিক জলোচ্ছ্বাসে শহরের নাজিরারটেক, ফদনারডেইল, নুনিয়াছটা, সমিতিপাড়াসহ ১২টি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হয়েছে।’