ভোট দিয়ে তাঁরা সংসদ সদস্য নির্বাচিত করেন। কিন্তু উন্নয়ন খাতে সাংসদের কাছ থেকে কোনো বরাদ্দ পান না। সিটি করপোরেশন এলাকা হলেও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাটহাজারী থানার। ভবনের নকশা অনুমোদন নিতে একাংশের বাসিন্দারা দ্বারস্থ হন ক্যান্টনমেন্ট বোর্ডে। বাকিরা যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। বাসিন্দারা গৃহকর দেন সিটি করপোরেশনকে। ভূমিকর দিতে যেতে হয় হাটহাজারী উপজেলা ভূমি কার্যালয়ে।সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ পাহাড়তলী) বাসিন্দারা ৪৬ বছর ধরে এমন প্রশাসনিক টানাপোড়েনের শিকার। জেলা প্রশাসন সূত্র জানায়, ২৪ বর্গকিলোমিটার আয়তনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান জনসংখ্যা এক লাখের বেশি। ১৯৬৫ সালে দক্ষিণ পাহাড়তলীকে সিটি করপোরেশনের আওতায় আনা হলেও এই ওয়ার্ডের বড়দীঘিরপাড় থেকে দক্ষিণে ফৌজি ময়দা মিল পর্যন্ত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট চ্যাপ্টার এলাকা হিসেবে রয়ে যায়। তখন থেকেই এই ওয়ার্ডের চ্যাপ্টার এলাকা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড। অপর দিকে ওয়ার্ডটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও নগরের অন্য এলাকার মতো মেট্রোপলিটন থানার অন্তর্ভুক্ত নয়। ওয়ার্ডটি হাটহাজারী থানার অন্তর্ভুক্ত। এমন প্রশাসনিক জটিলতার কারণে এই ওয়ার্ডে নগরের অন্য এলাকার মতো উন্নয়নের ছোঁয়া লাগেনি।স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই প্রশাসনিক টানাপোড়েনের অবসান চান। ২০ জানুয়ারি সরেজমিন এই ওয়ার্ডে গেলে নানা শ্রেণীপেশার মানুষ এই সমস্যার কথা তুলে ধরেন।আমান বাজারের বাসিন্দা নাসির জামান বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করি। কিন্তু সিটি করপোরেশনের বাসিন্দা বলে আমরা সাংসদের উন্নয়ন বরাদ্দ পাই না। না ঘরকা না ঘাটকা—এই অবস্থা আমাদের।’ফতেয়াবাদ এলাকার প্রবীণ বাসিন্দা মো. ইসমাইল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই ওয়ার্ডের মাধ্যমিক বিদ্যালয় সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে। প্রাথমিক বিদ্যালয় পাঁচলাইশ থানা শিক্ষা কার্যালয়ের অধীনে। এলাকার অবকাঠামো উন্নয়নের দায়িত্ব সিটি করপোরেশনের। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে হাটহাজারী থানা। ফলে নানা কাজে আমাদের নানা দিকে ছুটতে হয়। গত ৪৬ বছর ধরে এমন হয়রানির শিকার হচ্ছি।’নন্দীরহাটের বাসিন্দা দিলীপ মালাকার বলেন, ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েন তো আছেই। শুধু নামেই সিটি করপোরেশন। উন্নয়নের দিক থেকে এই ওয়ার্ডটি পাশের চিকনদণ্ডী ইউনয়ন থেকে এখনো অনেক পিছিয়ে। এখানে মাতৃসদন, বালক উচ্চবিদ্যালয় নেই। শণের ঘরে থেকেও সিটি করপোরেশন নির্ধারিত কর দিতে হচ্ছে। জানতে চাইলে স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দক্ষিণ পাহাড়তলী আমার নির্বাচনী এলাকা হলেও এই ওয়ার্ডের উন্নয়ন বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়। তবে ওই এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে আমি টিআর (টেস্ট রিলিফ) দিই। এলাকার বাসিন্দাদের হয়রানি বন্ধে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ এই প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েনে দক্ষিণ পাহাড়তলীর মানুষ যুগ যুগ ধরে হয়রানির শিকার হচ্ছেন এটা সত্য। এই অবস্থা থেকে বের হতে হলে ওয়ার্ডের সার্বিক বিষয়ের দায়িত্ব হয় এককভাবে সিটি করপোরেশনকে নিতে হবে না হয় হাটহাজারী উপজেলা কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিতে হবে।বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘দক্ষিণ পাহাড়তলীর মানুষদের ওপর ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েন অবসান হওয়া উচিত। জাতীয় নির্বাচনে এই ওয়ার্ডের মানুষ ভোট দেন কিন্তু সাংসদের কাছ থেকে কোনো সাহায্য পান না। এটি বৈষম্য। আমি মনে করি সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে বিষয়টির সুরাহা করা প্রয়োজন।’হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাঈল বলেন, ‘ত্রিমুখী প্রশাসনের টানাপোড়েন দক্ষিণ পাহাড়তলীকে রক্ষা করতে প্রায় নয় বছর আগে এই ওয়ার্ডসহ আশপাশের শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা, উত্তর মাদার্শা, চিকনদণ্ডী ও ফতেপুর ইউনিয়ন মিলে ফতেয়াবাদ নামে আলাদা একটি থানা গঠনের প্রস্তাব জেলা প্রশাসককে দিয়েছিলাম। এলাকার মানুষ এই ব্যাপারে সভা-সমাবেশও করেছে। কিন্তু কেউ তা আমলে নেয়নি।’ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাজাহান বলেন, এলাকার উন্নয়নে সিটি করপোরেশনের মেয়র সচেষ্ট। তিনি যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু স্থানীয় সাংসদের কাছ থেকে গত তিন বছর কোনো বরাদ্দ পায়নি। এই ওয়ার্ড নিয়ে ত্রিমুখী প্রশাসনের টানাটানির অবসান হওয়া উচিত। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ জরুরি। এ বিষয়ে জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেন, ‘দক্ষিণ পাহাড়তলীর মানুষের প্রশাসনিক হয়রানি কমাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। তবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে। ফতেয়াবাদ নামে আলাদা থানা গঠনের সম্ভাব্যতা প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্ভব কি না তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।