ঘুম না হলে চাকরি যাওয়ার ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স এখন ৪০ ও ৫০-এর কোঠায় পৌঁছেছে এবং নিদ্রাহীনতার সমস্যায় ভুগছেন এমন পেশাজীবীরা এ বিষয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ছবিটি প্রতীকী।
বয়স এখন ৪০ ও ৫০-এর কোঠায় পৌঁছেছে এবং নিদ্রাহীনতার সমস্যায় ভুগছেন এমন পেশাজীবীরা এ বিষয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ছবিটি প্রতীকী।

ঠিকমতো ঘুম না হলে স্বাস্থ্যগত সমস্যাগুলোর পাশাপাশি অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও পড়তে পারেন। এমনকি চাকরিও চলে যেতে পারে আপনার। গবেষকেদের মতে, রাতে ভালো ঘুম না হলে বুদ্ধিবৃত্তিক সমস্যা, মনোযোগে ঘাটতি এবং স্মৃতিভ্রষ্টতার ঝুঁকি বেড়ে যায়। আর এসব কিছু মিলিয়েই স্থায়ী নিদ্রাহীনতায় আক্রান্তরা পেশাগত জীবনে ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে ইন্দো-এশিয়ান নিউজের এক প্রতিবেদনে।

বয়স এখন ৪০ ও ৫০-এর কোঠায় পৌঁছেছে এবং নিদ্রাহীনতার সমস্যায় ভুগছেন এমন পেশাজীবীরা এ বিষয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এমন পেশাজীবীরা অফিসে বা কর্মক্ষেত্রে ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়তে পারেন। বিশেষত দুপুরের খাবারের পর সমস্যাটা বেশি দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাউনশিপ সেন্টার ফর স্লিপ ডিসঅর্ডারের গবেষক নিতুন ভার্মা এ প্রসঙ্গে হাফিংটন পোস্টকে বলেন, ‘এমন পেশাজীবীদের মধ্যে একটা ভীতি দেখা যায় যে, তরুণতর এবং কর্মোদ্যমী লোকেরা তাঁদের জায়গা দখল করে নিতে পারে কিংবা তাঁদের টপকে পদোন্নতি পেয়ে যেতে পারে।’

অন্যদিকে, বয়স এখন ২০ থেকে ৩০-এর কোঠায় রয়েছে এমন তরুণতর পেশাজীবীরাও নিদ্রাহীনতায় আক্রান্ত হতে পারেন। ভার্মা বলেন, ‘সামাজিক এবং পেশাগত কারণে এ বয়সীদের আরও বেশি সক্রিয় নিশিযাপন করতে হয়। জীবন আর পেশাকে এগিয়ে নিতে গিয়ে এভাবে রাত জেগে অনেক ক্ষেত্রেই চার থেকে পাঁচ ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না তাঁরা।’

গবেষকেরা বলছেন, নানা কারণেই মানুষ ঘুমের সমস্যায় ভুগতে পারেন। কেউ কেউ ‘ওয়ার্কহোলিক’ বা কাজপাগল কেউ কেউ স্বভাবগতভাবেই রাতজাগা পাখি বা নিশি-বিলাসী। আবার কেউ কেউ অতিরিক্ত চাপ কিংবা ক্রনিক ইনসমনিয়া বা স্থায়ী নিদ্রাহীনতায় আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড কাউন্টি সেন্টার ফর লাঙ অ্যান্ড স্লিপ মেডিসিনের পরিচালক এমারসন উইকওয়ার বলেন, ‘আমরা অ্যাডেনোসিন নামের একটা রাসায়নিকে অভ্যস্ত যা মস্তিষ্কে ঘুম জাগাতে সহায়তা করে। মস্তিষ্কে এই রাসায়নিকের ঘাটতি শরীরে খাদ্য বা পানির ঘাটতির মতোই মারাত্মক। কিন্তু এর অভাবে অনেক ক্ষেত্রে কঠিন পরীক্ষায় ভালো না করলেও এবং কর্মক্ষমতা হ্রাস পেলেও আমরা মনে করি সব ঠিকই আছে।’

এ ছাড়া, ঠিকমতো ঘুম না হওয়া থেকে শরীরে বল না পাওয়া, দুর্বল লাগা, যৌন চাহিদা কমে যাওয়া, মনোযোগ কমে যাওয়া এবং সব সময়ই বিষণ্নতায় আক্রান্ত থাকার মতো সমস্যা বেড়ে যেতে পারে। এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন গবেষকেরা।