ঘুম নেই অভিভাবকদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। অভিভাবকেরা চাইছেন, ভালো স্কুলে ভর্তি হোক তাঁদের সন্তান। তবে নগরের প্রতিটি বিদ্যালয়ে নির্ধারিত আসনের চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ছে। এ কারণে চিন্তায় ঘুম নেই অভিভাবকদের চোখে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তিন হাজার। গতকাল আবেদন জমা নেওয়ার প্রথম দিনেই ছয়টি সরকারি উচ্চবিদ্যালয়ে আবেদন করেছে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী। শেষ দিন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা তিন গুণ ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ধারণা করছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (নাসিরাবাদ) ভর্তির আবেদন জমা দিতে আসা অভিভাবক মাহফুজুল আলম বলেন, ‘মেয়েকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করাব। নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করা হয় বলে সরকারি বিদ্যালয়েই মেয়েকে ভর্তি করাতে চাই।’ সরকারি বিদ্যালয়ে তীব্র প্রতিযোগিতার বিষয়টি স্বীকার করে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার বলেন, ‘প্রতিবছরই ভর্তির ব্যাপারে অভিভাবকদের চাপ থাকে। অথচ আমাদের করার কিছু থাকে না।’জানা যায়, সরকারি বিদ্যালয়গুলোতে অনলাইনে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে ৭ ডিসেম্বর থেকে। ১৮ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র দেওয়া হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ১৪ ডিসেম্বর (গতকাল)। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর। সূত্র জানায়, জেলা প্রশাসন এবার নয়টি সরকারি বিদ্যালয়ে প্রাত ও দিবা শাখার জন্য আসন নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণীতে ৩২০টি, ষষ্ঠ শ্রেণীতে ১৬০টি ও নবম শ্রেণীতে ৪০টি আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ে শুধু পঞ্চম শ্রেণীতে ২৪০ জন ছাত্র ভর্তি করা হবে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৩২০টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (নাসিরাবাদ) পঞ্চম শ্রেণীতে ১৬০টি, ষষ্ঠ শ্রেণীতে ৮০টি, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৪০, ষষ্ঠ শ্রেণীতে ১৬০ ও নবম শ্রেণীতে ১২০টি আসন রয়েছে। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৪০, ষষ্ঠ শ্রেণীতে ১৪৬ ও নবম শ্রেণীতে ৭০টি আসন রয়েছে। সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৬০, ষষ্ঠ শ্রেণীতে ১৬০ ও নবম শ্রেণীতে ৪০ জন, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৬০, ষষ্ঠ শ্রেণীতে ৩০ ও নবম শ্রেণীতে ২০টি আসন রয়েছে। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ২০০, ষষ্ঠ শ্রেণীতে ৯৫ ও নবম শ্রেণীতে ৩০টি আসন আছে। এর মধ্যে গতকাল বেলা দুইটা পর্যন্ত কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৪৮৮, ষষ্ঠ শ্রেণীতে ৬১৬, নবম শ্রেণীতে ১৮৩ জন, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৬০০, মুসলিম উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ১৬০, ষষ্ঠ শ্রেণীতে ২৭৭, নবম শ্রেণীতে ৭০, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে (নাসিরাবাদ) পঞ্চম শ্রেণীতে ২০০, ষষ্ঠ শ্রেণীতে ৩২৮ ও নবম শ্রেণীতে ৯০টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম, ষষ্ঠ ও নবম মিলে ১৩০ এবং বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ২০০, ষষ্ঠ শ্রেণীতে ২৫০ ও নবম শ্রেণীতে ২২টি আবেদন জমা পড়ে।বেসরকারি বিদ্যালয়এদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতেও নির্ধারিত আসনের চেয়ে প্রায় ৩০ গুণ আবেদন জমা পড়ছে। ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে পঞ্চম শ্রেণীতে ২২টি আসনের বিপরীতে ৮৬৮টি এবং ষষ্ঠ শ্রেণীতে ২২টি আসনের বিপরীতে ৫৫৩টি আবেদন জমা পড়েছে। কেজি ওয়ানের আবেদন বাছাই ১৮ ডিসেম্বর এবং পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৭ ও ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ষষ্ঠ শ্রেণীতে বাংলা মাধ্যমে ২৬টি আসনের বিপরীতে ৯০০টি ও ইংরেজি মাধ্যমে ৪০ আসনের বিপরীতে ৪০০টি আবেদন জমা পড়ে। নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে নয়টি আসনের বিপরীতে জমা পড়েছে ১৫০টি আবেদন। নগরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অনুমোদিত উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৬০টি। এর মধ্যে নয়টি সরকারি, সিটি করপোরেশন পরিচালিত ৩৮টি। সিটি করপোরেশন স্কুল: শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ে শুধু ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে করপোরেশনের বিদ্যালয়গুলোর মোট আসন সম্পর্কে কোনো পরিসংখ্যান জানা যায়নি।