ঘুম নেই-এর শততম মঞ্চায়ন
‘স্বাধীনতার ৪০ বছর পর মুক্তিযুদ্ধের চেতনা আমরা কতটুকু ছড়িয়ে দিতে পেরেছি? এত দিনেও কি আমরা মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে পেরেছি? এই দীর্ঘ সময়ে মনে হয়, আমরা কিছুটা হলেও ব্যর্থ হয়েছি। আমরা তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন দল মুক্তিযুদ্ধের নাটক আরও বেশি বেশি করবে—এমনটাই আমরা আশা রাখি।’ বলছিলেন মহাকাল নাট্যসম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান।ঘুম নেই নাটকের শততম মঞ্চায়নকে ঘিরে এভাবেই বললেন তিনি। সঙ্গে তাঁরা পালন করতে যাচ্ছেন বিজয়ের ৪০ বছরের মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। আগামী ১ ডিসেম্বর থেকে জাতীয় নাট্যশালার দুটি হলে সাত দিনের এ নাট্যোৎসব হবে। উৎসবে সব নাটকই থাকছে মুক্তিযুদ্ধের। এ উপলক্ষে মহাকাল নাট্যসম্প্রদায় দেশের বাইরে থেকেও দুটি দলকে আমন্ত্রণ করেছে। ঘুম নেই নাটকটির শততম মঞ্চায়ন হবে উৎসবের শেষ দিন ৮ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের এই নাটকটি ১৯৯৪ সালের ৮ মে প্রথম মঞ্চে আসে। টানা ২০০০ সাল পর্যন্ত ৭০টি প্রদর্শনী হওয়ার পর বন্ধ হয়ে যায়। এরপর আবার ২০০৮ সালে নাটকটি মঞ্চে আসে। ডিসেম্বরে নাটকটি শততম মঞ্চায়নের মুখ দেখবে।উৎসবের উদ্বোধন হবে ১ ডিসেম্বর মূল হলে। ওই দিন লোকনাট্যদল পরিবেশন করবে মুজিব মানে মুক্তি নাটকটি। উৎসবের শেষ দিন ছাড়া প্রতিদিন দুটি করে নাটক দুই মিলনায়তনে মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন পরিবেশিত হবে কলকাতার অনীক নাট্যগোষ্ঠীর তপতী আর ঢাকার নাগরিক নাট্যাঙ্গনের সেইসব দিনগুলি। সময় সাংস্কৃতিক গোষ্ঠীর ভাগের মানুষ ও মহাকাল নাট্যসম্প্রদায়ের নিশিমন বিসর্জন মঞ্চস্থ হবে উৎসবের তৃতীয় দিন। প্রাচ্যনাট পরিবেশন করবে সার্কাস সার্কাস আর শূন্যন পরিবেশন করবে লাল জমিন ৪ ডিসেম্বর। ৫ ডিসেম্বর বুনন থিয়েটারের চাকা, ত্রিপুরার কালচারাল ক্যাম্পেইনের কোর্ট মার্শাল মঞ্চস্থ হবে। ৬ ডিসেম্বর এক দিন বিরতি দিয়ে ৭ ডিসেম্বর মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে ও সুবচন নাট্যসংসদের রাষ্ট্র বনাম নাটক দুটি।