‘শ্রীমতি খাল আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। এখন যেখানে খাল, সেখানে দুই বছর আগেও আমাদের ভিটা ছিল, পুকুর ছিল। ভাঙনের পর খালপাড়ে আবার নতুন করে ঘর তুলেছি। গত কয়েক দিনের বৃষ্টিতে কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। কখন যে পাহাড়ি ঢলের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে ভাসিয়ে নিয়ে যাবে ঘরবাড়ি! ভয়ে রাতে ঘুম আসে না।’পটিয়া উপজেলার শ্রীমতি খালপাড়ে অবস্থিত ভাটিখাইন গ্রামের বাসিন্দা কৃষক আবদুস সাত্তার (৬০) এভাবেই তাঁর আশঙ্কার কথা জানালেন। শ্রীমতি খালের বেড়িবাঁধের একাধিক স্থানে ভাঙনের কারণে ভিটে-বাড়ি হারানোর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন আবদুস সাত্তারের মতো পটিয়ার ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পটিয়ার ভাটিখাইন বাজারে পশ্চিম দিকে শ্রীমতি খালের দুই স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে গত ২৬ জুন এলাকার শতাধিক গ্রামবাসী বাঁশ-কাঠ দিয়ে কোনো রকম একটা প্রতিরোধের ব্যবস্থা করে। তবে প্রবল বর্ষণে এই প্রতিরোধ টিকবে না বলে তাদের আশঙ্কা। এদিকে একই ইউনিয়নে ভাটিখাইন সেতুর পূর্ব পাশে, বর্গাহরা দীঘিরপাড় ও ধোপাপাড়া এলাকায়ও বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে ওই এলাকা দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢুকতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।শ্রীমতি খালপাড়ের বাসিন্দারা জানান, ভাঙন প্রতিরোধ করা না হলে চলতি বর্ষায় পাহাড়ি ঢলের পানি এসে পটিয়া পৌরসভার পাইকপাড়া, পটিয়া গ্রাম, ভাটিখাইন, করল, ঠেগরপুনি, উত্তর ছনহরা, মেলঘর, জঙ্গলখাইন, উত্তর আশিয়া, দক্ষিণ আশিয়াসহ ১০ গ্রাম প্লাবিত করবে। এতে অন্তত ৫০ হাজারের বেশি মানুষ বাড়িঘর হারাবে।ভাটিখাইন ইউনিয়নের করল গ্রামের মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেড়িবাঁধের কিছুটা সংস্কার হয়েছে। তবে এরপর আর বেড়িবাঁধের কোনো সংস্কার হয়নি। প্রতি বর্ষা মৌসুমেই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করা না হলে বিশাল এলাকা প্লাবিত হবে।’ভাটিখাইন ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, ‘প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভাটিখাইন এলাকায় শ্রীমতি খালের বেড়িবাঁধের ছয় স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি জানিয়ে গত ২৮ জুন পটিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীর কাছে চিঠি লিখেছি।’ যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয় চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বরাদ্দও চেয়েছি।’