ঘুম ভাঙত জাহাজের ভেঁপু শুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর গান শুনেই কেটেছে ছেলেবেলা। বাবার চাকরির কারণে কৈশোর ও যৌবন কেটেছে এখানেই। সেই সময়ের ব্যাপ্তি হবে কয়েক দশক। লেখক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন চট্টগ্রামের স্মৃতির গল্প শুনিয়েছেন শান্তনু চৌধুরীকে চাঁটগায় গিয়েছিলাম একটা কাজে। সঙ্গে শিল্পী হাশেম খান, কাইয়ুম চৌধুরীও। সদরঘাট থেকে জাহাজে করে যাব হাতিয়া, সন্দ্বীপ। নালাপাড়া পেরোতেই চোখের সামনে ভেসে উঠল পুরোনো পোর্ট কমিশন অফিস, যেখানে বাবা চাকরি করতেন। মোড়ে ছিল ব্যাংক অব চায়না বিল্ডিং। অভয়মিত্রঘাট। এখানেই কেটেছে ছেলেবেলা, তারপর চাঁটগার সঙ্গে কেটেছে জীবনের কয়েক দশক। অথচ সদরঘাট কখনো এসেছি বলে মনে পড়ে না, আশ্চর্য! সদরঘাট থেকে টিকিট কেটে বন্ধু গাজীকে বললাম, চল একটু অভয়মিত্রঘাটে যাব। ১৯৭১ সালের ষোলোই ডিসেম্বর এখানে এসেছিলাম, আর আসিনি। অভয়মিত্রঘাটে নামলাম আমরা তিনজন। ঘাটে বেড়াতে এসেছে অল্পবয়সী কিছু ছেলেমেয়ে। নদী ঠিক আগের মতোই। ওইখানে ছিল একটা না দুটো লালবাড়ি, পাশে বড় মাঠ, ওই আমার ছেলেবেলা। সন্ধ্যা নামছে। গাড়ির দিকে এগোচ্ছি। হঠাৎ মনে হলো, এই তো পাঁচিলঘেরা সেই বাড়ি। একবার দেখে যাই না কেন? আর কখনো ছেলেবেলার খোঁজে এখানে আসব না হয়তো। ফটক খুলে ভেতরে ঢুকলাম। কোনো সাড়া নেই, নিস্তব্ধ সব। দোরঘণ্টি বাজালাম। যেন কেউ এসে দরজা খুলে দিলেই আমি আবার ফিরে যেতে পারব ছেলেবেলার সেই ঘরে। আমার বাবা মেসবাহউদ্দিন খান ১৯৫৪ সালে চাকরি পান চট্টগ্রাম বন্দরে। আমার জন্ম হয়েছিল নানা বাড়ি ঢাকার স্বামীবাগে। ১৯৫৬ সালের এক দিন আমার নানি আমাকে নিয়ে রওনা হলেন চাঁটগা। ১৯৫৬ সালে বাবা ও তাঁর বন্ধু প্রকৌশলী শামসুজ্জামানকে অভয়মিত্রঘাটে একটি বাংলো বরাদ্দ করা হয়। আমি আসার কয়েকদিন পরই আম্মা এসেছিলেন ছোট দুইভাইকে নিয়ে। তারপর নানি চলে গেলেন। এর মধ্যে এক দিন পরিচয় হলো বুলবুল আর জলির সঙ্গে, বাসার সামনে ব্যাডমিন্টন খেলতে গিয়ে। বুলবুল আমার প্রথম বন্ধু, জলি প্রথম বান্ধবী। পাশে ছিল কিন্ডারগার্টেন স্কুল। আমাকে পাঠানো হলো সেখানে। প্রথম দিন বসিয়ে দেওয়া হলো একেবারে প্লেগ্রুপে। নাশতার ছুটির সময় মনে আছে একদল ছেলেমেয়ে হইচইয়ে মেতেছে, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। স্কুলের পাশেই কর্ণফুলী নদী। সাম্পান যাচ্ছে, মাঝে পালতোলা নৌকা, ছোট ছোট টাগবোট। প্রথম স্কুল নিয়ে স্মৃতি এতটুকুই। অভয়মিত্রঘাটে আমরা বেশিদিন ছিলাম না। বাসা নিলাম আসকারদীঘির পাড়ে, জামাল খান লেনে। এ বাসায় সাপের উপদ্রব ছিল খুব বেশি। মাথার ওপর বেড়ার আচ্ছাদন থেকে সাপ বেরিয়ে এসেছিল! একবার অভয়মিত্রঘাটের সেই মাঠে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় আমিও ছিলাম। শব্দ হওয়া মাত্র দৌড় দিলাম। বেশ কিছুক্ষণ পর পেছন ফিরে থাকালাম। সে মুহূর্তে কে যেন আমাকে উল্লাসে কোলে তুলে নিলেন। অর্থাৎ আমি প্রথম হয়েছি। আবার বাসাবদলের পালা। এবার মোমিন সড়কে। এ বাসায় ইউনুস চাচার ছেলে বাবলুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে আমার তৃতীয় বন্ধু। এখানেও বেশিদিন ছিলাম না। এলাম পাঠানটুলি। জাহাঙ্গীর চাচা সরকারি স্যার আশুতোষ কলেজে চাকরি করতেন। কলেজ ছুটির সময় তিনি আমাদের বাসায় এসেছিলেন। সঙ্গে এনেছিলেন বড় বড় পেয়ারা। কাঞ্চনগরের পেয়ারার সঙ্গে আমার প্রথম পরিচয়। এত বড় সুন্দর আর সুস্বাদু পেয়ারা আগে দেখিনি। ১৯৫৮ সালের শেষের দিকে আব্বা বাসা পেলেন সল্টগোলায়। বন্দর আবাসিক এলাকায় বিশাল বাংলো। ১৯৮৬ সালে আব্বা অবসর নেওয়ার আগপর্যন্ত আমরা সেখানেই ছিলাম। পাঠানটুলি থেকে মালপত্র আনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ঘুম ভাঙল জাহাজের ভেঁপু শুনে। বারান্দায় দাঁড়িয়ে দেখি কর্ণফুলী নদীর জেটিতে ধীরে ধীরে একটি জাহাজ ভিড়ছে। সেই আমার প্রথম জাহাজ দেখা। বাসায় এসে জানলাম ভালো থাকা কাকে বলে। আব্বার জীবনে স্থিতি এসেছে। তাঁর মনে হলো ছেলের প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। ঠিক হলো পোর্টের সেই ১ নম্বর প্রাইমারি স্কুলে ভর্তি করে দেবেন। ভর্তি করিয়ে দেওয়া হলো একেবারে তৃতীয় শ্রেণীতে। শ্রেণীকক্ষের সামনে এসে দাঁড়িয়েছি। একঝাঁক ছেলেমেয়ে এগিয়ে এলো। মর্জিনা নামের একটি মেয়ে অভিভাবকের ভঙ্গিতে এগিয়ে এসে আমাকে ক্যাট, ডগ জাতীয় কিছু বানান জিজ্ঞাসা করল। বাধ্য ছেলের মতো আমি তা বললাম। স্কুলে বন্ধু-বান্ধব জুটল অনেক। মনে আছে গোলাম কবির ও হুমায়ুন কবির—দুই ভাইয়ের কথা। তাদের ডাকতাম গোলমাল কবির আর হনুমান কবির নামে। এসময় আমার মহসিন নামে এক পরম বন্ধু জুটে যায়। মহসিন হালিশহরে থাকত। চাঁটগাইয়া ভাষায় কথা বলে। নাক দিয়ে অনবরত সর্দি ঝরে। প্যান্টটা দড়ি দিয়ে আটকানো। হালিশহর থেকে সে আমাদের বাসায় আসত। তারপর একসঙ্গে হেঁটে স্কুলে যেতাম। একটা ঘটনা মনে পড়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ধারা বর্ণনার জন্য একটি ছেলে ও একটি মেয়ে দরকার। আমাকে নির্বাচন করা হলো। মেয়ে নির্বাচিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এআর মল্লিকের ছোট মেয়ে রানা। ক্লাস এইটের ছাত্রী। নাচ-গানের জন্য আরও কয়েকজন মেয়েদের নির্বাচন করা হয়। মুন্নী, দিলরুবা, শীলাসহ অনেককে। শীলাকে এখনো চিনি, কারণ সে আমার কলেজের বন্ধু উদয়ের ছোট বোন ও আমার প্রিয়ভাজন কবি আবুল মোমেনের স্ত্রী। তাদের বড় মেয়ে মৃত্তিকা আমার ছাত্রী। সেবারের অনুষ্ঠানটি বেশ জমেছিল। সেটিই ছিল চট্টগ্রামে আমার শেষ অনুষ্ঠান।