ঘুমধুমে বন ঘেঁষে ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সংরক্ষিত বন ঘেঁষে অবৈধভাবে ভাটা তৈরি করে ইট পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। পরিবেশ আইন অনুযায়ী, সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও এ নিয়ে পরিবেশ অধিদপ্তর বা প্রশাসনের কোনো মাথাব্যথা নেই।
২ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিন দেখা গেছে, মিয়ানমার সীমান্ত জনপদ ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু ফাত্রাঝিরি এলাকার সংরক্ষিত বনাঞ্চলে পাশে প্রায় পাঁচ একর পাহাড়ি ভূমিতে স্থাপন করা হয়েছে ‘এবি’ নামের ইটভাটাটি। এতে পদে পদে আইন লঙ্ঘন করা হচ্ছে। ভাটার চারপাশে স্তূপ করে রাখা আছে বনাঞ্চল থেকে সংগ্রহ করা অসংখ্য জ্বালানির কাঠ। এসব কাঠে পোড়ানো হচ্ছে ইট। এ ছাড়া ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি মজুত করা হচ্ছে। আর ভাটার ড্রাম চিমনি দিয়ে অবিরত বের হচ্ছে কালো ধোঁয়া।
ভাটার শ্রমিকেরা জানান, গত বছর ইটভাটাটি তৈরি করেন কক্সবাজারের উখিয়ার বাসিন্দা নুরুল হক। গত ১ জানুয়ারি থেকে তাঁরা (শ্রমিকেরা) এই ভাটায় দৈনিক মজুরিতে ইট উৎপাদন করছেন।
ইটভাটার ব্যবস্থাপক (ম্যানেজার) আমান উল্লাহ বলেন, ‘সকলের সঙ্গে সু-সম্পর্ক রেখেই জঙ্গলের পাশে ইটভাটাটি তৈরি করা হয়েছে। গত এক মাসে এই ভাটা থেকে প্রায় আট লাখ ইট বিক্রি হয়েছে।’
ধুমধুম ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল কান্তি চাকমা ও সুব্রত বড়ুয়া জানান, অবৈধ ইটভাটার কারণে পরিবেশের পাশাপাশি বনাঞ্চল উজাড় হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ইটভাটাটি বন্ধের ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বন কর্মকর্তাদের স্মারকলিপি দেওয়া হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজন জানান, ইটভাটার চারদিকে সবুজ বনাঞ্চল ও পাঁচ শতাধিক লোকজনের বসতিপূর্ণ গ্রাম। প্রকাশ্য দিনদুপুরে বনাঞ্চলের গাছ পুড়িয়ে ভাটায় লাখ লাখ ইট তৈরি হলেও কেউ বাধা দিচ্ছে না। অথচ ভাটার পাশে বন বিভাগের রেজু বনবিট কর্মকর্তার কার্যালয়।
রেজু বনবিট কর্মকর্তা মো. ছৈয়দ আলম জানান, বনাঞ্চলের ভেতরে ইটভাটা তৈরি হলেও তা উচ্ছেদের ক্ষমতা তাঁদের নেই। পরিবেশ অধিদপ্তর ইটভাটা স্থাপনের অনুমতি দেয়। আবার উচ্ছেদও করে তারা।
তবে এই ইটভাটায় ব্যক্তি মালিকানাধীন সামাজিক বনায়নের গাছ পোড়ানো হচ্ছে।
এ ব্যাপারে কথা হয় ভাটার মালিক নুরুল হকের সঙ্গে। তিনি জানান, ঘুমধুম ইউনিয়নটা বন জঙ্গলে ভরা। এলাকার লোকজনের সুবিধার্থে বনাঞ্চলের পাশে ইটভাটাটি তৈরি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে নিজের মালিকানাধীন জায়গায় ভাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে তিনি ছাড়পত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাঠ পুড়িয়ে ইট তৈরি প্রসঙ্গে নুরুল হক বলেন, দুর্গম এলাকায় ইট তৈরির বিকল্প অন্য কোনো ব্যবস্থা নেই।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের ভেতরে ইটভাটা স্থাপন আইনগতভাবে নিষিদ্ধ। ঘুমধুম জঙ্গলে ইটভাটা স্থাপনের জন্য কাউকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটার বিপরীতে লাইসেন্স পাওয়া যায় না। দুর্গম এলাকা বলে অবৈধ ইটভাটা নজরদারিতে রাখা সম্ভব হচ্ছে না। শিগগির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।