ঘুমপাড়ানি মাসি-পিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়ার আলোকচিত্রী কুইনি লিয়াও নিজের সন্তানের ঘুমের জগৎকে সাজিয়েছেন নানা কল্পনায়। শিশুর ঘুমের সময়টায় তার আশপাশ সাজিয়ে সে সবের ছবি তুলেছেন এই শিল্পী।
ক্যালিফোর্নিয়ার আলোকচিত্রী কুইনি লিয়াও নিজের সন্তানের ঘুমের জগৎকে সাজিয়েছেন নানা কল্পনায়। শিশুর ঘুমের সময়টায় তার আশপাশ সাজিয়ে সে সবের ছবি তুলেছেন এই শিল্পী।

‘ঘুমপাড়ানি মাসি-পিসি মোদের বাড়ি এসো/ খাট নেই পালং নেই পিঁড়ি পেতে বস’। এমন ছড়া গানের চিরায়ত কথাগুলো আজও মায়েদের মুখে মুখে ফেরে। নতুন করে লিখতে হলে হয়তো এর অনেক কথাই পালটে ফেলতে হতো! আজকের দুনিয়ায় খাট-পালংয়ের অভাব না হলেও দিন দিন ছোট হয়ে আসা একক পরিবারে ঘুমপাড়ানি মাসি-পিসিরাই বিরল। কিন্তু শিশুকে সময়মতো ঘুমপাড়াতে হবে। কেননা শিশুর জন্য ঘুম খুবই জরুরি।

রাতে ভালো ঘুম হলেই সকালটা ‘শুভ হয়’ এবং ঘুমন্ত অবস্থায় শিশুর মস্তিষ্কের প্রয়োজনীয় বিকাশ ঘটে বলে সে নিজেকে দিনের জন্য প্রস্তুত করতে পারে, সারা দিন শিখতে পারে। কিন্তু শিশুরা রাতের ঘুমের বিষয়টাও আপনা আপনি শেখে না। হামাগুড়ি দেওয়া বা হাঁটা শেখানোর মতো করেই ঘুমানোর অভ্যাসটাও শিশুকে শেখাতে হয়। শিশুকে নিয়মিত রাতের ঘুমের অভ্যাস করানোর সাতটি পরামর্শ তুলে ধরা হলো এখানে।

ঘুমের পরিবেশ
ঘরে ঘুমের পরিবেশ তৈরি করুন। বাতি নিভিয়ে দিন বা আলো কমিয়ে ফেলুন। খেয়াল রাখুন ঘরে যাতে বেশি গরম বা বেশি ঠান্ডা না থাকে। ঘরের এমন পরিবেশই শিশুকে অভ্যস্ত করবে যে এ অবস্থায় ঘুমিয়ে যেতে হবে।

রুটিনটাই আসল
প্রতিদিনই নির্দিষ্ট সময়ে একই অভ্যাসের এই রুটিনেই শিশু বুঝতে শুরু করবে যে এখন রাতের বেলা। আর ঘুম পাড়ানোর আগে হাত-পা-মুখ ধোয়ানো, তেল বা ক্রিম মাখানো, বিছানায় শুইয়ে বা কোলে নিয়ে ঘুমপাড়ানি গান শোনানোর প্রতিদিনের অভ্যাস বুঝতে পারে শিশুরা। এতে শিশুরা পরিচ্ছন্ন ও তরতাজা অনুভব করে এবং ধীরে ধীরে ওরা বুঝতে পারে এই আদর-যত্নটার সঙ্গে ঘুমিয়ে পড়ার যোগ আছে।

সময় বেঁধে নিন
রাতে ঘুম পাড়ানোর রুটিন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিশুর সারা দিনের হিসাবটাও জরুরি। সকালে ঘুম থেকে ওঠার পর কাউকে নিয়ে খেলা, হাঁটাহাঁটি, বেড়ানো বা শিশুর জন্য এমন ‘সক্রিয় থাকার সময়’ আর চুপচাপ কোলে নিয়ে ঘোরাঘুরি বা শিশুকে একা একা থাকতে দেওয়ার মতো ‘নিষ্ক্রিয় থাকার সময়’ বুঝতে দিতে হবে শিশুকে। এভাবেই সে বুঝতে শুরু করবে কখন ঘুমাতে হবে।

রুশ মাত্রুশকা পুতুলের মধ্যে আলোকচিত্রী কুইনি লিয়াওয়ের ছেলে ভেনগেন। তাঁর ‘ভেনগেন ইন ওয়ান্ডারল্যান্ড’ সিরিজের কাজ।
রুশ মাত্রুশকা পুতুলের মধ্যে আলোকচিত্রী কুইনি লিয়াওয়ের ছেলে ভেনগেন। তাঁর ‘ভেনগেন ইন ওয়ান্ডারল্যান্ড’ সিরিজের কাজ।



রাত আর দিন
রাতের বেলায় আর দিনের বেলায় ঘরের পরিবেশ যেন আলাদা থাকে এর দিকে খেয়াল রাখুন। সকালে ঘরের দরজা-জানালা খুলে দিন। প্রাকৃতিক আলো-বাতাস আসতে দিন। এভাবে শিশু বুঝতে পারবে দিনের আলো মানে এখন খেলার সময়। রাতের আঁধার মানে এখন ঘুমানোর সময়। একইভাবে রাতে ঘুমের সময়ের আগে আগে নিজেরাও একটু চুপচাপ থাকুন আর শিশুর সঙ্গে কম আহ্লাদ করুন, যাতে সেও বুঝতে শুরু করে যে এখন খেলা যাবে না, ঘুমাতে হবে।

নিজে নিজের আরাম খুঁজুক
সব শিশুই রাতে হঠাত্ ঘুম থেকে জেগে ওঠে। এটাই স্বাভাবিক। এমন হলে সব সময় তক্ষুনি তটস্থ হবেন না, ছুটে কাছে যাবেন না। একটু দূর থেকেই লক্ষ করুন। দেখুন সে নিজে নিজে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করে কি না। এভাবে আস্তে আস্তে শিশু নিজেই নিজের আরাম খুঁজে নিতে পারবে। এভাবে শিশুর অভ্যাস গড়ে উঠবে।

ঘুমের জগতে ছবি আঁকছে ভেনগেন। আলোকচিত্রী কুইনি লিয়াওয়ের ‘ভেনগেন ইন ওয়ান্ডারল্যান্ড’ সিরিজের কাজ।
ঘুমের জগতে ছবি আঁকছে ভেনগেন। আলোকচিত্রী কুইনি লিয়াওয়ের ‘ভেনগেন ইন ওয়ান্ডারল্যান্ড’ সিরিজের কাজ।

শোয়ারভঙ্গি বদল, বাড়ার লক্ষণ
শিশুরা ঘুমের মধ্যেই এপাশ-ওপাশ করে। শোয়ারভঙ্গি বদল করে। খেয়াল রাখুন যাতে শোয়ারভঙ্গিটি কষ্টকর হয়ে না যায়। শোয়ার আরামটা নিশ্চিত করার চেষ্টা করুন। আধুনিক প্যামপার্স বা যে কাপড়ই পরানো থাকুক, খেয়াল রাখুন যাতে শিশুর শরীর পরিচ্ছন্ন থাকে।

শিশুরা এ সময় বাড়তে থাকে। শিশুর দিনের আর রাতের খাবারও এখন আগের চেয়ে বেশি লাগবে। সেটা খেয়াল রাখুন। আর দাঁত ওঠার সময় হলেও শিশুর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই দাঁত ওঠার ব্যথা কমাতে শিশুকে কিছু কামড়াতে দিন। এতেও ওর ঘুমের আরাম হাবে।

বাস্তববাদী হন
ইতিবাচক মনোভাবে থাকুন এবং নিজের মনের ওপর ভরসা রাখুন। আপনার শিশুর ঘুমের অভ্যাস ডায়েরিতে লিখে রাখার অভ্যাসেও কাজে আসতে পারে। এভাবে হয়তো আপনি আপনার শিশুর ঘুমের অভ্যাসটা বুঝতে পারবেন। আরেক শিশুর জন্য যা কার্যকর তা আপনার শিশুর ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনাকে বুঝতে হবে প্রতিটি শিশুই আলাদা।