
ছুটি শেষে স্কুল খুলতে শুরু করেছে। তার ওপর যোগ হয়েছে দাওয়াতের মৌসুম। প্রতিদিনই থাকছে কোনো না কোনো দাওয়াত। সব মিলিয়ে শিশুর ঘুমানোর সময়ের একটা হেরফের তো হয়ই। রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে ঘুম থেকে তোলা—মা-বাবার জন্য বেশ ধকলই বটে। ছুটিতে অনিয়ম হয়, রুটিনে একধরনের ছেদ পড়ে। টানা অনেক দিনের অনিয়মের পর হঠাৎ করে সঠিক সময়ে ঘুম, সকালে ঘুম থেকে ওঠা, পুষ্টিকর খাবার খাওয়া—মোটকথা, পুরোনো সেই রুটিন আবার মেনে চলতে গিয়ে ঘটে বিপত্তি।
কেন এ সমস্যা?
অনেক শিশুই ছুটিতে কাটানো সময়গুলোর কথা ভেবে মন খারাপ করে, পড়াশোনায় মন বসে না, সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে ইচ্ছা করে না—সবকিছুতেই কেমন যেন একটা অন্যমনস্ক ভাব আর পুরোনো রুটিনে ফিরে যাওয়ায় অনীহা দেখা যায়। মনোবিজ্ঞানের ভাষায় একে ‘ভ্যাকেশন ব্লু’ বা ‘পোস্ট ভ্যাকেশন ব্লু’ বলা হয়। এ সময় শিশুরা কিছুটা হতাশায় ভোগে। আর টানা বেশ কিছুদিন আনন্দময়, বাধ্যবাধকতাহীন একটা সময় কাটানোর পর আবার নিয়মিত রুটিনে ফিরতে অনীহা বোধ করে।
যা করা যেতে পারে
সন্তানকে আবার নিয়মমাফিক চলতে সাহায্য করার দায়িত্ব বাবা-মায়েরই। ছোট ছোট কিছু উদ্যোগ নিলেই এ সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন বারডেম জেনারেল হাসপাতালের সাবেক শিশুবিশেষজ্ঞ তাহমিনা বেগম। তিনি বাবা-মায়ের জন্য দিলেন কিছু পরামর্শ—
*ছুটিতে থাকার সময় সন্তানকে পুরোপুরি বাঁধনছাড়া চলতে দেওয়া যাবে না। নিয়ম তখনো থাকবে, তবে কিছুটা শিথিল। রাত ১০টার মধ্যে না ঘুমিয়ে সর্বোচ্চ ১২টার মধ্যে ঘুমাতে যাওয়া, ৬টায় ঘুম থেকে ওঠার বদলে ৮টায় ওঠা ইত্যাদি।
*ছুটি কাটানোর সময় বাচ্চাকে এটা বোঝানো যে কাজের মতো ছুটিটাও জীবনের অংশ। সারা বছর সে অনেক কষ্ট করেছে, ঠিকমতো পড়াশোনা করেছে আর তাই সে এখন ছুটি কাটাচ্ছে। কিছুদিন পর আবার ব্যস্ততা শুরু হবে, এরপর আবার ছুটি। এভাবেই চক্রটা চলবে।
*সন্তান বারবার মন খারাপ করলে বা অন্যমনস্ক হয়ে পড়লে তার সঙ্গে কথা বলে, গল্প করে অনুপ্রেরণা দিতে হবে। তাকে বলতে হবে, সে যদি নতুন বছরটাও এভাবে নিয়মমতো চলে, আগামী ছুটিতে আরও বেশি মজা করতে পারবে, নতুন কিছু শিখবে।
*শিশুর জন্য মা-বাবাকেও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে। পুরো পরিবার একই নিয়মে চললে সেটা সবার জন্যই ভালো। মা-বাবা যদি নিজেরাই দেরি করে ঘুম থেকে ওঠেন, তাহলে সন্তানকে ঘুম থেকে তোলার কাজটি আরও কঠিন মনে হবে।