ঘুমের বারোটা বাজায় যে অভ্যাস
সুস্বাস্থ্যের জন্য সুনিদ্রার কোনো বিকল্প নেই। কিন্তু কিছু বাজে অভ্যাসের কারণে গভীর ঘুম হয় না। গবেষকদের পরামর্শ হচ্ছে, ভালো ঘুমের জন্য বাদ দিতে হবে কিছু অভ্যাস।
ঘুমানোর আগে কফি
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের হেনরি ফোর্ড হাসপাতালের স্লিপ ডিজঅর্ডার অ্যান্ড রিসার্চ সেন্টারের গবেষকেরা বলেন, ঘুমানোর ছয় ঘণ্টা আগে ৪০০ মিলিগ্রাম বা দুই-থেকে চার কাপ কফি পান করলে এক ঘণ্টা পর্যন্ত ঘুম কম হতে পারে। তাই বিকেল পাঁচটার আগেই কফি পান করে ফেলা উচিত।
ঘুমানোর আগে মোবাইল স্ক্রিন
ঘুমানোর আগে মোবাইল ফোনের মতো যন্ত্র ব্যবহার করলে তা থেকে নির্গত আলো মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা সৃষ্টি করে। রাতে মোবাইল ব্যবহার করতে হলে চোখের সামনে থেকে ১৪ ইঞ্চি দূরে ধরুন এবং স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে একেবারে সর্বনিম্ন স্তরে রাখুন। মায়ো ক্লিনিকের এক গবেষণায় দেখা গেছে, চোখে আলোর ক্ষতিকর প্রভাব ঠেকাতে এই দুটি পদক্ষেপ নিলে ঘুমের সমস্যা কেটে যায়।
রাতের খাবার সঙ্গে সঙ্গে ঘুম
যখন ভরা পেটে কেউ ঘুমাতে যান, তখন হরমোন নিঃসরণ বাড়ে এবং শরীর যখন বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়নি তখনই বিছানায় গেলে ঘুমের সমস্যা হয়। ঘুমাতে যাওয়ার তিন থেকে চার ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া উচিত।
সিগারেটে ঘুম কমে
অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীরা কম ঘুমায়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতিটি সিগারেটে সঙ্গে এক মিনিট দুই সেকেন্ড করে ঘুম কম হয়। ধূমপান ছেড়ে দিলে ঘুম ভালো হয়।
সূত্র: হাফিংটন পোস্ট