ঘুমের বড়ি থেকে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম ভালো না হলে আপনি কি চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজে নিজে ঘুমের বড়ি কিনে খান? তবে সতর্ক হয়ে যান এখনই। কারণ, এটা হয়তো আপনার অজান্তেই মারাত্মক স্বাস্থ্যহানি ঘটাচ্ছে। যুক্তরাজ্যের রয়্যাল ফার্মাসিউটিক্যালস সোসাইটি এই সতর্কবাণী উচ্চারণ করেছে। সোসাইটির মতে, অনিদ্রায় ভোগে—এমন মানুষের প্রায় অর্ধেকই কোনো প্রকার ডাক্তারি পরামর্শ ছাড়া নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে সেবন করে থাকে। তবে তাদের বেশির ভাগের ক্ষেত্রেই দেখা যায়, ঘুমের ব্যাঘাত ঘটছে অন্যান্য শারীরিক বা মানসিক স্বাস্থ্যগত সমস্যার কারণে। সোসাইটি দুই হাজার ৭৭ জনের ওপরে একটি জরিপ চালিয়েছে। এতে অংশ নেওয়া ব্যক্তিদের ৩০ ভাগ বলেছে, ডাক্তারি পরামর্শ ছাড়াই তারা এক মাসেরও বেশি সময় ধরে ঘুমের বড়ি সেবন করেছে। আর ১৪ ভাগ বলেছে, তারা এভাবে ছয় মাস পর্যন্ত ঘুমের বড়ি সেবন করেছে। ঘুমের বড়ির মাত্রাতিরিক্ত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে ফার্মাসিস্ট পল জনসন বলেন, হালকা অনিদ্রার ক্ষেত্রে এগুলো স্বল্প মেয়াদে কাজ দেয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘ মেয়াদে ঘুমের বড়ি ব্যবহার করলে তা দেহের সমস্যাগুলোকে চাপা রাখে। বিবিসি।