ঘুমের সমস্যায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপস-এর আয়োজনে ঘুমের সমস্যায় স্বাস্থ্যঝুঁকির নানান দিক তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
ফিলিপস-এর আয়োজনে ঘুমের সমস্যায় স্বাস্থ্যঝুঁকির নানান দিক তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

ঘুমের সমস্যা কাটিয়ে প্রাত্যহিক জীবন স্বাভাবিক ও রোগহীন করার জন্য ঢাকায় ৩০টি স্লিপিং ল্যাব চালু করতে যাচ্ছে ফিলিপস হেলথ কেয়ার। নাগরিক জীবনে অব্যাহত দূষণের কারণে মানুষের ঘুমের সমস্যা হচ্ছে। একই সঙ্গে ঘুমের সমস্যা থেকে তৈরি হচ্ছে হূদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক চাপের মতো সমস্যা। এসব থেকে মুক্ত হতে সহায়তা করতে এখানে মিলবে চিকিৎসাও।

রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশের খ্যাতিমান বক্ষব্যাধি, শ্বাস-প্রশ্বাস ও ঘুমের সমস্যাজনিত রোগ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের অভিজ্ঞতা থেকে এসব সমস্যার কথা তুলে ধরেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ আলী হোসেন, ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জাকির হোসেন সরকার এবং স্কয়ার হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মর্তুজা খায়ের সেখানে ঘুম নিয়ে মানুষের সমস্যার নানান দিক তুলে ধরেন।

বাংলাদেশে ঘুমের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা গত চার-পাঁচ বছর ধরে উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় এ সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছে ফিলিপস ইন্ডিয়া। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশই ঘুমের সমস্যায় আক্রান্ত।

ফিলিপস হেলথ কেয়ার সাউথ এশিয়ার হোম হেলথ কেয়ারের সিনিয়র পরিচালক বিদুর দৌল বলেন, ঘুমের সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করতে চাই। এটি একটি মারাত্মক স্বাস্থ্য-সমস্যা। এর সঙ্গে কার্ডিও-ভাসকুলার ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোক প্রভৃতির গভীর সম্পর্ক রয়েছে।

বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষের অসচেতনতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে নাক ডাকাকে ঐতিহ্যগতভাবে তৃপ্তিদায়ক ঘুমের সহযোগী হিসেবে ভাবা হয়। তাই এখানে একে ঘুম-বিষয়ক একটি অসুস্থতার লক্ষণ হিসেবে মানুষকে সচেতন করাটাই চ্যালেঞ্জিং। তবে সুখবর হচ্ছে চিকিৎসকের সঙ্গে প্রাথমিক পরামর্শের পরই এ সমস্যাটি চিহ্নিত করা যায়।

বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে, ফিলিপস ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঁচটি ঘুম ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল ও স্কয়ার হাসপাতাল। ফিলিপস আগামী পাঁচ বছরে বাংলাদেশে কমপক্ষে ৩০টি ঘুম ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০১৪ সালেই ১০টি ঘুম ল্যাব প্রতিষ্ঠা করা হবে। ফিলিপস ইতোমধ্যেই উপমহাদেশে ২০০ ঘুম ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে। এই ঘুম ল্যাবগুলো চিকিৎসকেদের সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করে। ফিলিপস এ ক্ষেত্রে প্রযুক্তিবিষয়ক সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ দিয়ে থাকে।