ঘুরছে না ইরানের অর্থনীতির চাকা

বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থাপনা আর আন্তর্জাতিক অবরোধ-নিষেধাজ্ঞার প্রভাব যে গুরুতর হয়, তা ইরানের অর্থনীতির দিকে তাকালে বোঝা যায়। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত ইরানের মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকেরা তাই গেল বছর আশার আলো খঁুজেছিলেন হাসান রুহানির মাঝে। তাঁরা বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন সেই রুহানিকে, যিনি বাকি বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের মাধ্যমে দেশের পর্যুদস্ত অর্থনীতিকে টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু রুহানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার অর্ধবছর পার হলেও ইরানের অর্থনীতির চাকা সচল করতে পারেননি। সাধারণ ইরানি নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যে আশায় বুক বেঁধেছিলেন, তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অর্থনীতিবিদেরা বলছেন, গুরুতর তহবিল-সংকটে পড়ছে ইরান সরকার।
এ কথা সত্যি যে প্রেসিডেন্ট রুহানি জাতীয় মুদ্রাকে স্থিতিশীল করা ও মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার মতো কাজগুলোতে কিছুটা হলেও সফলতার মুখ দেখেছেন। পাশাপাশি তিনি পাশ্চাত্যের সঙ্গে অস্থায়ী একটা পারমাণবিক চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছেন, যার ফলশ্রুতিতে কিছু নিষেধাজ্ঞা ও অবরোধের হাত থেকে মুক্ত হয়ে হাঁফ ছেড়ে বেঁচেছে তেহরান। তবে নির্বাচনের সময় রুহানি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা যে গতিতে ঘোরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের ধারেকাছেও যেতে পারেননি আজও। ইরানি অর্থনীতির গায়ে আজ পর্যন্ত সুবাতাস তো লাগেইনি, উল্টো তিনি তাঁর পূর্বসূরি মাহমুদ আহমাদিনেজাদ দায়িত্ব ছাড়ার সময় যে রকম আর্থিক অবস্থায় রেখে গিয়েছিলেন, তার চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। এই কয় মাসে তাঁকে পেট্রোডলারের (অন্য দেশের কাছে তেল বিক্রি করে উপার্জিত মার্কিন ডলার) ঘাটতি এবং কর রাজস্ব হ্রাস পাওয়া কেবলই বসে বসে দেখতে হয়েছে। তাই স্বল্পমেয়াদি পদক্ষেপ নেওয়া ছাড়া রুহানির সামনে সামান্য বিকল্পই অবশিষ্ট ছিল। আর এ ধরনের পদক্ষেপ সব সময় হিতে বিপরীতই হয়ে থাকে। এসব পদক্ষেপ তাঁকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসা লোকজনের জন্য যন্ত্রণাটা কেবল আরও বাড়িয়ে দেবে বলেই ভাবা হচ্ছে।
গত শুক্রবার ছিল ইরানের নববর্ষ। আগের সিদ্ধান্ত অনুযায়ী এদিন দেশটির সরকার জ্বালানি খাতের ভর্তুকি প্রত্যাহার করে নেয়। এতে করে দেশটিতে গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম প্রায় ৯০ শতাংশ বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। পাশাপাশি ৬০ মিলিয়ন ইরানির জন্য মাসে ১২ ডলার করে দেওয়ার যে প্রকল্প এত দিন চালু ছিল, তহবিল-সংকটের কারণে তা বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। এরপর কেবল চরম দরিদ্র সামান্য কিছু মানুষ এ সুবিধা পাবে।
সরকারের এ সিদ্ধান্তে দারুণ হতাশ সাধারণ ইরানিরা। এদেরই একজন স্কেচশিল্পী ফারশিদ ফারশি। কয়েক দিন আগে তিনি ও তাঁর স্ত্রী রাজধানী তেহরানের হাফত-ই-তির চত্বরে হিজাব বিক্রি করছিলেন ও পুলিশ আসছে কি না, তার ওপর কড়া নজর রাাখছিলেন। ফারশি বলেন, ‘বড় আশা করে রুহানিকে ভোট দিয়েছিলাম। কিন্তু আশা পূরণ হয়নি। ব্যবসার অবস্থা এখন গুরুতর খারাপ।’ এই দম্পতির একমাত্র মেয়ে তার আসন্ন জন্মদিনে উপহার হিসেবে একটি পিয়ানো পেয়েছে। তবে এটুকু দাবি মেটানোরও কোনো উপায় নেই বাবা ফারশির। তিনি বলেন, ‘যতই দিন যাচ্ছে, আমি কেবলই বেশি বেশি কাজ করছি, আর উপার্জন কমছে তো কমছেই। এটাই যেন এখন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।’
গত জুন মাসের নির্বাচনের পর এই প্রথম ইরানের সরকার চলতি মাসে ডলার খোলা বাজারে বিক্রি করতে বাধ্য হয়েছে বলে সরকারের ভেতরের লোকজন জানিয়েছেন। অবশ্য সরকারের মুখপাত্ররা দেশটির স্থানীয় মুদ্রা রিয়ালের দাম পড়ে যাওয়ার বিষয়টি হালকা করার চেষ্টা করছেন এই বলে যে এটা সাময়িক ব্যাপার। নববর্ষের ছুটি থাকার কারণে বিদেশি মুদ্রার চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে রিয়ালের দাম পড়েছে। তবে অন্যরা বলছে, অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতার ব্যাপারে মুদ্রাবাজারগুলো ক্রমেই আস্থা হারিয়ে ফেলছে।
এর আগে ২০০৭ সালে যখন গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, তখন বহু মানুষ তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল। বিক্ষোভকারীরা সে সময় এক ডজনের বেশি গ্যাস স্টেশন জ্বালিয়ে দিয়েছিল। আর সর্বশেষ ২০১০ যখন জ্বালানির ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হয়, তখন তেহরানে তেলের দাম এক লাফে চারগুণ বেড়ে যায়।
পরিস্থিতি এখন এমনই যে এমনকি রুহানি প্রশাসনের ঘনিষ্ঠজনেরাও ভর্তুকি তুলে নেওয়ার ফলে যে রাজনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, তা এড়াতে ‘অলৌকিক’ কিছু একটা ঘটার আশায় রয়েছেন। রুহানির উপদেষ্টা হিসেবে কাজ করা অর্থনীতিবিদ সাঈদ লাইলাজ বলেন, তাঁর ভয় হচ্ছে, চলমান বাজেট ঘাটতির মুখে আহমাদিনেজাদ প্রশাসনের মতো এই সরকারও শেষ পর্যন্ত কাগজের নোট ছাপানোর দিকে ঝঁুকতে পারে, যার ফল হতে পারে বিশাল মূল্যস্ফীতি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত মঙ্গলবার দেশের প্রভাবশালী নেতা, রাজনীতিক, আমলা ও সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে অর্থনীতি নিয়ে এমন উদ্বেগের কথাই তুলে ধরেছেন। তিনি দেশের গরিব জনগোষ্ঠীর দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে তিনি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সম্পদের সমবণ্টনের প্রতি গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট রুহানি যেখানে দেশের অর্থনীতিকে টেনে তুলতে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও ব্যবসা-বাণিজ্য প্রসারে গুরুত্ব দিচ্ছেন, সেখানে খামেনি মূলত স্বনির্ভরতা অর্জনের ভিত্তিতে একটি সমান্তরাল অর্থনীতির জন্য পরিকল্পনার ছক কষছেন। এটাকে তিনি বলছেন, ‘প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন অর্থনীতি’, যেখানে দেশ বেশির ভাগ ক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জন করবে।
তেহরানভিত্তিক একজন বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক দশক ধরে বিভিন্ন সরকার দেশের অর্থনীতিকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে আসছে। তবে সব সরকারই উপলব্ধি করেছে, এটা অসম্ভব না হলেও অন্তত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কঠিন একটা ব্যাপার। তিনি বলেন, ‘আমাদের সমস্যাগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে পদ্ধতিগত। এগুলো নিয়ে মাঝেমধ্যে জল ঘোলা করা ছাড়া সত্যিকারের কোনো সমাধান আসলে নেই।’
সূত্র: নিউইয়র্ক টাইমস