ঘুরতে ঘুরতে চীনা খাবার
খেতে বসেছেন। হঠাৎ পায়ের নিচের কাঠের পাটাতন ঘুরতে শুরু করল। এই দেখলেন বাইরে এক দৃশ্য। একটু পরেই হয়তো বদলে গেল তা। মানে ঘুরছেন আপনি! কী, অবাক লাগছে? মেইনল্যান্ড চায়না রেস্টুরেন্টে খেতে গেলে এমন মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে। আর ১৩ তলার ওপর থেকে ঢাকা শহর দেখার অভিজ্ঞতা তো থাকছেই।ঢাকা থেকে যেতে উত্তরা ৩ নম্বর সেক্টরের মূল সড়কের পাশেই ১৩ তলা এক দালান। এর ছাদেই মেইনল্যান্ড চায়না। নামের সঙ্গে মিল রেখে এখানকার খাবারও খাঁটি চীনা। তবে রেস্তোরাঁটির মালিকানা চীনা নয়, ভারতীয়। দেশের বাইরে ঢাকাতেই মেইনল্যান্ড চায়নার প্রথম আন্তর্জাতিক শাখা। অথেনটিক চায়নিজ কেন বলছেন? ব্যবস্থাপক সত্যজিৎ দাস বলেন, ‘চায়নিজদের মূল রেসিপিগুলো আমাদের এই অঞ্চলের মানুষ ঠিক খেতে পারে না। তাই সবাই এটার সঙ্গে থাইসহ বিভিন্ন খাবার মিশিয়ে অন্য রকম করে ফেলে। আমরা চীনের বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা স্বাদ তুলে এনেছি এখানটায়, সামান্য এদিক-সেদিক করে। তবে একেবারে ভিন্ন স্বাদ মেশানো হয়নি। সে জন্যই অথেনটিক চায়নিজ খাবার বলছি আমরা।’লিফট দিয়ে উঠতেই আপনাকে অভ্যর্থনা জানাবে গোলাকৃতির এক কাঠের ফ্রেম। সোজা তাকালে চায়নিজ ড্রাগনের রেপ্লিকা। গোলাকৃতি রেস্তোরাঁর ঠিক মাঝখানে ছয় ফুট লম্বা কয়েকজন প্রাচীন চায়নিজ যোদ্ধা পাহারা দেবেন পুরোটা সময়। তবে তাঁরা আসল নন, ভাস্কর্য! অন্দরসজ্জা থেকে পরিবেশন—সর্বত্রই একটা বনেদি ভাব। গোলাকৃতি রেস্টুরেন্টটিতে চোখ বুলিয়ে ফেলতে পারবেন একনজরেই। একবারে ১২০ জন খেতে পারবেন।আর খাবারদাবার? চীনের হুবাই, ইউনান, সিজুয়ান ও সাংহাই প্রদেশের নানা স্বাদের খাবার পাবেন এখানটায়। সি ফুড, চিকেন, ভেড়ার মাংস—একেকটার স্বাদ একেক রকমের। কোনোটায় ঝাল বেশি, কোনোটায় বা লবণ। জানা গেল, রেসিপিগুলো করা হয়েছে একেকটা চীনা প্রদেশের খাদ্যাভ্যাস মাথায় রেখে। সে কারণেই এই বৈচিত্র্য।ভারতে ৪৫টির মতো শাখা আছে এই মেইনল্যান্ড চায়নার। ভারতের বাইরে ২০১০ সাল থেকে ঢাকায় চালু আছে রেস্তোরাঁটি। ঘূর্ণায়মান রেস্টুরেন্টে বসে রাতের ঢাকা দেখা আর অথেনটিক চায়নিজ খাবারের স্বাদ একসঙ্গে পেতে আজই চলে যেতে পারেন মেইনল্যান্ড চায়নায়।