
অল্প জায়গাতে অনেক মানুষের বসার জায়গা করে দিতে পারে মোড়া। মোড়ার কথা মনে হলেই বাঁশের শলাকা আর প্লাস্টিক দিয়ে নকশা করা ছোট আসবাবের কথা মাথায় আসে। তবে বদলে গেছে সেই মোড়ার ধরনধারণ। নানা রকম উপকরণ আর নকশার কারণে বাইরের বাড়ির মোড়া স্থান করে নিয়েছে অন্দরে। বসার ঘরে কিংবা করপোরেট অফিসের ঝলমলে অন্দরেও মোড়ার প্রচলন দেখা যাচ্ছে। কাঠ, বেত, বাঁশ, পাট, নাইলন, কার্পেট, চামড়া ও ফোম দিয়ে তৈরি হচ্ছে আধুনিক মোড়া।
মোড়াতে স্বস্তি
বাসায় অতিথি এলে তাঁকে পিঁড়ি পেতে দেওয়ার প্রচলন ছিল গ্রামে। সেখানেই এখন নানা রকম প্লাস্টিকের মোড়ার প্রচলন দেখা যায়। বসার জায়গাটি জুতসই না হলে স্বস্তি পাওয়া যায় না। ফোমে ঢাকা আধুনিক মোড়া দিতে পারে বসার সেই স্বস্তি। মোড়াগুলো যেহেতু সহজেই স্থান পরিবর্তন করা সম্ভব, তাই যখন যেখানে প্রয়োজন, সেভাবেই ব্যবহৃত হচ্ছে। বসার ঘরে সোফায় সব অতিথির জায়গা হচ্ছে না? ঝট করে পাশে কয়েকটি মোড়া পেতে দিন। তেমনি খাওয়ার সময় টেবিলে একসঙ্গে সবার জায়গা না হলে কয়েকটি মোড়া যুক্ত করে দিলেই চলে। ফ্ল্যাটের ছোট বারান্দার এক কোণে বসার ব্যবস্থাও করা যায় কয়েকটি মোড়া দিয়ে।

বিচিত্র উপকরণ
বাহারি ব্যবহারের জন্য বাজারে আছে নানা উপকরণের মোড়া। বাজার ঘুরে দেখা গেছে
বেত ও বাঁশের তৈরি মোড়া যেমন আছে, তেমনি নাইলন, স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের মতো কৃত্রিম উপকরণে তৈরি মোড়াও আছে। কাপড় বা কৃত্রিম চামড়ার মোড়াও দেখা গেল।
l বেতের মোড়ার চাহিদা ও জনপ্রিয়তা দুটোই বেশি। এতে রয়েছে নান্দনিক নকশা। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এসব মোড়া। বেতের মোড়ার নকশায় একেকটা একেক রকম। কোনোটা পেঁচানো সিঁড়ি, আঁকাবাঁকা, ফুল-পাতা, বেড়া, ক্রস ইত্যাদি নকশায় বেতের মোড়া পাওয়া যাবে। এখন একটু বড় আকারের মোড়া দেখা যাচ্ছে অনেক দোকানে। বেতের মোড়ার সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সেদ্ধ করে নেওয়ার ফলে ঘুণে ধরার আশঙ্কা কম। বাঁশের সঙ্গে বেতির সংমিশ্রণেও কিছু মোড়া তৈরি করা হয়। বাঁশের তৈরি মোড়াতে বসার জায়গায় বেতি দেওয়া হয়।
l শুধু বেতি দিয়েও নান্দনিক মোড়া তৈরি হচ্ছে। মোড়াগুলোতে নকশা ফুটিয়ে তোলার জন্য চিকন ও মোটা দুই ধরনের বেতি ব্যবহার করা হয়। এসব মোড়া বৈচিত্র্যে ভরা। ছোট, বড় ও মাঝারি—তিন আকারে পাওয়া যায় বেতির মোড়া।
l নাইলনের মোড়াগুলো নাইলন ও বেতির মিংশ্রণে তৈরি করা হয়। এর ওপরটা নাইলনের এবং নিচের দিকটা চ্যাপ্টা বেতির। দক্ষ হাতের নকশায় নাইলন ও বেতির মিশ্রণ করা হয়। ইচ্ছা করলে এসব মোড়ার ওপরে গদি ব্যবহার করা যায়। কুশন দিয়েও বসা যায়।
l দিন দিন প্লাস্টিকের মোড়ার ব্যবহার বাড়ছে। ছোট, মাঝারি ও বড়—আপনার চাহিদামতো আকারের প্লাস্টিকের মোড়া বর্তমানে পাওয়া যাচ্ছে। এসব মোড়া বেশ হালকা। নকশায়ও রয়েছে বৈচিত্র্য। সবুজ, নীল, কালো, লাল, বেগুনিসহ প্লাস্টিকের মোড়ায় বাহারি রং।
l এক টুকরা শক্ত মোটা প্লাস্টিকের চারদিকে ফোম ব্যবহার করে গোল, ডিম্বাকৃতি, ত্রিভুজ, চার কোনা, খাঁজকাটা ইত্যাদি নকশার মোড়া তৈরি করা হচ্ছে। এসব মোড়ার বাইরের আবরণ দেওয়া হয় চামড়া, কার্পেটের টুকরা বা নরম কাপড়ে। করপোরেট অফিসে এই ধরনের মোড়ার প্রচলন বেশি। বাসাবাড়িতেও সোফার পাশে এমন মোড়া রাখা যেতে পারে।
দরদাম
আকার মানের ভিন্নতার ওপর মোড়ার দাম নির্ভর করে। বেতের মোড়ার দাম ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মতো। বাঁশের মোড়া ১০০ থেকে ৭৫০ টাকার মধ্যে। বিভিন্ন সাইজের বেতির মোড়া মিলবে ১৫০ থেকে ৬০০ টাকায়। নাইলনের ছোট মোড়ার দাম ১৮০ থেকে ৪০০ টাকা। বিভিন্ন আকারে প্লাস্টিকের টুল পাবেন ১৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে।
কোথায় পাবেন
রাজধানী ঢাকাসহ সব জেলা ও বিভাগীয় শহরগুলো মোড়া দোকার রয়েছে। চাইলে ক্রেতা নিজের ইচ্ছেমতো অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। আড়ং, যাত্রাসহ সুপার স্টোরে বাহারি ডিজাইনের মোড়া পাওয়া যায়। এ ছাড়া পান্থপথ, গ্রিন রোড, কলাবাগান, যাত্রাবাড়ী, মিরপুর, মালিবাগ, খিলগাঁও, পুরান ঢাকা, রামপুরা, মৌচাক, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় মোড়া পাওয়া যায়।