ঘুরে আসুন মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স
ভূপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৬০০ ফুট উঁচু মিরিঞ্জা পাহাড়। মাথার ওপর নীল আকাশ। প্রতিনিয়ত মেঘ ছুঁয়ে যায় মিরিঞ্জা পাহাড়ের গা। পাহাড়ের নিচে ঝরনাধারা, চূড়ায় আদিবাসীদের (মুরং, ত্রিপুরাসম্প্রদায়ের) টংঘর, সবুজ গাছপালা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশের দর্শনীয় স্থানগুলোর অন্যতম মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স এখন দেশি-বিদেশি পর্যটকের পদচারণে মুখর।পর্যটকদের আকর্ষণ করতে মিরিঞ্জা পাহাড়ের দক্ষিণ প্রান্তে নির্মাণ করা হয়েছে সাড়া জাগানো টাইটানিক জাহাজের ভাস্কর্য। টাইটানিকের চূড়ায় দাঁড়িয়ে মনে পড়বে শত বছর আগের টাইটানিক জাহাজকে নিয়ে তৈরি কাহিনিচিত্র। এখান থেকে দেখা যায় সূর্যাস্তের দৃশ্য, অনেক সময় যা কক্সবাজারের সমুদ্রসৈকতে সূর্য ডোবার দৃশ্যকেও ম্লান করে দেয়।কমপ্লেক্সে পর্যটকদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে সুরম্য গিরিদ্বার ও রেস্ট হাউস-কাম ওয়েটিং শেড বনরত্না। আপনজনকে নিয়ে নির্জনে বসে গল্প করার জন্য আছে দুই স্তরের গোলঘর মালঞ্চ। আছে টেলিস্কোপ ঘর ও প্ল্যাটফর্ম। জোছনারাতে চাঁদ দেখা যাবে গোলঘর থেকে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে মিনি শিশুপার্ক। খাওয়াদাওয়া করা যাবে শিশুপার্কসংলগ্ন অত্যাধুনিক রেস্তোরাঁয়। পূর্ব দিকের জোড়া সবুজ পাহাড় থেকে শোনা যায় প্রায় এক হাজার ফুট গভীর ঝিরি থেকে জল সিঞ্চনের বিরামহীন কলতান। ভ্রমণের সময় দেখা মেলে বনমোরগ, খরগোশ কিংবা মায়াবী বুনো হরিণের ছোটাছুটি। দিনের প্রথম ভাগে এলে এক-দেড় ঘণ্টার মধ্যে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স ঘুরে যে কেউ চাইলেই চলে যেতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্ক অথবা কক্সবাজারে। আর চাইলেই দিনভর থেকে সন্ধ্যায় ফিরতে পরেন লামা বাজারে। সেখানে রাত যাপন করতে পারেন শীতাতপ নিয়ন্ত্রিত মিরিঞ্জা হোটেলে। অল্প খরচে মানসম্মত সেবা পাওয়া যায় এ হোটেলে।১৪ সেপ্টেম্বর কথা হয় খুলনা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে মিরিঞ্জায় আসা রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মিরিঞ্জা এসে আমাদের খুব ভালো লাগছে। এমন মনোরম পরিবেশ আর দেখার মতো দৃশ্য এখানে আছে, তা আগে জানতাম না।মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের উদ্যোক্তা লামা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমান ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমদ। তিনি জানালেন, ২০০৩ সালের সেপ্টেম্বরে ১৬ একর পাহাড়ি ভূমি নিয়ে এ পর্যটন কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। বলেন, ‘আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার জন্য লামা আসার পথে রাস্তার পাশে দেখি বিশাল এক পাহাড়, যা অনেকটা টাইটানিক জাহাজের মতো। দায়িত্ব নেওয়ার পর পাহাড়টি সরেজমিনে দেখে এখানে পর্যটন কমপ্লেক্স করার উদ্যোগ নিই। অনেক ভেবে এর নাম দিলাম “লামা মিরিঞ্জা টাইটানিক পর্যটন কমপ্লেক্স”।’মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের ইজারাদার সোহাগ আহমদ জানান, আগের তুলনায় এখন পর্যটকের সংখ্যা বাড়ছে। তবে পানীয় জলসহ বিভিন্ন সমস্যা রয়েছে। লামার ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘পর্যটন এলাকায় কিছু সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি একটা ঝুলন্ত সেতু ও বাঁধ নির্মাণের।’ কীভাবে আসবেন: চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বাসস্টেশনে নেমে বাস, জিপ, মাইক্রোবাস কিংবা অটোরিকশায় করে ২০ মিনিটে আসা যায় লামা মিরিঞ্জা টাইটানিক পাহাড়ে। আর এখান থেকে লামা বাজারে যেতে সময় লাগবে ১০ মিনিট।