ঘুরে আসুন সাইকেল বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যায়ামের অভ্যাস ধরে রাখতে চান, পাশাপাশি যাতায়াতের ভাড়াও কমাতে চান যাঁরা, সাইকেল তাঁদের জন্য আদর্শ বাহন। ভোরের নিরিবিলি রাস্তায় অথবা ছুটির অবসরে ফাঁকা রাস্তায় সাইকেল চালানোর মজাই আলাদা। তবে সবার আগে সাইকেলটি হওয়া চাই মনের মতো। আর মনের মতো সাইকেল কিনতে হলে নিউমার্কেট এলাকায় সদরঘাট রোডে আসতেই হবে।সদরঘাট রোডের দোকানগুলোয় বিভিন্ন ব্র্যান্ডের শত শত বাইসাইকেল চোখে পড়বে। নিউমার্কেট থেকে সদরঘাট কালীবাড়ি পর্যন্ত বিস্তৃত এই সাইকেল বাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে কর্মচঞ্চল থাকে দিনভর। দেশের অন্যতম বড় এই সাইকেলের বাজার কী করে আর কেনই বা গড়ে উঠল এখানে, সে প্রশ্ন উঁকি দিতেই পারে প্রথমবারের মতো এখানে আসা কোনো ক্রেতার মনে।এখানকার প্রবীণ ব্যবসায়ী ধুরজুটী বর্ধনের কাছে এই বাজার গড়ে ওঠার ইতিহাস জানতে চাইলে তিনি জানান, স্বাধীনতার আগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেশ কিছু সাইকেলের দোকান ছিল। ছৈয়দ মিয়া নামে এক ব্যবসায়ী ১৯৬২ সালে প্রথম সদরঘাট এলাকায় বাইসাইকেলের ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে তাঁর দেখাদেখি অনেকেই এ ব্যবসায় আগ্রহী হন। এভাবে গড়ে ওঠে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় সাইকেলের বাজার।সাইকেলের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বাজারে মূলত চীন ও ভারতের তৈরি সাইকেলের চাহিদা বেশি। চীনের তৈরি সাইকেল তিন হাজার ১০০ থেকে আট হাজার টাকায় বিক্রি হয়। ভারতের তৈরি হিরো রেঞ্জার ম্যাক্স চার হাজার থেকে ছয় হাজার টাকায় পাওয়া যায়। মালয়েশিয়া ও তাইওয়ান থেকে আসা বিভিন্ন ব্র্যান্ডের সাইকেলেরও চাহিদা রয়েছে এখানে।বাইক-কম দোকানের ম্যানেজার পিন্টু চৌধুরী জানান, তাঁর দোকানে ফ্রি স্টাইল, রেসিংসহ সব ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায়। তাইওয়ানের তৈরি প্রো-বাইক, পাইথন বাইসাইকেলের দাম অপেক্ষাকৃত বেশি হলেও মান ভালো। অ্যালুমিনিয়ামের তৈরি প্রো-বাইক পাইথন বিক্রি হয় ১০ হাজার থেকে ৬৮ হাজার টাকায়। তবে বিক্রির ক্ষেত্রে ছোটদের সাইকেল শীর্ষে বলে জানালেন তিনি। ছোটদের ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি চীনের তৈরি সাইকেল পাওয়া যায় দুই হাজার ২০০ থেকে তিন হাজার ৬০০ টাকায়। ছোটদের ব্র্যান্ডের সাইকেল প্রো-বাইক ছয় হাজার থেকে ১৯ হাজার টাকায় বিক্রি হয়। হালিশহর থেকে ব্যবসায়ী জামাল উদ্দিন তাঁর স্কুলপড়ুয়া ছেলের জন্য সাইকেল কিনতে এসেছেন। তিনি জানান, বাড়ির কাছেই স্কুল। গলিপথেই যাতায়াত। রিকশা ভাড়া বেড়ে যাওয়ায় এখন ছেলেকে সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানে এসে সাইকেল পছন্দ হলেও দাম বেশি বলেই তাঁর মনে হচ্ছে।এখানকার ব্যবসায়ীরা অবশ্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সাইকেলের দাম বাড়েনি বলেই জানালেন। তাঁদের দাবি, খুব অল্প লাভেই ক্রেতাদের কাছে তাঁরা সাইকেল বিক্রি করছেন। সপ্তাহের শুক্রবার ছাড়া ছয় দিনই এই বাজার খোলা থাকে। তবে মূলত সন্ধ্যার পরই বাড়ে বেচাকেনা।