ঘুরে এলাম চীনের সিয়াস বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন চীনা শিক্ষার্থীকে তাঁর দেশের কৃষ্টি আর সংস্কৃতি সম্পর্কে পড়তে হয়। চার বছরের স্নাতক পর্বের এক বছর পড়তে হয় নিজ দেশের ভাষা, গান, ইতিহাস সম্পর্কে। আমাদের দেশে এমন হলে খুব ভালো হয়।’ চীনের সিয়াস বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি দেশে ফিরে এমনটাই জানালেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী শারমিন সুলতানা।শারমিনসহ ১৬ জনের দলে ছিলেন ফারহানা আক্তার, পারভিন আক্তার, কাওসার আহমেদ, মোহাম্মদ আলী, ফজলুল হক, শাকিল রেজা, ইসরাত আরা, ফারহানা ইসলাম, অর্চিতা বাড়ৈ, সামিরা খলিল, নাসির উদ্দিন, পূর্ণা ইসলাম, ফাহমিদা প্রভা, আসিফ আকরাম। তাঁরা সবাই এআইইউবির শিক্ষার্থী—সবাই সবে স্নাতক শেষ করেছেন। কেউ কলা অনুষদন কেউ বা বাণিজ্য অনুষদের শিক্ষার্থী।ভ্রমণের অভিজ্ঞতার কথা তুলতেই তাহমিনা ফেরদৗস বলে বসলেন, ‘আমাদের অনেকেরই এটি ছিল প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা। এ ছিল অন্য রকম অনুভূতি।’চীনে কেমন কাটল? পারভিন আক্তার বললেন, ‘আমরা সকালে দুই ঘণ্টা আর বিকেলে দুই ঘণ্টা করে ক্লাস করতাম। আর এর বেশির ভাগই হলো চীনা ভাষার ক্লাস।’চীনা ভাষা শিখতে কেমন লেগেছে? ইসমত আরা জানান, ‘চীনা ভাষা শিখে তাৎক্ষণিক কথা বলতেই বেশি ভালো লেগেছে। আমরা লেখা শেখা বা রাইটিং ক্লাসও করেছি। চীনা ভাষা লেখা বেশ কঠিন। তবে শুধু কি ভাষা? চীনা সংস্কৃতির বড় অংশ হলো কুম্ফু। কুম্ফুর ক্লাসগুলো আমরা সবাই উপভোগ করেছি।’মোহাম্মদ আলী বলছিলেন, ‘১৫ দিনের সফরে তাদের সঙ্গে আমরা সবাই বন্ধু হয়ে গিয়েছিলাম। চীনাদের আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ।’চীনের অন্যতম প্রধান অনুষ্ঠান হলো নববর্ষ উদ্যাপন। আর এর পরই রয়েছে মুন ফেসটিভল। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আসা নতুন শিক্ষার্থী বরণ করা হয় ক্যান্ডেললাইট উৎসবের মাধ্যমে। নাচ-গান আর নানা রকম শরীরচর্চার মধ্য দিয়ে উপস্থাপিত এ উৎসব ছিল বিস্ময়জাগানিয়া। চীনের সাংস্কৃতিক যে অবয়ব, তা সত্যিই বিস্মিত হওয়ার মতো—এমনটা বললেন ভ্রমণ করে আসা প্রায় সব শিক্ষার্থী।‘গ্রেটওয়ালে ওঠার সময়টা খুব বেশি রোমাঞ্চিত হয়েছিলাম।’ এমনটা বললেন মোহাম্মদ আলী। দুই সপ্তাহের সফর শেষে তাঁরা দেশে ফিরেছেন ২৮ সেপ্টেম্বর।এআইইউবির বাণিজ্য অনুষদের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা জিরাত খান জানান, চীনের সিয়াস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) এক চুক্তি হয়। যে চুক্তির উদ্দেশ্যই ছিল এক দেশের সংস্কৃতির সঙ্গে অন্য দেশকে পরিচয় করানো। আর তাই এই ট্যুরের নামকরণ করা হয় ‘জীবন পরিবর্তনের এক ভ্রমণ’। তিনি আরও জানালেন, এখন থেকে প্রতিবছর চীন থেকে একদল শিক্ষার্থী বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী চীনের এই বিশ্ববিদ্যালয়ে যাবে।