ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস?

ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ১৬ মে। আর সেই নির্বাচনে জয়ী হয়ে নরেন্দ্র দামোদরদাস মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৬ মে, সন্ধ্যায়। এই সময়কালে (১০ দিন) ভারতে আসলেই কোনো সরকার ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পরপরই একটা কৌতুকও চালু হয়ে যায় যে গত সপ্তাহে ভারতে কোনো সরকার ছিল না, আর এখন কোনো বিরোধী দল নেই। (ইকোনমিস্ট, ২৪ মে, ২০১৪) অর্থাৎ মাসাধিক কাল ধরে নয় পর্বের নির্বাচনে শাসক দল কংগ্রেস শুধু ক্ষমতাই হারায়নি, বিরোধী দলের মর্যাদাটুকু অর্জন করতে ব্যর্থ হয়েছে। সাকল্যে ৪৪টি আসন নিয়ে কংগ্রেস এখন বিরোধী দলের মর্যাদা পেতে ‘চা-বিক্রেতা’ নরেন্দ্র মোদির অনুকম্পাপ্রার্থী।
কংগ্রেস যে বিরাট বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে, তার পূর্বাভাস অনেক আগেই মিলেছিল। দিল্লি বিধানসভা নির্বাচনে ‘হঠাৎ গজিয়ে ওঠা’ আম আদমি পার্টির (এএপি) ধাক্কায় শাসক থেকে শূন্যে নেমে আসে কংগ্রেস। রাজস্থানসহ অন্য রাজ্যেও একই ধরনের বিপর্যয় সংবিৎ ফেরাতে পারেনি ঐতিহ্যবাহী পরিবারের পরিচয়ে মোহাবিষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। সিদ্ধান্তহীনতা, অপশাসন, দুর্নীতি, শরিকদের অবিশ্বাস কী বিশেষণ জোটেনি ড. মনমোহন সিংয়ের দ্বিতীয় মেয়াদের সরকারের। সেদিক দিয়ে বিচার করলে ৪৪ সংখ্যাটাকে বেশ বড় বলেই মনে হয়।
ভারতীয় ভোটারদের এভাবে ১২৯ বছরের একটি দলকে পরিত্যাগ করার কথা ভেবে অনেকে দুঃখ পেতে পারেন কিন্তু যদি প্রশ্ন করেন, তারা কংগ্রেস দলকে ভোট দেবে কেন, দেখবেন কোনো উত্তরই নেই। টানা ১০ বছর ক্ষমতায় ছিলেন বলে মনমোহন বা তাঁর ভক্তরা আত্মপ্রসাদ লাভ করতে পারেন, কিন্তু বাস্তবতা কি তাই ছিল? মা-ছেলে জুটির কাছে তিনি কতটা অসহায় ছিলেন তা পদে পদে প্রমাণিত। মায়ের এক কথায় অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে দুই টুকরো হয়ে গেল, কেউ জানতে চাইল না প্রধানমন্ত্রী বা সরকার কী চায়। আদালতে অভিযুক্ত ব্যক্তি আইনসভার সদস্য থাকার অধিকার বহাল রেখে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার সিদ্ধান্ত নেয় মনমোহন সরকার। আর এটা ছিল মন্ত্রিসভার সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু রাহুল গান্ধী হঠাৎ করেই দিল্লি প্রেসক্লাবে এ নিয়ে মনমোহন সরকারকে যাচ্ছেতাই ভাষায় ধোলাই করেন। ফলে সিদ্ধান্ত হলেও অধ্যাদেশ জারি পর্যন্ত আর যেতে পারেনি ন্যুব্জ মনমোহন সরকার।
এর হাস্যকর বৈপরীত্যটার কথা একবার ভাবুন। ২০০৪ সালে জোটগতভাবে জেতার পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী পদে বসাতে চাইল কংগ্রেস, কিন্তু ‘বিদেশিনী’ পরিচয় নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা ও ‘অন্তরাত্মা’র ডাকে সাড়া দিয়ে এ প্রস্তাব হেলায় ফিরিয়ে দেন তিনি। তখন থেকেই রাহুলকে মন্ত্রী করার জন্য কংগ্রেসের নেতারা জানপ্রাণ সঁপে দিয়েছিলেন। মা ‘না’ করায় তা সম্ভব হয়নি। ২০০৯ সালে কংগ্রেস জোট ফের ক্ষমতায় আসার পর সবাই ধরে নিয়েছিল রাহুল গান্ধী মন্ত্রী হচ্ছেনই এবং কিছুদিনের মধ্যে মনমোহন সরে যাবেন, আর তাঁর শূন্যস্থান পূরণ করবেন রাহুল। দিল্লিতে সে সময় এমনটাই চাউর ছিল। ওই সময় একজন প্রবীণ বামপন্থী নেতা এই প্রতিবেদককে হাসতে হাসতে বলেছিলেন, ‘রাজার ছেলে কখনো মন্ত্রী হয় না।’ অর্থাৎ রাহুল কখনো মন্ত্রী হবেন না, হলে একেবারে প্রধানমন্ত্রী। ওই নেতার কথাই ঠিক হয়েছিল, রাহুল মন্ত্রী হননি।
২০১৩ সালে কংগ্রেসের শীর্ষ কমিটির (এআইসিসি) বৈঠকে রাহুলকে সরকারের হাল ধরার অনুরোধ জানানো হয়। এবারও মায়ের মানা। এমনকি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের রাহুলকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলেন না সোনিয়া। অথচ রাহুলই দলীয় প্রচারের নেতৃত্ব দিয়ে গেলেন। অর্থাৎ ভারতীয় ভোটাররা জানলোই না কংগ্রেস জিতলে কে প্রধানমন্ত্রী হতেন। আর নির্বাচনের পর সোনিয়া কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হলেও দলনেতা কে হবেন তা ঠিক করতে পারেননি কংগ্রেস নেতারা, বলা ভালো সোনিয়া গান্ধী। দল ও সরকারের মধ্যে সোনিয়া ও রাহুল নিজেদের ‘ধরি মাছ না ছঁুই পানি’ অবস্থায় রাখার খেসারত যে কংগ্রেসকে দিতে হয়েছে এখন তা প্রমাণিত।
রাহুল দলের পাশাপাশি সরকারেরও হাল ধরলে কি ফল পাল্টানোর সম্ভাবনা ছিল? মনে হয় না। এ প্রসঙ্গে সাংবাদিক সেমন্তী ঘোষের একটি মন্তব্য উল্লেখ করা যেতে পারে। গত ২১ মে আনন্দবাজার পত্রিকার উপসম্পাদকীয়তে তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধী কতটা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় তাঁর দলের ও দেশের কাছে, তা আঙুলে আঙুলে প্রমাণিত। দরকার তাঁর দলকে বোঝা, যে দল এহেন রাহুল গান্ধী ছাড়া আর কোনো নেতা অতীত-বর্তমানে খুঁজে পায়নি, ভবিষ্যতেও পাবে বলে মনে হচ্ছে না। দায়িত্বজ্ঞানহীনতা, বুদ্ধিহীনতা, দৃষ্টির ক্ষীণতা, আতুপুতুপ্রিয়তা ইত্যাদি, তার স্পষ্ট প্রতিমূর্তি যে চল্লিশোর্ধ্ব নায়ক, তাঁকে নিয়ে তাঁর দল যে
কিছুই করে উঠতে পারে না, সেটাই এই ১২৯ বছর বয়সী প্রবীণ দলটির ভীমরতির স্পষ্ট প্রমাণ।’ রাহুল সম্পর্কে এ মন্তব্য শুধু সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষকদের নয়—তাঁর দলের কোনো কোনো নেতারও। তাঁকে ‘জোকার’ বলে দল থেকে বহিষ্কার হয়েছেন কেরালার এক প্রবীণ কংগ্রেস নেতা। বাদ পড়েছেন রাজস্থানের এক নেতাও।
গত ৬৭ বছরে ক্ষমতা কংগ্রেস দলের রক্তে মিশে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে পরিবারতন্ত্র। ফলে রাজা-রাজা একটা ভাব অনেক আগে থেকেই এসেছে দলের মধ্যে। সে কারণে পারিষদেরা ‘রাজা’কে ঘিরে সব সময় উচ্চকিত। তার প্রমাণ দলের সদ্য বিপর্যয়ের দায় মাথায় নিয়ে ‘মা-ছেলে’র পদত্যাগের অভিপ্রায় কী ভীষণ ঔদার্যে প্রত্যাখ্যান করলেন কংগ্রেসের পোড় খাওয়া নেতারা। ১৯৪৭-এ ভারত স্বাধীন হওয়ার পর মহাত্মা গান্ধী কংগ্রেস ভেঙে দেওয়ার প্রস্তাব করেছিলেন। তাঁর যুক্তি ছিল, বিদেশি শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য কংগ্রেস গঠিত হয়েছিল, সে লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে তখন এ দলের আর দরকার নেই। কিন্তু ‘বাপু’র কথা মানেননি তাঁর অনুগত জওহরলাল নেহরুসহ কংগ্রেসের তৎকালীন শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের মত ছিল, সদ্য স্বাধীন দেশ গড়ার জন্য শক্তিশালী রাজনৈতিক দল দরকার এবং তা হতে পারে একমাত্র কংগ্রেস। ফলে ’৪৭-পরবর্তী সময়ে ওই যে কংগ্রেস ক্ষমতায় বসল আর নড়ল না। স্বাধীনতা নামের ‘পরশপাথর’টাও টানা ৩০ বছর অক্লান্তভাবে কংগ্রেসকে ক্ষমতায় থাকতে সাহাঘ্য করেছে। তত দিনে দলের মধ্যে গেঁড়ে বসেছে ‘গান্ধী-নেহরু’ পরিবারের মহিমা, যা আজও অব্যাহত। এদিকে গত ৬৭ বছরে ভারতের রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলোর বিকাশের সঙ্গে সঙ্গে স্বাধীনতার পরশপাথরটা ক্ষয়ে গিয়ে ‘জাতীয় কংগ্রেস’কে প্রান্তিক করে তুলেছে। এবার সেটা অপাঙ্ক্তেয় হওয়ার পর্যায়ে।
স্বাধীন ভারতের ৬৭ বছরে কংগ্রেস ক্ষমতার বাইরে ছিল মাত্র ১০ বছর। এর মধ্যে অটল বিহারি বাজপেয়ির পাঁচ বছর ছিল (১৯৯৮-২০০৪ সাল) সবচেয়ে বড় সময়। ১৯৭৭ ও ১৯৮৯-এ ক্ষমতা হারানোর খুব কম সময়ের মধ্যে কংগ্রেস ফের দিল্লিতে ফিরে এসেছে। ক্ষমতার পাশা খেলায় বরাবরই পাকা খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে নিজেকে। কিন্তু এবার পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। এর আগে কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখতে ভারতের ছোট-বড়, বাম-ডান সবাই একজোট হতো। ইতিহাসের নির্মম পরিহাস এই যে কংগ্রেসকে এখন ক্ষমতায় যেতে হলে ছোট-বড়, ডান-বাম সবাইকে সঙ্গে নিতে হবে। অবশ্য অবস্থাদৃষ্টে তেমন কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। মনে হয় মা-ছেলেকে এবার নরেন্দ্র মোদির ভুলের জন্য অপেক্ষা করতে হবে। তবে তেমন একটা ভুল যে তিনি করেন না সে স্বাক্ষর নরেন্দ্র মোদি গত এক দশকের বেশি সময় গুজরাট শাসনকালে রেখে এসেছেন।