ঘুরে দাঁড়ালেন জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলি খাতুন
জলি খাতুন

সারা দিন পোশাক কারখানায় কাজ। রাতে বাড়ি ফিরে পড়তে বসলেই শুরু হয় স্বামীর নির্যাতন। উচ্চমাধ্যমিকে প্রথম বর্ষের একটি ক্লাসও করতে দেওয়া হয়নি তাঁকে। ভেঙে গেল সংসার। এই অশান্তি নিয়েই এবার এইচএসসি পরীক্ষায় জলি খাতুন মানবিক বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে পাস করেছেন। এই ফল জলির পরিবারের কাছে কোনো সুসংবাদই নয়। তারা পড়াশোনা বাদ দিয়ে মেয়েকে আবার বিয়ে দিতে চায়। দিশেহারা হয়ে জলি খাতুন ২২ আগস্ট প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আসেন। এখন পড়াশোনা শেষ না করে তিনি আর সংসার করতে চান না।

জলি খাতুনের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার সড়কুতিয়া গ্রামে। তাঁর বাবার নাম জেকের আলী। বাবা একজন গরিব কৃষক। তাঁর দুই মেয়ের মধ্যে জলি ছোট। দারিদ্র্যের কারণে জলির মা-বাবা তাঁর পড়াশোনার বিষয়ে তেমন একটা আগ্রহী ছিলেন না। এভাবেই পঞ্চম শ্রেণিতে সে সাধারণ গ্রেডে বৃত্তি পায়। ক্লাসেও সব সময় প্রথম হয়েছে। নবম শ্রেণির পরীক্ষার আগে জোর করে বিয়ে দেওয়া হলেও স্বামীর   বাড়িতে জলি পড়াশোনার চেষ্টা চালান। কিন্তু তাঁর পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য  ঢাকায় নিয়ে গিয়ে পোশাক কারখানায় কাজে লাগিয়ে দেয়। সেখানেও রাতে বাসায় ফিরে পড়াশোনার চেষ্টা করলে স্বামী তাঁকে পেটাতে থাকেন। একপর্যায়ে তাঁর স্বামী এক লাখ টাকা দামের একটি মোটরসাইকেল যৌতুক চান। জলির বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে জমি বিক্রি করে মোটরসাইকেলের বদলে জামাইকে পাকা ঘর করে দেন। তার পরও জলির ওপর স্বামীর নির্যাতন থামে না। জলি বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় স্বামীকে না জানিয়ে মা-বাবার বাড়িতে এসে পরীক্ষায় অংশ নিই। তবে অল্পের জন্য জিপিএ-৫ পাইনি। এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হতে চাইলে স্বামী আপত্তি করেন। তাঁর আপত্তি সত্ত্বেও সোনাপাতিল নলডাঙ্গা ডিগ্রি কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার অপরাধে স্বামী তাঁকে মুখে মুখে তালাক দেন। যদিও মা-বাবা আমাকে বাল্যবিবাহ দিয়েছিল।’ তবে এমন আর হবে না আশ্বাস দিয়ে জলির শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফিরিয়ে আনেন। কিন্তু সে কথা ঠিক থাকে না। পড়াশোনার কথা বললেই স্বামী শারীরিকভাবে নির্যাতন করতেন। এবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে জলির বিবাহবিচ্ছেদ হয়।

বাবার বাড়িতে আসার পরে তিনি দ্বিতীয় বর্ষের ক্লাস পুরোপুরি করার সুযোগ পান। মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেন। নলডাঙ্গা থানার আটটি কলেজের মধ্যে শুধু জলিই সব বিষয়ে জিপিএ-৫ পান। এবার আর পেছনে ফিরে তাকাতে চান না জলি। শুধু সামনের দিকে পথচলা।