ঘুরে দাঁড়াতে জানে হাওরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধ ভেঙে গেছে, কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষক। ছবি: আনিস মাহমুদ
বাঁধ ভেঙে গেছে, কাঁচা ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষক। ছবি: আনিস মাহমুদ

অবারিত জলরাশি আর দিগন্তবিস্তৃত সবুজ— এই হচ্ছে হাওর প্রকৃতির দুই রূপ। প্রবাদ আছে, ‘মাছ আর ধান/ সুনামগঞ্জের প্রাণ’। ছান্দসিক প্রবাদই জানান দেয় হাওরের প্রাণসম্পদের। এবার একসঙ্গে দুই সম্পদে লাগল শক্ত এক আঘাত। সবুজ ধানগাছ সোনালি আকার ধারণ করার আগেই পানিতে তলিয়ে গেল। ফসলহানির পর কাঁচা ধান পচে পানিদূষণে মারা গেল ৫০ মেট্রিক টন মাছ।

গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। দুই দিন পেরোতেই নেমে আসে অসময়ের পাহাড়ি ঢল। ২৯ মার্চ থেকে ২৪ এপ্রিল, তিন সপ্তাহের বেশি ব্যবধানে একে একে ডুবল ১৫৪ হাওর। ডুবল হাওরবাসীর স্বপ্ন। তাই বৈশাখে হাওরে এবার বেদনার হালখাতা। আর দুর্যোগ, দুর্ভোগ সয়ে চলছে ঘুরে দাঁড়ানোর দুরন্ত চেষ্টা, যেন টিকে থাকার এক লড়াই। সে লড়াইয়ের সাক্ষী হয়েছি
১৮ এপ্রিল দুপুরবেলা সুনামগঞ্জের হাওরযাত্রা শুরুর পর।

তখনো শনির হাওর তলিয়ে যায়নি। ১৯ এপ্রিল তোলা ছবি
তখনো শনির হাওর তলিয়ে যায়নি। ১৯ এপ্রিল তোলা ছবি

‘দোকানপাট বন্ধ, যাইতে হইবে বান্ধ’

তখন ধান নামের ‘প্রাণ’ ছিল শনি ও পাকনার হাওরে। প্রাণের স্পন্দন দেখতে ছুটে চলা শনির হাওরের পানে। ১৯ এপ্রিল ভোরে প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, আলোকচিত্রী আনিস মাহমুদকে সঙ্গী করে রওনা। হাওরের চিরচেনা যাত্রাপথ নাওয়ে-পাওয়ে দেখা মেলে প্রকৃতির তিন রূপ। ভোরের মিষ্টি রোদ, সকাল গড়িয়ে দুপুরে মেঘলা আকাশ, বিকেলে ঝোড়ো হাওয়ায় বৃষ্টি।

ডুবতে বসা কাঁচা ধান যতটা পারছেন কেটে িনয়ে যাচ্ছেন হাওরের মানুষ
ডুবতে বসা কাঁচা ধান যতটা পারছেন কেটে িনয়ে যাচ্ছেন হাওরের মানুষ

শনির হাওরে আহাম্মকখালী বাঁধ থেকে চার কিলোমিটারজুড়ে লালুরগোয়ালা পর্যন্ত বালুর বস্তা ফেলে বাঁধ সুরক্ষার স্বেচ্ছাশ্রম, যেন পাহাড়ি ঢলের পানির সঙ্গে কৃষকের শ্রম-ঘাম এককাট্টা এক রূপ। বৌলাই নদ হয়ে নৌযাত্রায় হাওরের ‘আফাল-আউকি’ ভেদ করে শোনা গেল মাইকে আহ্বান, ‘দোকানপাট বন্ধ/ যাইতে হবে বান্ধ (বাঁধে)’। দেখা গেল, এই এক আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে ছুটছে মানুষ ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকায়। স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় আছেন তাহিরপুর-জামালগঞ্জের ৪০ গ্রামের মানুষ। আহ্বানকারীদের একজন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানালেন, যাঁরা কাজে যেতে পারছেন না, তাঁরা খরচ জোগাতে সহায়তা করছেন।

বাঁধ রক্ষা আর বাঁধ ভাঙা পরিস্থিতির দুই সময় প্রত্যক্ষ করতে দুই দফা শনির হাওরে যাই। বাঁধের ওপারে পানি ছুঁই-ছুঁই করছিল, কৃষকদের চেষ্টা ছিল কোনো রকমে যেন এক সপ্তাহ বাঁধ টিকিয়ে রাখা। তাহলে সফল হবেন তাঁরা। কিন্তু না, শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মানতেই হলো। তলিয়ে গেল শনির হাওরের ২২ হাজার একর এবং পাকনার হাওরের ২০ হাজার একর জমির ধান।

মনেছা বেগম
মনেছা বেগম

ঢল ঠেকাতে ‘মানবঢাল’

‘আমার বয়স ৭২। আমি তো দেখিইনি, আমার বাবার মুখেও এভাবে চৈত (চৈত্র) মাসে কাঁচা ধান হাওরের পানিতে তলিয়ে যেতে শুনিনি।’ বলছিলেন ভাটি এলাকার কৃষক অমর চাঁদ দাশ। দিরাই উপজেলার শ্যামারচরে বাড়ি। সুনামগঞ্জ শহরে দেখা মেলে তাঁর। এসেছেন চিকিৎসার জন্য। ২৯ মার্চ রাতে যখন পাহাড়ি ঢল নামে, পানি তখন হামলে পড়ে খালিয়াজুরি হাওরে। এটি সুনামগঞ্জের পাশের জেলা নেত্রকোনার হাওর।

অমর চাঁদ দাশ
অমর চাঁদ দাশ

অমর চাঁদ দাশ সেই হাওরে পাহাড়ি ঢল মোকাবিলায় পুরো এক রাত ‘মানবঢাল’ হয়ে পানিতে কাটিয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন দিরাই, শাল্লা ও নেত্রকোনার হাজারের বেশি কৃষক।

ফসলডুবির পরবর্তী অবস্থা নিয়েও নতুন করে উদ্বেগ তাঁর। কিন্তু তিনি আত্মপ্রত্যয়ী, ‘হাওরের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। তবে মাথার ওপর একটা আশ্বাসের হাত থাকা চাই!’

কৃষকের মাথার ওপর হাত, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি ত্রাণ সহায়তাসহ পুনর্বাসন উদ্যোগের বিষয়টি ১৭ এপ্রিল রাষ্ট্রপতির সুনামগঞ্জ সফর ও ৩০ এপ্রিল শাল্লায় প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আশ্বাস মেলে।

লুকিয়ে লুকিয়ে ত্রাণ!

এইবার শেষ। বৈশাখের ধানের হিসাবের হালখাতা শূন্য। কিন্তু বছর গড়িয়ে আগামীবারের নাগাল কী করে পাওয়া যাবে! এমনই হাহাকার শোনা গেল জামালগঞ্জের ভরতপুর গ্রামের অবস্থাসম্পন্ন এক কৃষকের কথায়। তিন ছেলে, এক মেয়ে তাঁর। একজন সিলেটে, দুজন সুনামগঞ্জ শহরে পড়াশোনা করছে। জামালগঞ্জের হালির হাওরে তাঁর কৃষিজমি। শ্বশুরবাড়ি তাহিরপুরে। তখন তাহিরপুরের শনির হাওরের দিকে তাকিয়েছিলেন। শেষমেশ শনির হাওরও তলিয়ে গেলে দীর্ঘশ্বাস আর চেপে রাখতে পারলেন না। ধান তুললেই ধনী তিনি। এখন নিঃস্ব। সাচনাবাজারে কথা হয় তাঁর সঙ্গে। ত্রাণ আর খোলাবাজারে চাল কেনাবেচার লাইন দেখিয়ে বলেন, ‘আমার খুব দরকার, কিন্তু ত্রাণের জন্য নাম লেখাতে পারছি না, আবার খোলাবাজারের লাইনেও দাঁড়াতে পারছি না ছেলেসন্তানদের কথা ভেবে!’

পচে গেছে পানিতে তলিয়ে যাওয়া ধানগাছ
পচে গেছে পানিতে তলিয়ে যাওয়া ধানগাছ

সুনামগঞ্জ জেলা সদর আসনের (সুনামগঞ্জ-৪) সাংসদ পীর ফজলুর রহমান জানালেন, হাওরে ফসলহানির ঘটনায় অবস্থাসম্পন্ন গৃহস্থের একটি বড় অংশ সামাজিক কারণে চাপা কষ্টের মধ্যে আছে। তাঁর নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরের কিছু এলাকায় তিনি দেখে দেখে এ রকম কিছু মানুষের হাতে লুকিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। সাংসদ বলেন, ‘সংকট মধ্যবিত্তেরও। তাই ত্রাণসামগ্রী বিতরণকাজে নিয়োজিত ব্যক্তি ও বেসরকারি সংগঠনগুলোকে লুকিয়ে লুকিয়ে মধ্যবিত্ত কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার পরামর্শ দিচ্ছি আমি।’

সরব বাউলেরাও

হাওর সংস্কৃতির বড় একটি অংশ ধান ঘিরে। অর্থনীতিরও চালিকাশক্তি এই শস্য। জীবনধারা এই ধানের হিসাবে। হাওরের ধান গোলায় তোলার পর বিয়েশাদির ধুম পড়ে। পুরো বর্ষার অলস সময় কাটে দারুণ সুখে। সুখে-দুঃখে বাউলগানই সঙ্গী হাওরবাসীর। হাওরের ফসল ঘরে তোলার পর নবান্নের আনন্দে গ্রামে গ্রামে বসে বাউলগানের আসর। মরমি কবি হাসন রাজার ‘রঙের বাড়ই’ গানে আছে সতর্কবাণী। ‘উগার বইরা তইলাম ধান...’ গানে আছে সুখের টান। এবার ফসলডুবির দুঃখ-জাগানিয়া সময়ে সরব বাউলেরাও।

দশে মিলে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা
দশে মিলে বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা

দিরাইয়ে বরাম হাওর পাড়ি দিয়ে উজানধলে বাউল শাহ আবদুল করিমের বাড়ি। তাঁর জীবদ্দশায় অকালবন্যায় ফসলডুবির ক্ষয়ক্ষতি শাহ আবদুল করিমের ‘ভাটির চিঠি’ গানে পাওয়া যায়। চৈত্রের নিদানকালের কথাও আছে গানে গানে। তাঁর অন্যতম শিষ্য বাউল আবদুর রহমান তাঁর ‘গুরুর’ পদাঙ্ক অনুসরণ করে রচনা করলেন এবারের ফসলহানির গান ‘চৈত্র মাসে পানি এসে নেয় হাওরের ফসল/ কেমনে বাঁচিবে মানুষ এই চিন্তায় পাগল...’।

শাহ আবদুল করিমের আরেক শিষ্য বাউল বশির উদ্দিন সিলেটে ফসলহানির প্রতিবাদে একটি মানববন্ধনে অংশ নিয়ে তাৎক্ষণিক লিখে ও সুর করে গাইলেন ফসলহানির গান। এ গানেও ঘুরে দাঁড়ানোর প্রেরণা। বাউল আবদুর রহমান জানালেন, শাহ আবদুল করিমের গানে ছিল প্রতিকার। তাঁর রচিত গানেও সেই প্রতিকারের বিষয়টি প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে, হাওর ও নদীর নাব্যতা বাড়ানো।

মন ভাঙেনি মনেছার

‘কী আর কইয়াম (কী বলব)! রাইত ১২টায় কপাল পুড়ল। লালুগোয়ালার উত্তরে দিয়া বড় আফর (বাঁধের ভাঙা অংশ) দিয়া হুর হুর করি পানি ঢোকে। আমি ট্রলার চালাইয়া বাঁধ আই। মানুষরে ডাকাডাকি করি। বুকসমান পানিত নাইমা বালুর বস্তা ফালাইছি। ফজরের আজানের সময়ই সব শেষ!’ বলছিলেন মনেছা বেগম।

সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলায় বিস্তৃত শনির হাওরের স্বেচ্ছাশ্রমে টেকানো বাঁধে টানা ২৩ দিন অবস্থান করা একমাত্র নারী এই মনেছা বেগম। প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে সচিত্র প্রতিবেদন করায় পরিচিতি পেয়েছেন। শনির হাওর জেলার বড় হাওর। অসময়ে পাহাড়ি ঢলে হাওরের প্রায় ২২ হাজার একর বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় গত ২৯ মার্চ রাতে। ওই দিন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে কৃষক-জনতার রোষ থেকে রক্ষা পেতে চলে যান পাউবোর প্রকৌশলীসহ ঠিকাদারেরা। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের নেতৃত্বে দুই উপজেলার ৪০ গ্রামের দেড় হাজার মানুষ প্রতিদিন স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছিলেন। পুরুষদের সঙ্গে একমাত্র নারী হিসেবে সেই কাজে জামালগঞ্জের বেহেলি ইউপির সদস্য মনেছা বেগমও ছিলেন।

২৯ মার্চ থেকে ২৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত টিকেছিল শনির হাওরের ১১টি স্থানের বাঁধ। এর মধ্যে লালুগোয়ালা বাঁধে স্বেচ্ছাশ্রমের কাজ তদারক করছিলেন মনেছা বেগম। ২৯ মার্চ রাত থেকে হাওরপারে বাঁধে তাঁর কেটেছে ২৩ দিন। ২৪ দিনের মাথায় ভোরে বাড়ি ফিরে যান তিনি। কারণ, বাঁধ আর টেকানো যায়নি।

বাঁধ ভাঙার পর সকাল থেকে মুঠোফোন বন্ধ ছিল মনেছার। বেলা তিনটায় মুঠোফোনে কথা হয়। মনেছা কথা বলতে বলতে কাঁদছিলেন। প্রথম আলোকে বলেন, ‘বান্ধে তিন শুক্রবার পার কইরা দুই দিন অইল। আর টিকাইবার পারলাম না। বাড়িত আইয়া উঠানে বইয়া আছি!’

চল্লিশোর্ধ্ব মনেছা। মা-বাবা নেই। আট ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। মনেছার দুই ছেলেসন্তানও আছেন। বড় ছেলে, ছেলের বউ আর নাতনিকে নিয়ে তাঁর পরিবার। মনোমালিন্যের কারণে স্বামীর সঙ্গে থাকছেন না। নিজের কোনো ভিটেও নেই, তাই বাবার বাড়িতে আশ্রয় নিয়ে জীবন যাপন করছেন। বড় ছেলে সোহেলের দিনমজুরি আর ইউপি সদস্য হিসেবে নিজের সম্মানী দিয়ে চলে মনেছার সংসার। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে পেশা তাঁর দিনমজুর ছিল। মাটি কাটার কাজ করতেন। গত ইউপি নির্বাচনে স্থানীয় জনসাধারণ চাঁদা তুলে তাঁকে নির্বাচনে প্রার্থী করেন। বেহেলি ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। হাওরপারের একজন মনেছা ফসলহানির পর কাঁদছিলেন। কথা বলার পরক্ষণে আবার দৃঢ়তার সঙ্গে জানালেন, হাওরে ফসল রক্ষার বাঁধ ভাঙলেও মন ভাঙেনি তাঁর।

এবার ‘হাওর বাঁচাও’

হাওরে ফসলহানি নতুন নয়। ১৯৭৩ সাল থেকে যখন বাড়তি ফলনের ধান রোপণ শুরু হয়, তখন থেকেই। এবারের মতো ভয়াবহ অবস্থা হয়েছিল ২০০০ সালে। বড় বন্যায় বড় বড় হাওরে ফসলহানি ঘটেছিল। ওই সময় পাউবোর ফসল রক্ষা প্রকল্পের কাজ করেছিলেন প্রভাবশালী ঠিকাদারেরা। ‘হাওরে বাঁধ নির্মাণে পাউবো আর না’—দাবিতে গঠিত হয়েছিল সর্বদলীয় রাজনৈতিক মোর্চা ‘গণঐক্য’। নেতৃত্বে ছিলেন সুনামগঞ্জ পৌরসভার অকালপ্রয়াত চেয়ারম্যান মমিনুল মউজদীন।

এবার রাজনৈতিকভাবে ‘গণঐক্য’ নেই। আছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী এ আন্দোলনের আহ্বায়ক। দৃঢ়তা নিয়ে বললেন, হাওরে ফসলহানি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্মম রাজনীতি লক্ষ করা যাচ্ছে। দুর্গত এলাকা ঘোষণার পক্ষে-বিপক্ষে রাজনীতি হচ্ছে। আমরা কোনো রাজনীতিতে নেই। কৃষকদের কথা শুধু কৃষকদের মুখে নয়, শহুরে মানুষের মুখ দিয়ে বলাতেই এ আন্দোলন। হাওরে আগামী ফসল ফলানো ও ঘরে তোলার আগ পর্যন্ত এ আন্দোলন কৃষকদের প্রেরণা জোগাবে।