ঘুরে দাঁড়িয়েছে লোয়ার ম্যানহাটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলায় ধুলোয় মিশে যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অন্যতম প্রধান ‘ল্যান্ডমার্ক’ টুইন টাওয়ার। বিশ্ব বাণিজ্যকেন্দ্রের একগুচ্ছ ভবনের সবচেয়ে বড় দুটি ছিল এই জোড়া টাওয়ার। অবস্থান লোয়ার ম্যানহাটানে। নিউইয়র্কের পাঁচটি বরোর একটি ম্যানহাটান। আর লোয়ার ম্যানহাটানের অবস্থান দ্বীপের সর্বদক্ষিণে, অর্থাৎ ম্যাপের একদম নিচে।নজিরবিহীন ৯/১১ হামলার পর অনেকেরই আশঙ্কা ছিল, লোয়ার ম্যানহাটান হয়তো তার আগের সেই প্রাণচাঞ্চল্য আর ফিরে পাবে না। এ তো শুধু দুটি ভবন ধ্বংসই নয়, মার্কিন বাণিজ্যিক ও সামরিক সক্ষমতার অন্তস্তলে এক মারণ আঘাত। কিন্তু সব আশঙ্কা ভুল প্রমাণ করে ধীরে ধীরে আবারও ঘুরে দাঁড়িয়েছে লোয়ার ম্যানহাটান। কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠেছে এলাকাটি। বস্তুত, মানুষের অক্লান্ত প্রচেষ্টায় ‘গ্রাউন্ড জিরোর’ আশপাশের এলাকা নিউইয়র্কের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এলাকায় পরিণত হয়েছে।এ কারণেই ক্ষত সারিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার জীবন্ত নজির হিসেবে দেখা হচ্ছে লোয়ার ম্যানহাটানকে। বলা হচ্ছে, ‘মুক্ত মানুষেরা’ কীভাবে ভয়কে জয় করতে পারে, লোয়ার ম্যানহাটানের মানুষ তার উদাহরণ। লোয়ার ম্যানহাটানের এই ঘুরে দাঁড়ানোয় ভূমিকা আছে ড্যানিয়েল লিবেসকান্ডের। ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ারের স্থলে গড়ে তোলা হয়েছে যে ফ্রিডম টাওয়ার তার নকশাবিদ তিনি। ৯/১১ হামলার সময় বার্লিনে ছিলেন ড্যানিয়েল লিবেসকান্ড। তিনি বলেন, ‘লোয়ার ম্যানহাটানে থাকার ব্যাপারে আমি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম। আমি খুবই খুশি, কারণ সেই প্রাণচাঞ্চ্যল্যের মধ্যে ফিরে এসেছি। এটা যেন একধরনের রেঁনেসা।’১৮৯০ থেকে ১৯৩০ সালের দিকে বিশ্বের উঁচু ভবনগুলোর অবস্থান ছিল সাধারণত শহরের বাণিজ্যকেন্দ্রগুলোতে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের দিকে ব্যবসা-বাণিজ্য সরে যায় নগরের মাঝামাঝি। ১৯৯০-এর দশকের দিকে লোয়ার ম্যানহাটান আবারও ব্যস্ত বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পরিণত হয়। তার পরই এল সেই ভয়াবহ ৯/১১। ৯/১১ হামলার তিন মাস পরও গ্রাউন্ড জিরোতে ধিকিধিকি আগুন জ্বলেছে। লোয়ার ম্যানহাটানে ছয়টি রেস্তোরাঁর মালিক পিটার পুলাকাকোসের পরিবার। হামলার সময়ের স্মৃতিচারণ করে পুলাকাকোস বলেন, ‘সেদিন ধুলোর চাদরে ঢেকে গিয়েছিল গোটা এলাকা। দেখে মনে হচ্ছিল তুষার পড়েছে। সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর গাড়ি, ছিল ন্যাশনাল গার্ড। আশপাশে কেউ হাঁটছিল না, সবাই ছুটছিল। এটা ছিল একটা যুদ্ধক্ষেত্র।’ স্থানীয় নাগরিক সংস্থার চেয়ারম্যান জুলি মেনিন বলেন, ‘একটা সময় লোকজন বলেছিল, লোয়ার ম্যানহাটান টিকে থাকতে পারবে না। তারা বলেছিল, এ বাণিজ্য এলাকায় কেউ থাকবে না, কেউ এখানে কাজ করবে না। মানুষ এ এলাকায় বেড়াতে আসবে না তাও নিশ্চিত করে বলেছিল তারা। কিন্তু লক্ষ করে দেখবেন, তিনটি ক্ষেত্রেই আমরা তাদের পুরোপুরি ভুল প্রমাণ করেছি।’নাগরিক অহংকার, সরকারি প্রণোদনা ও উদ্যোক্তাদের বিনিয়োগ—এই তিনের সমন্বয়ে লোয়ার ম্যানহাটান ঘুরে দাঁড়িয়েছে। জুলি মেনিনের গঠন করা অলাভজনক সংস্থা ‘ওয়াল স্ট্রিট রাইজিং’ ব্যবসা-বাণিজ্যে সহায়তা দিয়ে থাকে। ‘দ্য লোয়ার ম্যানহাটান রিডেভেলপমেন্ট করপোরেশন’ উদ্যোক্তাদের নগদ অর্থসহায়তা দেয়। ৯/১১-এর পর গত ১০ বছরে লোয়ার ম্যানহাটানের আবাসিক জনসংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। নতুন অ্যাপার্টমেন্ট ভবনগুলোর মধ্যে রয়েছে পদকজয়ী স্থপতি ফ্রাংক গেহরির নকশায় নির্মিত ভবন। আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান সাক্স ও ডয়েচে ব্যাংক লোয়ার ম্যানহাটানে নতুন সদর দপ্তর করছে। কোন্ডে নাস্ট নতুন বিশ্ব বাণিজ্যকেন্দ্রে ১০ লাখ বর্গফুটের অফিস করবে। নতুন বিশ্ব বাণিজ্যকেন্দ্র ভবন হবে আগের টুইন টাওয়ারের চেয়ে ৪০০ ফুট উঁচু। ২০১৪ সালে এটি খুলে দেওয়া হবে। লোয়ার ম্যানহাটান এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এটি এখন নিউইয়র্ক সিটির সবচেয়ে নিরাপদ এলাকা।এ ছাড়া আছে পর্যটনের দিক। ৯/১১ হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ বাড়তি পর্যটক আকর্ষণে সহায়তা করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, লোয়ার ম্যানহাটানে প্রতিবছর ৯০ লাখ পর্যটক আসবে। ওই এলাকায় হোটেলের সংখ্যা ছয় থেকে বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে। সেখানে এখন ছয়টি জাদুঘর, ৪৪৭টি রেস্তোরাঁ ও ৬২৬টি দোকান রয়েছে।স্থপতি ড্যানিয়েল লিবেসকান্ড বলেন, ‘এ ট্র্যাজেডি থেকে ইতিবাচক কিছু বেরিয়ে আসুক, এটা দেখার জন্য আকুল আকাঙ্ক্ষা মানুষের। আমি মনে করি, এটাই সন্ত্রাসবাদীদের জন্য সঠিক জবাব। সন্ত্রাসবাদীরা জেতেনি। জিতেছে নিউইয়র্কবাসী। নিউইয়র্ক তার হূদয় হারায়নি। নিউইয়র্ক তার হূদয়কে পুনর্গঠন করছে। আমরা গড়ছি সুন্দর এক ভবিষ্যতের ভিত।’ দাউদ ইসলাম, নিউজউইক থেকে