আওয়ামী লীগের মিরসরাই উপজেলার সহসভাপতি মকসুদ আহম্মদ জোরারগঞ্জ ও সাধারণ সম্পাদক নুরুল হুদা সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা বিএনপির সহসভাপতি অলিউল কবির ইকবাল ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে কাটাছড়া ও ওসমানপুর ইউনিয়নে। মিঠানালায় জামায়াতে ইসলামীর উপজেলার আমির নুরুল করিম চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। অপর জামায়াত নেতা ও বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম আবারও প্রার্থী হয়েছেন সাহেরখালিতে।সরেজমিন ঘুরে দেখা গেছে, মিরসরাই উপজেলার ১৫ ইউনিয়নের প্রায় সব কটিতেই প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হয়েছেন। ফলে নির্বাচনী কাজে দলীয় বিবেচনাই প্রাধান্য পাচ্ছে। দলীয় ব্যানারেই প্রার্থীদের পরিচিতি, প্রচার-প্রচারণা চলছে। এ কারণে নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ ভোটারদের যে ধরনের উৎসাহ-উদ্দীপনা থাকার কথা তা দেখা যাচ্ছে না। আগামী মঙ্গলবার এই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।ওসমানপুর ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যালয়শিক্ষক বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় পরিচয় ছাড়া অনুষ্ঠানের কথা বলা হলেও এখানেও দলীয় পরিচয় মুখ্য ভূমিকা রাখছে। বড় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে হুমকি-ধমকি, মারামারির ঘটনা ঘটছে। টাকা-পয়সা নিয়ে ভাগাভাগি চলছে তাঁদের মধ্যে। সাধারণ ভোটাররা এসব দলাদলিতে যুক্ত হতে চাইছেন না।’ একই মন্তব্য সাহেরখালী ইউনিয়নের কৃষিজীবী আবদুল আলীর। তিনি বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। পার্টির (রাজনৈতিক দল) লোকজন নির্বাচন চালাচ্ছে। ভোট দেওয়ার সুযোগ পেলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসব।’অভিযোগ রয়েছে, উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সরকার দলীয় নেতা-কর্মী, সমর্থকেরা দলের বাইরের প্রার্থীদের নানাভাবে হয়রানি করছেন এবং হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে এগুলোর কয়েকটিতে হামলা ও মামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ওসমানপুরের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা নুরুল আমিনের অভিযোগ, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাঁদের নেতা-কর্মীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে এবং এর প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন বলে জানান।রিটার্নিং ও সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘নির্বাচনী সহিংসতার অভিযোগে ওসমানপুর ইউনিয়ন ও হাইদকান্দি এলাকার দুইটি মামলা হয়েছে। এর বাইরে আর কোনো অভিযোগ আসেনি।’৫ নম্বর ওসমানপুর ইউনিয়ন ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে গেলে বিএনপি ও জামায়াত নেতারা অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থীরা তাঁদের ভয়-ভীতি দেখিয়ে কোণঠাসা করে রাখছেন। মিরসরাইয়ের এ দুইটি ইউনিয়নেই বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।সাহেরখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার দীর্ঘ রাজনীতির জীবনে সন্ত্রাস, প্রতিপক্ষের ওপর হামলার কোনো নজির নেই। আমি এ ধরনের অপকর্মকে ঘৃণা করি।’ উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো পুরোটাই রাজনৈতিক চাল। আমাদের কেউ এসবের সঙ্গে যুক্ত নয় মোটেও।’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুব বলেন, ‘আমরা সম্প্রতি ১২ ও ১৩ নম্বর ইউনিয়নে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। প্রতিদিনই আমাদের ভ্রাম্যমাণ দল বিভিন্ন এলাকায় যাচ্ছে।’