ঘুরে বেড়াই সবুজ শহরে

ঈদ কড়া নাড়ছে দরজায়। সারা বছর কর্মব্যস্ততার কারণে যঁারা সময় পান না, তাঁরা ঈদের ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। তাই ঈদের দিন থেকেই নগরের বিনোদনকেন্দ্রগুলোয় ভিড় দেখা যায়। ঈদকে সামনে রেখে নগরের বিনোদনকেন্দ্রগুলোও সেজেছে বর্ণিল সাজে। নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, প্রজাপতি পার্ক, ফয়’স লেক, সি–ওয়ার্ল্ড, চট্টগ্রাম চিড়িয়াখানা, নেভালের মতো বিনোদন স্থানে বেড়িয়ে আসা যায় সহজেই। ঈদের দিন থেকেই এসব বিনোদন স্থানগুলো ভাসবে আনন্দ জোয়ারে।
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি-ওয়ার্ল্ড: ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও সি-ওয়ার্ল্ড কর্তৃপক্ষ দর্শনার্থীদের ঈদ বিনোদনের জন্য এ বছর বাড়তি প্রস্তুতি নিয়েছে। এই দুটি পার্ক ঈদের দিন দুপুর দেড়টা থেকে রাত আটটা ও অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফয়’স লেকে শিশু-কিশোরদের বাড়তি আনন্দের জন্য ঈদের পরদিন থেকে তিন দিন পর্যন্ত থাকছে বিভিন্ন ধরনের গেম শো। সব রাইডে চড়াসহ ফয়’স লেকে প্রবেশ করতে গুনতে হবে জনপ্রতি ৪০০ টাকা। ঈদের পরদিন থেকে সাত দিনব্যাপী ওয়াটার পার্ক সি–ওয়ার্ল্ডে থাকছে ডিজে শোর আয়োজন। ফয়’স লেক দিয়ে সি–ওয়ার্ল্ডে প্রবেশ করতে খরচ হবে জনপ্রতি ৬০০ টাকা। তবে বিশ্ব কলোনি দিয়ে ৪৫০ টাকা খরচ করে ঢোকা যাবে সহজেই। এসব ছাড়াও এই দুই পার্কে প্রবেশ করার জন্য রয়েছে আরও বেশ কিছু আকর্ষণীয় প্যাকেজ। এখানে প্রকৃতির মাঝে নির্জনতায় চাইলে করতে পারেন নৌভ্রমণও। রয়েছে অবকাশ যাপনের জন্য আধুনিক মানের রিসোর্ট। কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘এ বছর ঈদে দর্শকদের পূর্ণ আনন্দের তৃপ্তি দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। ঈদ উপলক্ষে আমরা বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি।’
চট্টগ্রাম চিড়িয়াখানা: রংপুর থেকে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছে পুরুষ সিংহ বাদশাকে। সেই সিংহকে দেখে আসতে পারেন এই ঈদের ছুটিতে মাত্র ২০ টাকা খরচ করে। আর কিছু না হলেও বাঁদরের বাঁদরামি দেখতে শিশুরা চিড়িয়াখানায় যাওয়ার বায়না ধরে। ফয়’স লেকের পাশেই রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। বিশাল এলাকাজুড়ে অবস্থিত এ চিড়িয়াখানায় রয়েছে অনেক জীবজন্তু ও পশুপাখির সমাহার। সাপ, হরিণ, ময়ূর, কুমির ছাড়াও রয়েছে আরও অনেক প্রাণী। আসন্ন ঈদে দর্শকের ভিড় সামলাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
পতেঙ্গা সমুদ্রসৈকত: শহরের দক্ষিণ প্রান্তের সৈকতটির নাম পতেঙ্গা সমুদ্রসৈকত। এটি চট্টগ্রামের সবচেয়ে পর্যটকপ্রিয় ভ্রমণ স্থান। প্রতিদিন শত শত পর্যটকের ভিড়ে মুখর থাকা এ সৈকতটিতে ঈদের সময় দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। ঈদের সময় বিপুল পরিমাণ দর্শনার্থীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্তৃপক্ষ। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে খোলা হচ্ছে নগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ। এখানকার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজ দেখা যায়। সন্ধ্যার পরে সেগুলোকে সমুদ্রের মাঝে আলো ঝলমলে শহরের মতো মনে হয়। পতেঙ্গা সৈকতে সূর্যাস্তের দৃশ্য দেখতে ভিড় করতে পারেন এ ঈদের ছুটিতে।
নেভাল সড়ক: কাঁকড়া ভাজা ও গরম পেঁয়াজোর জন্য পরিচিত নেভাল একাডেমি সড়কে প্রতিবছর ঈদের দিন থেকেই থাকে মানুষের উপচে পড়া ভিড়। বিকেল থেকে রাত অবধি আড্ডায় জমে ওঠে এ এলাকা। আড্ডার পাশাপাশি সবাই উপভোগ করে প্রাকৃতিক সৌন্দর্য।

ওয়েস্টার্ন ক্রুজে কর্ণফুলীর মোহনায়: প্রমোদতরি ওয়েস্টার্ন ক্রুজে চড়ে ঘুরে আসা যায় বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মিলনস্থলে। বন্দরের বহির্নোঙর দেখার এ এক দারুণ সুযোগ। এ ছাড়া জাহাজে থাকে জাদু প্রদর্শনী ও সুরের মূর্ছনা। ঈদের পরদিন থেকে টানা সাত দিন রয়েছে জাহাজে চড়ার ব্যবস্থা। প্রতিদিন বিকেল পাঁচটায় চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে ছাড়ে জাহাজ। দুই ঘণ্টার এই ভ্রমণের জন্য জনপ্রতি খরচ পড়ে এক হাজার টাকা করে। অবশ্য ঈদের জন্য ছাড় রয়েছে ২০ শতাংশ।
এ ছাড়া ঈদের সময় যানজটহীন নগরীর দর্শনীয় স্থান সিআরবি পাহাড়, ওয়ার সিমেট্রি, মেরিন ড্রাইভ সড়ক, কর্ণফুলী সেতু এলাকায় ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে। আবার ইচ্ছে হলে সাম্পান নিয়ে কর্ণফুলী নদীর বুকেও ঘুরে বেড়ানো যাবে দিনভর। তবে সাঁতার জানা না থাকলে নৌকা ভ্রমণে এড়িয়ে যাওয়া উচিত। প্রয়োজনে লাইফ জ্যাকেট সঙ্গে নেওয়া যেতে পারে।
হালিশহরে অবস্থিত কাট্টলি সমুদ্রসৈকতেও ইদানীং প্রচুর পর্যটক যাচ্ছেন। সারি সারি ঝাউগাছ, জেলে নৌকা দেখতে চাইলে এ সৈকতেও ঘুরে আসতে পারেন। দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটিও ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের এ জাদুঘরে ঈদের ছুটিতে দর্শনার্থীদের প্রচুর সমাগম ঘটে। এ ছাড়া নগরের কালুরঘাটের স্বাধীনতা পার্ক, চট্টগ্রাম শিশুপার্ক ও কর্ণফুলী শিশুপার্কেও চাইলে ঘুরে আসা যায় সপরিবারে। মহানগরীর একটু বাইরে গেলেই মিলবে সবুজের সমারোহ। হাতে সামান্য কিছু সময় থাকলেই ঘুরে আসতে পারেন সুউচ্চ পাহাড়ের দুপাশে অবস্থিত ভাটিয়ারি লেক, সীতাকুণ্ড ইকোপার্ক, রাঙামাটি, কাপ্তাই, হাটহাজারী ঠান্ডাছড়ি, আনোয়ারার পারকি সমুদ্রসৈকত, বাঁশখালী ইকোপার্ক ও মিরসরাইয়ের মহামায়া প্রকল্পের মতো নয়নাভিরাম বিনোদন স্থানগুলোতে।