ঘুরেফিরে অ্যাপ্লিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক আগে পোশাক, বিছানার চাদর বা ওয়াল হ্যাংগিং হিসেবে অ্যাপ্লিকের নকশার ছিল দারুণ চাহিদা। মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, স্প্রে ইত্যাদির কাজ। তবে ইদানীং আবার দেখা যাচ্ছে অ্যাপ্লিকের নকশা। অন্দরসাজের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের পরিচালক সাইদা ফজিলাতুন নাজ বলেন, ‘আশি থেকে নব্বইয়ের দশকে অ্যাপ্লিকের নকশা জনপ্রিয় হয়ে ওঠে। এ কাজে আছে বৈচিত্র্য। একটা কাপড়ের ওপরে এক রং অথবা প্রিন্টের কাপড় কেটে সেলাই করে অ্যাপ্লিকের নকশা ফুটিয়ে তোলা হয়। ঘরের দেয়াল আর আসবাব তো নিত্যপরিবর্তন করা যায় না। তাই ঘরের বড় অংশজুড়ে থাকা বিছানার চাদরটা বদলে দিলে ঘরেও অনেকটা পরিবর্তন চলে আসে। যেহেতু এখন গরম বেশি তাই হালকা রঙের কাপড়ে অ্যাপ্লিকের নকশা করা চাদর ব্যবহার করলে ঘরটা বেশ ছিমছাম দেখাবে।’অ্যাপ্লিক নিয়ে অন্দর সজ্জার কাজ করছে এমন একটি প্রতিষ্ঠান ‘সইলো’র পরিচালক ও ডিজাইনার মাহিফল আরা জানালেন, অ্যাপ্লিকের নকশা করা চাদর বেডকভার হিসেবেই শুধু ব্যবহার করা যাবে। অর্থাৎ ঘুমানোর সময় অন্য কোনো আরামদায়ক চাদর পেতে নিতে হবে। কারণ, যেহেতু কাপড় কেটে নকশা করা থাকে, তাই নকশা করা কাপড়টা উঁচু হয়ে থাকে।তিনি বলেন, ‘অ্যাপ্লিকের কোনো কিছু তৈরির আগে আমরা কাপড়টা ভালোভাবে ধুয়ে নিই। পরে তাই রং ওঠার ভয়টা থাকে না।’এই গরমে হালকা রঙের জমিনে গাঢ় ও উজ্জ্বল রঙের অ্যাপ্লিকের নকশা করা চাদর বেছে নিতে পারেন। সইলোর চাদরগুলোর কোনোটায় একটা পাশে অ্যাপ্লিকের কাজ করা, কোনোটা আবার মাঝে নকশা করা; সাদার ওপরে কখনো গাঢ় রঙের কাজ, আবার কখনো হালকা রঙের ওপরে একই রঙের শেডের কাপড় দিয়ে অ্যাপ্লিকের নকশা করা হয়েছে। বেডকভারের সঙ্গে মিলিয়ে বালিশের কভার, কুশনকভার আবার পর্দাও তৈরি করা হয়েছে। সুতির সঙ্গে সিল্ক, কাতান এমনকি তসর কাপড়ের ওপরেও অ্যাপ্লিকের নকশা করা হয়।সইলো থেকে বেডকভারসহ বালিশের কভার কেনা যায় ৯৫০ টাকা থেকে ১৪০০০ টাকার মধ্যে। ফ্যাশন হাউস আড়ং থেকে মেশিনের এবং হাতে অ্যাপ্লিকের নকশা করা বেডকভার কেনা যাবে ১৫০০ থেকে ৫০০০ টাকায়।এ ছাড়া হোমটেক্স, ফ্যাশন হাউস নিপুণ, বিবিয়ানা এবং রঙ থেকেও অ্যাপ্লিকের নকশা করা বেডকভার কেনা যাবে।