ঘুরেফিরে সাদাই
গ্রীষ্মের কাঠফাটা রোদ গেল। কিছুদিনের জন্য স্বস্তি দিয়ে গেল বৃষ্টিঝরা বর্ষা। শরতে এসেও কিন্তু গরমটা আছে।এই সময়ে আরাম দেবে, এমন পোশাকই সবার চাওয়া। এ রকম আবহাওয়ায় ফতুয়া অনেকেরই পছন্দ। রঙের মধ্যে ঘুরেফিরে সাদার স্নিগ্ধতাই সেরা।হালের ফতুয়াসাদার ওপরে কোনো কথাই নেই। গরমের সঙ্গে টেক্কা দিতেও এর জুড়ি মেলা ভার। মানিয়ে যায় যেকোনো জায়গায়, যেকোনো সময়। বাজার ঘুরে নানা রঙের মধ্যে তাই সাদা ফতুয়ার চাহিদাও দেখা গেল বেশ। কাটিংয়ে এসেছে কিছুটা পরিবর্তন। বেশির ভাগ ফতুয়াই দেখা গেল লম্বা ছাঁটে। তবে এর পাশাপাশি কম লম্বার ফতুয়াও আছে। গরমের কারণে ফুল ও থ্রি-কোয়ার্টার হাতাই জনপ্রিয়। আছে স্লিভলেস ও ছোট হাতার চলও। এ লাইন, বডি ফিটিংস, পাঞ্জাবি কাট, ফ্রক স্টাইল ছাড়াও অনেক ধরনের ছাঁটে পাওয়া যাচ্ছে হালের ফতুয়াগুলো। সাদার ওপর অন্যান্য রঙের ব্যবহার করা হয়েছে চম ৎ কারভাবে। কখনো ব্লকপ্রিন্ট করে, কখনো বা এপ্লিকের কাজের মাধ্যমে। এ ছাড়া ব্যবহার করা হয়েছে কারচুপি, পুঁতি, মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি প্রভৃতি।ফতুয়ার সঙ্গে মিলিয়েএখন লম্বা ধাঁচের পোশাকই পরছে সবাই। মজার বিষয় হলো, ফতুয়ার দৈর্ঘ্যটাই ঠিক করে দেবে যে এর সঙ্গে কী পরতে হবে। লেগিংসের জনপ্রিয়তা এখন সব জায়গায় দেখা যাচ্ছে। ফতুয়ার সঙ্গেও এটি পরা যাবে অনায়াসেই। সে ক্ষেত্রে ফতুয়া হতে হবে একটু লম্বা। লেগিংসের সঙ্গে খাটো ফতুয়া খুব একটা মানানসই নয় বলে জানান ফ্যাশন হাউস একস্ট্যাসির পরিচালক ও ডিজাইনার আশা হক।ফ্যাশন হাউস লা রিভের প্রধান ডিজাইনার মন্নুজান নারগিস জানান কোন মাপের ফতুয়ার সঙ্গে কী পরা যাবে। ২৯-৩২ ইঞ্চি লম্বা ফতুয়ার সঙ্গে মানিয়ে যাবে লেগিংস অথবা ক্যাপ্রি। স্কার্ট পরলে লম্বার এই মাপটি কিছুটা কমে যাবে। তখন ২৫-২৭ ইঞ্চি হবে যথেষ্ট। স্কার্ট যদি অনেক ঘেরওয়ালা হয়, তবে ফতুয়াটি আঁটসাঁট হলে ভালো লাগবে। উল্টোভাবে স্কার্ট যদি এ লাইন, পেনসিল কাট অথবা কম ঘেরওয়ালা হয়, তাহলে ফতুয়াটি একটু ঢিলেঢালা হলেও খারাপ লাগবে না।রং, জুতা মিলিয়েডিজাইনার আশা হক জানান, সাদা ফতুয়ার সঙ্গে সাধারণত কালো লেগিংস ভালো মানায়। তবে চাইলে অন্যান্য রংও পরা যায়। ফতুয়ায় যদি বেগুনি বা গোলাপি কাজ থাকে, তবে সেই রঙের লেগিংস পরা যেতে পারে।স্লিপার ও হাইহিল দুটিই মানিয়ে যাবে লেগিংস ও স্কার্টের সঙ্গে। তবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পরলেই সবচেয়ে ভালো হবে।