ঘুরেফিরেই কাটবে বেশ
ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যেতে চান? ছোট্ট শিশুটি তো সঙ্গে থাকবেই। তার পছন্দের কিছু জায়গার খোঁজ জেনে নিন।

শিশুপার্ক, শাহবাগ, ঢাকা
ঢাকার শাহবাগের শিশুপার্কে ঈদে শিশুদের জন্য থাকছে টানা চার দিনব্যাপী আয়োজন। এমনিতে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকলেও ঈদের দিন শিশুপার্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
টয় ট্রেন, মেরি-গো-রাউন্ড, লম্ফঝম্ফ, চাকা পায়ে চলা, উড়ন্ত বিমান, উড়ন্ত নভোযানসহ রয়েছে বেশ কিছু রাইড। প্রবেশমূল্য জনপ্রতি আট টাকা। আর প্রতিটি রাইড উপভোগ করা যাবে ছয় টাকায়। ফোন: ৮৬২৩৩০৪।
ওয়ান্ডারল্যান্ড পার্ক, স্বামীবাগ, ঢাকা
এটি ঢাকার সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে অবস্থিত। বরাবরের মতো ঈদের দিনেও খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এখানে ১৩টি রাইডের মধ্যে রয়েছে টয় ট্রেন, ভয়েজার বোর্ড, প্যারাট্রুপার, টুইস্টার, সুপার চেয়ার, ফ্লাওয়ার কাপ, মিনি ক্যাব, বেবি কার, মেরি-গো-রাউন্ড, ওয়ান্ডারল্যান্ড হুইল ইত্যাদি। প্রবেশমূল্য ছোট-বড় সবার জন্য একই, জনপ্রতি ৫০ টাকা। আর সব রাইডের মূল্য ৩০ টাকা করে। পার্কে আছে তিনটি ফুড কর্নার। পাবেন চটপটি, ফুচকা, বার্গার, নুডলস, কোন আইসক্রিম, চকবার, ফিশ কাপ আর নানা স্বাদের কোমল পানীয়।
শিশুমেলা, শ্যামলী, ঢাকা
ঢাকার শ্যামলী ওভারব্রিজের পাশে অবস্থিত এই শিশুমেলা প্রতিদিনের মতো ঈদের দিনেও খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা।
ঢাকা চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা
ঈদে ঢাকা চিড়িয়াখানা হতে পারে শিশুদের প্রধান আকর্ষণের একটি। বানরের বাঁদরামি, বাঘ-সিংহের গর্জন, মায়াবী চিত্রা হরিণ, পেঁচিয়ে পড়ে থাকা সাপের আলসেমি, রোদ পোহানো কুমির, ময়ূরের পেখম ছড়ানোর ফ্যাশন শোসহ আরও কত–কী দেখার আছে। শুধু ঘুরে ঘুরে জীবজন্তু দেখাতেই নয়, চাইলে চড়ে বসতে পারে কোনো কোনোটার ওপর। তবে ভয়ের কিছু নেই। হাতি–ঘোড়ায় চড়তে আবার ভয় কিসের! হাতিতে চড়া যাবে পাঁচ টাকায় আর ঘোড়া তিন টাকায়। চিড়িয়াখানার ভেতরে একটি প্রাণী জাদুঘরও আছে, বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রাণীর দেখা মিলবে সেখানে। তবে সেগুলো বিশেষ উপায়ে সংরক্ষণ করা।
খোলা থাকবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা। দুই বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট লাগবে না। আর প্রাণী জাদুঘরের প্রবেশমূল্য জনপ্রতি দুই টাকা। ফোন: ০২-৯০০২০২০।
জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
ঈদের দিনে জাদুঘর খোলা থাকবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ১২ বছরের বেশি সবার জন্য প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা। ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই টাকা। ফোন: ৮৬১৯৪০০
আহসান মঞ্জিল, ঢাকা

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে ফুরফুর বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি পাঁচ টাকা। ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে দুই টাকা আর প্রতিবন্ধীদের জন্য জাদুঘর উন্মুক্ত। ফোন: ০২–৭৩৯১১২২।
লালবাগ কেল্লা, লালবাগ, ঢাকা
পুরান ঢাকার ভিড় ঠেলে কেল্লার সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে পরী বিবির মাজার। কেন্দ্রস্থলে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা (গোসলের জায়গা)। আছে শাহি মসজিদ। রয়েছে একটি জাদুঘরও। খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। টিকিটের মূল্য ১০ টাকা। পাঁচ বছরের নিচের শিশুদের টিকিট লাগবে না। ফোন: ৯৬৭৩০১৮।
ফ্যান্টাসি কিংডম
ঢাকার অদূরে আশুলিয়ায় অবস্থিত এই থিম পার্কে ঈদের দিন থাকছে কনসার্ট, নাচ প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তা ছাড়া ম্যাজিক কার্পেট, প্যাডল বোট, বাম্পার বোট, বাম্পার কার্ট, ইজিডিজি, জুজু ট্রেন, রোলার কোস্টার; আর ওয়াটার ওয়ার্ল্ড তো থাকছেই।
ঈদে পার্কটি খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিশুদের প্রবেশমূল্য ৩৫০-৫০০ টাকা, বড়দের বেলায় ৬৫০-৮০০ টাকা। আর ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশমূল্য ৬৫০-৮০০ টাকা। ফোন: ০১৯১৩৫৩১৩৮০।
নন্দন পার্ক
সাভারের নবীনগরের নন্দন পার্কে নানা রকম রাইড আর ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি আছে খুদে চিড়িয়াখানাও। ঈদ উপলক্ষে কনসার্টের ব্যবস্থা থাকছে এখানে। নন্দন পার্ক খোলা থাকবে বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে নয়টা। সব রাইডসহ প্রবেশমূল্য জনপ্রতি ৪৯০ টাকা। তবে ৯০ সেন্টিমিটার বা তার কম উচ্চতার কারও টিকিট লাগবে না।
ফোন: ০১৭৫৫৬৬৭৭০৩।
যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বারিধারা
যমুনা ফিউচার পার্কে থাকছে নানারকম মজার রাইড, কনসার্ট ইত্যাদির আয়োজন। ফোন: ৮৮৫১৫২৯
বাংলার তাজমহল, নারায়ণগঞ্জ
আগ্রার তাজমহল দেখার আগ্রহ থাকে অনেকেরই। যাঁরা এখনই যেতে পারছেন না সেখানে, আপাতত ঘুরে আসতে পারেন একই আদলে গড়া নারায়ণগঞ্জের বাংলার তাজমহল থেকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা। ফোন: ০১৭১১৬১৬৫৮৫।
ফয়’স লেক, চট্টগ্রাম
সবুজ পাহাড়ে ঘেরা অনন্য সৌন্দর্যের অধিকারী ফয়’স লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত। এখানে কনকর্ড নির্মিত থিম পার্কে আছে নানা রাইড। সার্কাস ট্রেন, ফ্যামিলি কোস্টার, ফেরিস হুইল, রেডড্রাই স্লাইড, বাম্পার কার, সার্কাস সুইং, স্পিডবোট, ওয়াটার বি ইত্যাদি রাইড আছে। আর দিনভর জলে ভিজে আনন্দ করার জন্য রয়েছে ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ড।
তিন ফুটের বেশি উচ্চতার সবার জন্য প্রবেশসহ সব রাইড ২০০ টাকা। আর সি ওয়ার্ল্ড কনকর্ডে প্রবেশসহ সব রাইড ৩৫০ টাকা।
ফোন: ০১৯১৩৫৩১৫৫৪-৫
অন্যান্য
এ ছাড়া ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁ লোকশিল্প জাদুঘর, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে। এই বর্ষার ভরা পানিতে চাইলে শিশুকে নিয়ে নামতে পারেন নৌকা ভ্রমণেও। ধরুন, আহসান মঞ্জিল দেখে সদরঘাটের নৌকায় চড়ে বুড়িগঙ্গা বেয়ে উঠে এলেন লালবাগ কেল্লায়। দুই-দুইটা জাদুঘর দেখা হলো, সঙ্গে নৌকাভ্রমণও। এক ঢিলে তিন পাখি! মন্দ কী।