প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই আমলে ঘুষের টাকা দেখত না কেউ খুলে
যেমন পেত তেমনভাবে রাখত সে খাম তুলে!
মানুষ ছিল বিশ্বাসী তাই ঘুষের টাকা গোনা
লাগত না। আর ঘুষ নিয়ে কেউ করত আলোচনা?
এখন মানুষ বড্ড খারাপ—আস্থা কি যায় রাখা?
ঘুষ যাঁরা নেন নেওয়ার সময় গুনে নেবেন টাকা!
নয়তো ওরা কখন দেবে তার ভেতরে ফাঁকি
ঘুষ নেওয়াতে লজ্জা কিসের? কিসের ঢাকাঢাকি?
কই শহিদুল হকের কথা—ঘুষ যিনি নেন গুনে
এই জমানায় অবাক হওয়ার নেই কিছু তা শুনে!
আমদানি আর রপ্তানি সব ওনার কথায় চলে
আটকে গেলে সচল তিনি করেন পদের বলে!
নিন্দুকেরাও স্বীকার করে, ঘুষ তিনি নেন—তবে
ঘুষ যে কাজের জন্য সেটা সময়মতোই হবে!
ঘুষ বড়? না, কাজটা বড়? সেইটা ভাবুন আগে
উন্নয়নের জন্য এটা সহ্য করাই লাগে!