ঘুষখোরদের উদ্দেশে মোটিভেশনাল স্পিচ
টিআইবির করা জরিপটা আমি আজ দেখেছি। আমার অসম্ভব ভালো লেগেছে। ঘুষের মতো একটা বিষয় যে আমরা হারিয়ে যেতে দিচ্ছি না, সেটা অবশ্যই আমাদের জন্য আশার এবং গর্বের সংবাদ। ঘুষ আমাদের সংস্কৃতির অংশ। আবহমানকাল থেকেই আমাদের শহর, গ্রাম, পাড়া, মহল্লা থেকে শুরু করে প্রতি ঘরে ঘরে ঘুষ একটি নিত্তনৈমিত্তিক বিষয় হিসেবে চলে আসছে। মুখের সামনে তুলে ধরা খাবার দ্রুত খাওয়ার জন্য ছোট্ট শিশুকে মা-বাবারা ঘুষ দেন, সেই থেকে শুরু। এর শেষ হয় হাসপাতাল থেকে লাশ ছাড়িয়ে আনার জন্য কিছুমিছু দিয়ে। আক্ষরিক অর্থেই এই জিনিস মিশে আছে আমাদের রক্তের সঙ্গে। মিশে আছে আমাদের শ্বাস-প্রশ্বাসে। কবি বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা ঘুষের তরে।
জরিপের তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এরপর রয়েছে যথাক্রমে পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা এবং ভূমিসেবা। প্রথমেই আসি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কথায়। সংস্থার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। আজ যে অর্জনের সামনে এসে তোমরা দাঁড়িয়েছ, তা নিঃসন্দেহে দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করবে তোমাদের এই অর্জন নিয়ে। এই অর্জনের পেছনে তোমরা যে চেষ্টা ও পরিশ্রম করেছ, আশা করি সেটা অব্যাহত রাখবে। পরবর্তী বছর আরও বেশি ঘুষ তুলে ধরে রাখবে নিজেদের প্রথম জায়গাটি।
আর পাসপোর্টের বন্ধুদের বলব, তোমরা সেকেন্ড হয়েছ, এটা কোনো দুঃখের বিষয় নয়। লাইফে জয়-পরাজয় আসতেই পারে। জয়-পরাজয় বড় কথা নয়, ঘুষ খাওয়াটাই বড় কথা। পাসপোর্ট অফিসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এখনই প্রতিজ্ঞা করো, সামনের বছর এত বেশি ঘুষ খাবে যে টিআইবির জরিপের ফল ঘোষণার দিন যেন হাসতে পারো বিজয়ের হাসি।
এ ছাড়া বিআরটিএ, বিচারিক সেবা, ভূমিসেবার প্রত্যেককে অভিনন্দন, সেরা পাঁচে জায়গা করে নেওয়ার জন্য। হাল ছেড়ে না দিয়ে এভাবেই বেশি বেশি ঘুষ খেতে থাকো আর দেশের মুখ উজ্জ্বল করে যাও।
সবশেষে দেশের সাধারণ জনগণকে বলব, ঘুষ প্রদান আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা নিয়মিত ঘুষ প্রদান করলেই আমাদের শাসক এবং আমলারা আঙুল ফুলে কলাগাছ হতে পারবে। দেশে বাড়বে কলাগাছের সংখ্যা। আর কলার পুষ্টিগুণ তো আমরা জানিই।
সুতরাং ঘুষ দেওয়া নিয়ে একদম গড়িমসি করা যাবে না। করা যাবে না ঘুষ ফাঁকি দেওয়ার মতো বড় দুর্নীতিও। কোনো এক মনীষী বলে গেছেন, ঘুষ দিয়ে কেউ কখনো দেউলিয়া হয় না।
সুতরাং আজই আমাদের শপথ গ্রহণ করতে হবে যে ‘আমার ঘুষ আমি দেব, যে চাইবে তাকেই দেব’। আর এভাবেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধশালী ঘুষনির্ভর অর্থনীতি।
লেখা: সোহাইল রহমান