ঘুড়ি ওড়ানো ও মেহেদি রাঙানোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠা খাওয়া, ঘুড়ি ওড়ানো আর মেহেদি রাঙানোর উৎসবে শামিল হয়েছিল গোটা ক্যাম্পাস। ১৯ ফেব্রুয়ারি এমন আনন্দঘন পরিবেশেই অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির যুগপূর্তি উৎসব। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। শোভাযাত্রাটি চুয়েটের প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মাঠে শেষ হয়। উৎসবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল পিঠা বানিয়ে খাওয়া। সংগঠনের সদস্যরা ছাড়াও শিক্ষার্থী ও শিক্ষকেরা ভাগাভাগি করে পিঠা খান। গুড়ের পাটিসাপটা, নারকেল পুলি, মুগপাকন, সাজপাকন ইত্যাদি পিঠা বানানো হয়। সংগঠনের সদস্যরা এ পিঠা বানান। এ প্রসঙ্গে জয়ধ্বনির সদস্য মাহবুবা খান বলেন, ‘বাঙালি ঐতিহ্যের একটি হলো পিঠা। সেই ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এ পিঠা উৎসবের আয়োজন।’এদিন চুয়েটের আকাশ ছেয়ে যায় রং-বেরঙের ঘুড়িতে। অনেক শিক্ষার্থী ঘুড়ি দেখার জন্য চুয়েটের কেন্দ্রীয় মাঠে ভিড় জমান। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ঘুড়ি ওড়ান। ঘুড়ি ওড়ানোর সময় শিক্ষক-শিক্ষার্থীরা অনেকেই তাঁদের ছোটবেলার স্মৃতিচারণা করেন। চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক সজল চৌধুরী বলেন, ‘বিকেলে চুয়েটের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুড়ি উড়িয়ে অনেক আনন্দ পেয়েছি। এ ধরনের আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের বন্ধন আরও অটুট রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।’ উৎসবে মেয়েরা দল বেঁধে মেহেদি লাগিয়েছেন হাতে। মেয়েদের মেহেদি লাগানো দেখতে ভিড় জমান উৎসুক ছেলেরাও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, পদার্থবিদ্যা বিভাগের প্রধান ফারুক-উজ-জামান, গণিত বিভাগের প্রধান আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদ, মো. সানাউল রাব্বী, নগর ও পরিকল্পনা বিভাগের মো. রাশিদুল হাসান, স্থাপত্য বিভাগের সজল চৌধুরী প্রমুখ। জানা গেছে, ২০০০ সালের ১৬ ফেব্রুয়ারি জয়ধ্বনি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল উপল। সংগঠনটির মূল মন্ত্র ‘শিল্পসত্তার একাত্মতা’। এ বছর সংগঠনটির একযুগ পূর্তি হলো।