
কল্পনা করুন, এমন একটা বাড়িতে থাকছেন, যেখানে গরমের দিনে আপনার ঘরটা সব সময় সূর্যের উল্টো দিকে থাকে। অথবা আরেকটা বাড়ি এ রকম, যেখানে শোবার ঘর থেকে সপ্তাহের প্রতিটি দিন জানালায় আলাদা দৃশ্য দেখার সুযোগ রয়েছে।
মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এমন বাড়ি এখন আর কল্পনায় সীমাবদ্ধ নেই, বিত্তশালী কোনো কোনো ব্যক্তির জন্য বাস্তব। এমন অর্জনের কৃতিত্ব অবশ্যই উদ্ভাবনশীল স্থাপত্যবিদদের, যাঁরা প্রচলিত বাড়ির ধারণাকে বারবার উল্টেপাল্টে নিরন্তর নতুন কিছু করার চেষ্টায় ব্যস্ত থাকেন। তাঁদের ভাবনার পরিণাম হিসেবেই ঘূর্ণমান বাড়ি, আকৃতি পাল্টাতে সমর্থ বাড়ি এবং ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী বাড়ি প্রভৃতি ধীরে ধীরে মানুষের নাগালে আসছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চলীয় উপকূলে দ্য এভারিংহ্যাম রোটেটিং হাউস নামের একটা বাড়ি আছে। যে কেউ দেখলে এটাকে সাধারণ বাড়িই মনে করবে। কিন্তু অষ্টভুজের আকারে নির্মিত ৫ হাজার ৮১২ বর্গফুটের বাড়িটি ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরে যেতে পারে। প্রতি ঘণ্টায় দুবার চক্কর দিতে পারে। তবে ইচ্ছে করলে আরও ধীরে ঘোরানোর ব্যবস্থা রয়েছে।
বাড়িটির মালিক লুক এভারিংহ্যাম একজন ইলেকট্রিশিয়ান। ২০০৬ সালে তিনি স্বপ্নের বাড়িটির নির্মাণকাজ শেষ
করেছেন। এর ভেতরে থাকতে কেমন লাগে? বললেন, বাইরের কোনো বস্তুর দিকে না তাকালে বাড়িটাকে স্থির বলেই মনে হবে। তিনি শীতের সময় শোবার ঘরটা সব সময় রোদের দিকে মুখ করে রাখেন, যাতে সেটা উষ্ণ থাকে। বাড়িটির নির্মাণখরচ ২ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার। তিনি কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের একজন গ্রাহকের জন্য অনুরূপ একটি বাড়ি বানিয়ে দিয়েছেন।
ঘূর্ণমান বাড়ি শুধু জানলা দিয়ে বাইরে দেখার জন্য নয়, এমন বাসস্থানের পরিবেশবান্ধব দিকও আছে। যুক্তরাজ্যের স্থাপত্যবিদ ডেভিড বেন-গ্রুনবার্গ বলেন, তাঁরা বসবাসের অধিকতর টেকসই উপায় বের করার চেষ্টা করছেন। সহযোগী ড্যানিয়েল উলফসনকে নিয়ে এমন একটি বাড়ি বানানোর চেষ্টা করছেন, যা আকৃতি বদল করতে পারবে। প্রচণ্ড উত্তাপ বা হিমশীতল অবস্থার মতো চরম প্রতিকূল মৌসুম মোকাবিলার জন্যই এটা দরকার। তবে এখনো এমন বাড়ি শুধু তাঁদের কল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে। আবহাওয়া গরম হতে শুরু করলে বাড়িটা ফুলের পাপড়ির মতোই নিজেকে মেলে ধরবে।