কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর গ্রামে বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে স্থানীয় কৃষকদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার ক্লেভ প্রকল্পের আওতায় ২৬ মে অনুষ্ঠিত এই সভায় ঘূর্ণিঝড় ও বন্যা–পরবর্তী সময়ে কৃষকেরা যেসব সমস্যার মুখোমুখি হন, তা নিয়ে আলোচনা হয়।
সভায় পেকুয়ার চর সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি মো. শামশুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. এইচ এম মনিরুজ্জামান রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রকল্পের পেকুয়া উপজেলা ব্যবস্থাপক মো. সিরাজুম মুনির, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাহেলা মুর্তজা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান রব্বানী বলেন, বন্যা–পরবর্তী কৃষিক্ষেত্রে ফসলের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে লবণ সহনশীল শস্য বীজ বিতরণ করা হবে।
সহকারী মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে। – চকরিয়া প্রতিনিধি