ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নগরে ২০৯ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে যায় পাহাড়তলী রেলওয়ের পুলিশ লাইনস সড়কের কালভার্টের একাংশ। ভাঙা অংশে বাঁশের বেড়া বিছিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন। ছবিটি গত মঙ্গলবার সকাল ১০টায় তোলা l জুয়েল শীল
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ভেঙে যায় পাহাড়তলী রেলওয়ের পুলিশ লাইনস সড়কের কালভার্টের একাংশ। ভাঙা অংশে বাঁশের বেড়া বিছিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন। ছবিটি গত মঙ্গলবার সকাল ১০টায় তোলা l জুয়েল শীল

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক, সেতু ও নালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে বৈদ্যুতিক বাতি, খুঁটি ও তার। সব মিলিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবে মোট ক্ষতি হয়েছে ২০৯ কোটি টাকা।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ঘূর্ণিঝড়ের আঘাতে নগরের ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক বাতি, খুঁটি, সড়ক, ফুটপাত, সেতু ও নালার তালিকা করেছে। ইতিমধ্যে এর সংস্কারকাজ শুরু হয়েছে বলে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
গত শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানে। এর ফলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে নগরে এ ক্ষয়ক্ষতি হয়।

ঘূর্ণিঝড়ের সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিল বৃষ্টি। এতে নগরের কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে উঠে যায় সড়কের পিচঢালাই। কাতালগঞ্জ আবাসিক ্রথম আলো
ঘূর্ণিঝড়ের সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিল বৃষ্টি। এতে নগরের কয়েকটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে উঠে যায় সড়কের পিচঢালাই। কাতালগঞ্জ আবাসিক ্রথম আলো

সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, গত শনিবারের বৃষ্টিতে নগরের ৫৫ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গেছে। এতে ১৩৭ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কাঁচা ও ইটের তৈরি রাস্তা নষ্ট হয়েছে প্রায় ৩৫ কিলোমিটার। যার ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা। ২০ কিলোমিটার ফুটপাতও বিধ্বস্ত হয় ঘূর্ণিঝড়ের সময়। ভেঙে ও দেবে গেছে পাঁচটি সেতু। আর ১৭ কিলোমিটার নালা কমবেশি ভেঙে পড়েছে। এতে ক্ষতির পরিমাণ ৪২ কোটি টাকা। এ ছাড়া ঘূর্ণিঝড়ে ৩০০টি বৈদ্যুতিক খুঁটি, ৫ হাজার বৈদ্যুতিক বাতি ও ৫০ কিলোমিটার বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ক্ষতির পরিমাণ সাড়ে চার কোটি টাকা।

বহদ্দারহাট এলাকায় ক্ষতবিক্ষত সড়কে গাড়ি চলছে হেলেদুলে। গত মঙ্গলবারের চিত্র l প্রথম আলো
বহদ্দারহাট এলাকায় ক্ষতবিক্ষত সড়কে গাড়ি চলছে হেলেদুলে। গত মঙ্গলবারের চিত্র l প্রথম আলো

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকার দুই নম্বর সড়ক, মুন্সিপুকুর পাড় সড়ক ও বহদ্দারহাট উড়ালসড়কের নিচের অংশে পিচ উঠে গেছে। এ ছাড়া খাজা সড়কে এখনো পানি জমে আছে। নগরের পাহাড়তলীতে রেলওয়ে জেলা পুলিশ লাইনসের সামনে খালের ওপর সেতুর একাংশ ভেঙে পড়েছে। হেঁটে পারাপারের জন্য স্থানীয় লোকজনের উদ্যোগে বাঁশের বেড়া ও টিন দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নগরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি, বাতি ও তার নষ্ট হয়েছে। ভেঙে পড়েছে শতাধিক গাছ। এ ছাড়া বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার ৯০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নগরের রাস্তাঘাট ঠিক করার জন্য প্রকৌশল বিভাগের প্রায় দেড় শ জনের একটি টিম কাজ করে যাচ্ছে।