ঘূর্ণিঝড়ে বসতি হারিয়ে ওরা এখন বস্তির মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের লবণচাষি আবদুল বাকি (৬৭) হারিয়ে ফেলেন পাঁচ সন্তানসহ পরিবারের ১২ সদস্যকে। তাঁর বসতবাড়িটিও সাগরে তলিয়ে যায়। ১৯৯২ সালের ২৩ মার্চ আবদুল বাকি স্ত্রী ও তিন সন্তান নিয়ে আশ্রয় নেন বিমানবন্দরের পশ্চিমে সৈকত এলাকায় গড়ে ওঠা সমিতিপাড়ায়। চার বছর আগে সেখান থেকে বসতবাড়ি উচ্ছেদ করলে তিনি আশ্রয় নেন ডায়াবেটিকস হাসপাতালসংলগ্ন ঝাউবাগানের ভেতর। তিন বছর ধরে আবদুল বাকি ঝাউবাগানের ঝুপড়িঘরে অমানবিক জীবন কাটাচ্ছেন। আবদুল বাকি জানান, ‘আঁই ছাড়া চারজনর সংসারত আয়-রোজগারর কেউ নাই। ঘর বানাইবার লাই একখণ্ড জমি কিননুুম হেই সম্বলও নাই। সারা দিন শহরত যাই ভিক্ষা গরি যা পাই, তাদিয়ারে কঅন মতে সংসার চালাই। অই ঘূর্ণিঝড়ত মরি গিলে বউত ভালা অইত।’ কুতুবদিয়ার সৈয়দ নুর (৪৫) জানান, ‘মাঝেমধ্যে পুলিশ এসে এ ঝুপড়ি ঘর ভেঙে ফেলার হুমকি দেয়। ভূমি কার্যালয়ের কর্মচারীরা এসে বসতবাড়ি উচ্ছেদের ভয় দেখায়। ঘূর্ণিঝড় আমাদের ঘরবাড়ি ভেঙে নিলেও কোথাও থাকার জায়গা পাচ্ছি না। অথচ মিয়ানমারের হাজার হাজার রোহিঙ্গা সরকারি পাহাড়, বন জঙ্গল দখল করে অবৈধ বসতি করছে।’এ ঝাউবাগানের ঝুপড়ি বস্তির উত্তর দিকে এক কিলোমিটার গেলে নজরে পড়ে কুতুবদিয়াপাড়া। তারপর সমিতিপাড়া, ফদনার ডেইল, নাজিরারটেক ও নুনিয়াছটা গ্রাম। এসব গ্রামে অন্তত ৭০ হাজার ভাসমান মানুষ ঝুপড়ি ঘরে বাস করেন। এর মধ্যে অন্তত ৪০ হাজার কুতুবদিয়া, মহেশখালী ও চকরিয়া এলাকার মানুষ। বসতবাড়ি হারিয়ে এরা এখানে বসতি গড়ে তোলেন। বেশির ভাগ মানুষ উপকূলে শুঁটকি উৎপাদন, ফেরি করে শুঁটকি বিক্রি, জ্বালানি কাঠ ও পাতা সংগ্রহ, চা বিক্রি, রিকশা ও ঠেলা চালানো, ফিসারিঘাটে মাছ বাছাইসহ নানাভাবে দিনমজুরি করেন। বিপুলসংখ্যক নারী-শিশু অভাবের তাড়নায় ভিক্ষাবৃত্তি করেন। বিদ্যালয়ে পড়ার উপযোগী ১০ হাজারের বেশি শিশু-কিশোর পরিবারের সহায়ক কাজে জড়িত। শিক্ষার আলো এসব ঘর স্পর্শ করে না। স্থানীয় লোকজন জানান, সাগরে দুর্যোগ দেখা দিলে এসব গ্রামের হাজার হাজার উদ্বাস্তুর মনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাগরের পানি ফুঁসে উঠলে শত শত বসতবাড়ি প্লাবিত হয়। এ সময় লোকজনকে ঘরের মালামাল, গবাদিপশু হাঁস-মুরগি সঙ্গে নিয়ে শহরে দিকে ছুটে আসতে হয়। কুতুবদিয়াপাড়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আকতার কামাল জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো এসব মানুষ এখনো মাথা গোঁজার ঠাঁই পাননি। এখন এ জায়গা থেকেও তাঁদের উচ্ছেদের চক্রান্ত চলছে। ফদনার ডেইলের দিনমজুর আবুল কাশেম (৪৯) জানান, ‘মহেশখালীর হোয়ানকের জন্মভিটা হারিয়ে ১৭ বছর আগে প্রথম শহরের ঘোনারপাড়া পাহাড়, তারপর বিমানবন্দরের পাশে, সেখান থেকে ফদনার ডেইল চরে আশ্রয় নিই। এখন এখান থেকেও সরানোর চক্রান্ত চলছে। এ জীবনে এভাবে আরও কত জায়গায় ঘুরতে হবে আল্লাহ জানেন।’ আবুল কাশেমের মতো শত শত উদ্বাস্তুর জীবন কাটছে আজ এখানে, কাল ওখানে—এ অবস্থায়। স্বজন হারানোদের সংগঠন ‘২৯ এপ্রিল-৯১ স্মৃতি পরিষদ’ সভাপতি মো. ইয়াহিয়া খান ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দিনটিকে শোকদিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। সংগঠনটি নিহত লোকজনের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছে।