ঘূর্ণিঝড়ের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর সাড়ে ১২টায় আকাশটা হঠাত্ মেঘে ঢেকে যায়। আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলে উপকূলীয় এলাকার মানুষকে। একটু পরে শুরু হবে ঝড়। দমকা হাওয়া বইতে থাকে। বেতারে ৬ নম্বর বিপদসংকেত প্রচার করা হচ্ছে। রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা মাঠে নেমে লোকজনকে সতর্ক করছেন। কাছের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে লোকজনকে পরামর্শ দিচ্ছেন। শতশত মানুষ গবাদিপশু ও ঘরের মালামাল নিয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্রে। দুপুর একটায় ৯ নম্বর মহাবিপদসংকেত জারি করা হয়। ঘূর্ণিঝড় আঘাত হানছে টেকনাফ উপকূলে। মুহূর্তে শতশত বাড়ি, গাছপালা ভেঙে পড়ে। হাজার হাজার একর জমির ফসল নষ্ট। ঘর ধসে ও গাছ ভেঙে মারা গেল শত শত নারী পুরুষ শিশু। আহত হন অনেকে। শেষে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধার করলেন। সতর্কসংকেত পেয়ে যাঁরা আগেভাগে আশ্রয়কেন্দ্রে গেছেন, তাঁরা প্রাণে বেঁচে যান। আর যাঁরা অবহেলা করে, সম্পত্তির লোভে বাড়িতে থেকে গেছেন, তাঁরা মারা যান, ক্ষতিগ্রস্ত হন। এটা বাস্তব কোনো ঘূর্ণিঝড়ের চিত্র নয়। এটি ছিল গত বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত দেড় ঘণ্টার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও মোকাবেলা সম্পর্কিত মহড়া। স্থানীয় লোকজনকে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করতে এ মহড়ার আয়োজন করে রেড ক্রিসেন্ট সোসাইটি। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক মানুষ মহড়া উপভোগ করেন।মহড়ার উদ্বোধন করেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আবদুর রাজ্জাক। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবদুল ওয়াজেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ এম এস আকবর, আবদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন প্রমুখ। মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সতর্কসংকেত পাওয়ার পরও উপকূলের হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে রাজি হন না। এ কারণে ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনা বাড়ে। টেকনাফের মতো উপকূলীয় এলাকার মানুষকে এ ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। সাংসদ আবদুর রহমান বলেন, ‘টেকনাফের সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র ৩৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৫টি ঝুঁকিপূর্ণ। এখানে অন্তত আরও ৪০টি আশ্রয়কেন্দ্র দরকার।’ এ ব্যাপারে তিনি মন্ত্রীর সহযোগিতা চান।