ঘের মালিকদের কাছে জিম্মি সিরাদিয়ার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়ি চাষের জন্য বেড়িবাঁধের ১৩ স্থানে কেটেছে ঘের মালিকেরা। কাটা অংশ দিয়ে ঢুকছে লোনা পানি। ব্যাহত হচ্ছে চাষাবাদ। নলকূপেও উঠছে লোনা পানি। তবে প্রভাবশালীদের ভয়ে এই সমস্যা নিয়ে সোচ্চার হতে পারছে না গ্রামবাসী।
কক্সবাজারের পেকুয়া উপজেলার মাতামুহুরী নদীতীরে অবস্থিত সিরাদিয়া গ্রামের বাসিন্দারা চিংড়িঘের মালিকদের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছে। ঘের মালিকেরা চিংড়ি চাষের জন্য বেড়িবাঁধ কাটছে বলে অভিযোগ গ্রামবাসীর। নদীতে জোয়ারের সময় ভেড়িবাঁধের কাটা অংশ দিয়ে ঘেরে লোনা পানি ঢোকে। এতে চিংড়ি চাষে সুবিধা হয়। তবে একই সঙ্গে ফসলের জমিতে লোনা পানি প্রবেশ করায় ব্যাহত হয় চাষাবাদ।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাদিয়া গ্রামে ৪৫০টি পরিবারে সাড়ে তিন হাজার মানুষের বসবাস। নদীতে জোয়ার এলে ১৮টি নলকূপের সব কটিতে লোনা পানি ওঠে। গ্রামের একটি গভীর নলকূপই এখন মিঠা পানির উত্স। কেবল এই সমস্যাই নয়, পেকুয়া সদর উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার দূরে হলেও গ্রামে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুত্-সংযোগ ও রাস্তাঘাট।
সরেজমিনে দেখা গেছে, মাতামহুরী নদীর বন্যা থেকে গ্রামটি রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ করলেও লোনা পানি থেকে মুক্তি মেলেনি গ্রামবাসীর। গত ১৫ বছরে একবারও সংস্কার হয়নি বাঁধটির। বরং কোদালের কোপে কয়েক স্থানে বেড়িবাঁধ নিশ্চিহ্ন হয়েছে। গ্রামে ৪০০ একর জমিতে চিংড়ি ও ২০০ একর জমিতে ধানের চাষ হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।
গ্রামের কৃষক মো. বাদশা বলেন, ‘নদীতে জোয়ার এলেই বেড়িবাঁধ দিয়ে লোনা পানি ঢুকে পড়ে। দুই কানি জমিতে ধান চাষ করি আমি। কিন্তু লোনা পানির কারণে ধানগাছের চারা মারা যায়। গাছ বড় হলেও ফলন হয় স্বাভাবিকের তুলনায় অনেক কম।’
বেড়িবাঁধ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে চিংড়িঘের মালিক কফিল উদ্দীন ও আরিফুল ইসলাম বলেন, ‘চিংড়ি চাষ করতে হলে লোনা পানি প্রয়োজন। এ জন্য বাধ্য হয়ে বেড়িবাঁধ কাটতে হয়। অবশ্য বাঁধের কাটা অংশ আমরা আবার মাটি দিয়ে ভরাট করে দিই।’
পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, সিরাদিয়ায় যারা বেড়িবাঁধ কাটছে তাঁরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করতে ভয় পায়। তবে লোনা পানির সমস্যা সমাধানে সেখানে শিগগিরই কিছু গভীর নলকূপ বসানো হবে। এ ছাড়া কর্মসৃজন কর্মসূচির আওতায় বেড়িবাঁধ সংস্কার করা হবে।
কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, বেড়িবাঁধ কাটার বিষয়ে এলাকার কেউ অভিযোগ দেননি। যারা বেড়িবাঁধ কেটেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হবিবুর রহমান বলেন, ভেড়িবাঁধ কাটার বিষয়ে একজন গ্রামবাসী অভিযোগ করেছেন থানায়। ভেড়িবাঁধের কাটা অংশ দিয়ে লোনা পানি ঢুকে তাঁর বাড়ির মাটির দেয়াল ধসে গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।