ঘোড়া পেল তাসমিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসমিনাকে ঘোড়া উপহার দিলেন উলফত কাদের। ছবি: প্রথম আলো
তাসমিনাকে ঘোড়া উপহার দিলেন উলফত কাদের। ছবি: প্রথম আলো

তাসমিনার নিজের ঘোড়া ছিল না। ঘোড়দৌড়ে অন্যের ঘোড়া জিতিয়ে দিয়ে খালি হাতে বাড়ি ফিরত। আর পুরস্কার নিয়ে যেতেন ঘোড়ার মালিক। আড়াই বছর ধরে এই কাজ করে আসছিল ১০ বছর বয়সী তাসমিনা। তার এই দুঃখের গল্প গত ১৭ জুন প্রথম আলোর অধুনায় ‘এক দুঃখিনী ঘোড়সওয়ারের গল্প’ শিরোনামে ছাপা হয়। এই প্রতিবেদন পড়ে একজন ঘোড়ার খামারি ২০ নভেম্বর তাকে একটি ঘোড়া উপহার দিয়েছেন।

.
.

তাসমিনার বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল গ্রামে। বাবার নাম ওবায়দুর রহমান। তাসমিনা শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। তাকে ঘোড়াটি উপহার দিয়েছেন ঢাকার বেইলি রোডের ব্যবসায়ী উলফত কাদের। গাজীপুরে তাঁর একটি ঘোড়ার খামার রয়েছে। সেখানেই তাসমিনার কাছে তিনি ঘোড়াটি হস্তান্তর করেন। তাসমিনার সঙ্গে তার বাবা ওবায়দুর রহমান ও ধামইরহাটের স্থানীয় সাংবাদিক আবদুল মালেক গিয়েছিলেন।
তাসমিনার বাবা বলেন, উলফত কাদের তাঁর মেয়েকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ঢাকা থেকে ঘোড়া নিয়ে আসার গাড়িভাড়া সাড়ে সাত হাজার টাকাও তিনি দিয়েছেন। তবে ঘোড়াটির কোনো প্রশিক্ষণ নেই। এ জন্য সেখানে ঘোড়ার পিঠে চড়া যায়নি। বাড়িতে এনে মেয়ে এক দিনের মধ্যেই ঘোড়াকে বাগে এনেছে। এখন পিঠে চড়া যাচ্ছে। তবে দৌড়ের জন্য প্রশিক্ষণ দিতে হবে। তারপর এই ঘোড়া নিয়ে মাঠে নামতে হবে।
ছোটবেলা থেকেই তাসমিনার আছে ঘোড়া ছোটানোর নেশা। প্রতিযোগিতায় খেলার মতো ঘোড়া নিজের নাই। তবু নেশার কারণে যেখানেই ঘোড়দৌড়ের আয়োজন হয় তাসমিনা বাবার সঙ্গে সেখানেই যায়। অন্যের ঘোড়া জিতিয়ে দেয়। পুরস্কার যা পায়, ঘোড়ার মালিককে দিয়ে দিতে হয়। কোথাও প্রতিযোগিতার কথা শুনলেই মেয়েকে নিয়ে ছোটেন ওবায়দুর।