ঘোড়ার আগে গাড়ি!
চট্টগ্রাম বন্দরের পরিবেশ প্রকল্পের নীতিমালার খসড়া চূড়ান্ত হলেও সরকারের অনুমোদন পায়নি। অথচ প্রকল্পের আওতায় বে ক্লিনার-১ এবং বে ক্লিনার-২ নামে দুটি জাহাজ ও গবেষণাগারের যন্ত্রপাতি কেনা হয়েছে এক বছর আগে। ক্রয় কাজের প্রয়োজনে কর্মকর্তারা দফায় দফায় বিদেশ সফরেও গেছেন। এ জন্য খরচ করা হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা।নীতিমালা অনুমোদন না পাওয়ায় পরীক্ষামূলকভাবে চলছে এই প্রকল্প। পরীক্ষামূলকভাবে বর্জ্যতেল ও কঠিন বর্জ্য অপসারণে জাহাজ দুটি পরিচালনা করা হচ্ছে। কিন্তু মাশুল নির্ধারণ অনুমোদন না হওয়ায় তা-ও আদায় করা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই প্রকল্পে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে। এ জন্য প্রকল্পের সুফল মিলছে না। বন্দর সূত্র জানায়, বন্দরের পরিবেশ প্রকল্পের নীতিমালার খসড়া আগামী সপ্তাহে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। প্রায় ১০ মাস আগে এই প্রকল্প পরিচালনা ও মাশুল নির্ধারণের জন্য খসড়া নীতিমালা তৈরি করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে এই নীতিমালা প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, রোববার বন্দর বোর্ডসভায় এই প্রকল্পের মাশুলের বিষয়টি আলোচনা হওয়ার কথা রয়েছে। এটি অনুমোদন পেলে নীতিমালাটি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর এই প্রকল্প পরিচালনা ও মাশুল নির্ধারণে কোনো সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন।এই প্রকল্পের খসড়া নীতিমালায় বলা হয়েছে, বন্দর এলাকায় সমুদ্রদূষণ কমাতে প্রতিদিন ১৫০ টন বর্জ্যতেল এবং কঠিন বর্জ্য সংগ্রহ ও পরিশোধন করা যাবে। প্রকল্প পুরোপুরি চালু হলে সমুদ্রে দূষণ যেমন কমবে তেমনি জীববৈচিত্র্যও রক্ষা পাবে। বন্দর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নৌসংস্থার নৌদূষণ সম্মেলন এবং পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এবং চট্টগ্রাম বন্দরের অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকার দুইটি জাহাজ ও গবেষণাগারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু হয় ২০০৮ সালে। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দরপত্রের মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারিতে তেলবর্জ্য সংগ্রহের জাহাজ ও পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হয়। বন্দরের অর্থায়নে দরপত্রের মাধ্যমে গত বছরের সেপ্টেম্বরে কঠিন বর্জ্য অপসারণের জাহাজ সংগ্রহ করা হয়। সূত্র আরও জানায়, এই প্রকল্পের আওতায় কেনা কঠিন বর্জ্য অপসারণের জাহাজে অনেক ত্রুটি ধরা পড়ে। বন্দরের দুই কর্মকর্তাও বিষয়টি নিয়ে আপত্তি দেন। একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের পর জাহাজটি চালু করা হয়।