ঘ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদিও ঠিক জানি, দেরি করা দোষটা সম্পূর্ণ আমার, তবু ‘তুমি ঠিকমতো ডাকলা না ক্যান? তুমি চাও আমার ক্লাসে দেরি হোক। তাই না?’ ননস্টপ বকবক করে চলেছি আর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ‘জানো না, এই খান থেকে যাইতে কতক্ষণ লাগে!’ মা কিছুই বলছে না, চুপচাপ আমার জন্য নাশতা বানাচ্ছে, আর নিজে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি গজগজ করে বললাম, ‘খাব না।’এবারও চুপচাপ থেকে আমার রুমে এসে ব্যাগে টিফিন বক্স ভরে দিল মা। কী লজ্জার কথা! ভার্সিটিতে পড়া একটা ছেলেকে এখনো বাসা থেকে টিফিন নিতে হয়! ধরণি দ্বিধা হও না কেন?ধরণির দ্বিধা হতে দ্বিধাবোধ দেখে ছুট লাগালাম রাস্তার দিকে। সাতটা ৪০ বাজে। সাড়ে আটটায় ক্লাস টেস্ট। বোধহয় দেওয়া হবে না। সবকিছুর জন্য কোনো কারণ ছাড়াই মায়ের ওপর রাগ হলো।তিনটা বেজে ৪০ মিনিট। ল্যাব ক্লাস চলছে। কী সব ডিসি কনভার্টার নিয়ে বকবক করছেন স্যার। আমার কাছে মনে হচ্ছে একের পর এক অগ্নিগোলক নিক্ষেপ করছেন। আর এই দিকে আমার পকেটে ক্রমাগত কেঁপে চলছে আমার মুঠোফোন। পকেট থেকে বের না করেও বুঝলাম কে করেছে এবং কেন করেছে। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর এ জন্যই মা এতবার করে ফোন।ল্যাব শেষে বের হয়ে দেখি নয়টা মিসড কল। আর পারা গেল না!ক্যাম্পাস থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যেতে কমপক্ষে দুই ঘণ্টা লাগবে। প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে সঙ্গে আকাশ কাঁদছে। শহরের রাস্তাগুলো, যেগুলো অতিক্রম করে আমাকে বাসায় যেতে হবে, সেগুলো ইতিমধ্যে ডুবে যাওয়ার কথা। বাসা থেকে বলা হয়েছে, আজকে হলে থেকে যেতে, বন্ধুরাও একই কথা বলল। কিন্তু কেন যেন মন সায় দিল না। যদিও মস্তিষ্ক বলল ভিন্ন কথা। তবে ওটাকে পাত্তা দেয় কে! ঝড়-বৃষ্টি মাথায় করেই রওনা দিলাম। অনেক বিপত্তি অতিক্রম করে যখন বাসার কলবেলে আঙুল রাখছি, তখন ঘড়ির কাঁটা ১০টা ছুঁইছুঁই। সারা শরীর ভেজা, ব্যাগ আর তার মধ্যে থাকা রিপোর্ট কার্ডের সাড়ে তেরোটা বেজে গেছে।হঠাৎ আমার সবচেয়ে চেনা সুঘ্রাণ নাকে লাগল। মা শাড়ির আঁচল দিয়ে আমার মাথা মুছিয়ে দিলেন। মা রে, কীভাবে যে বলি আমি এই গন্ধটার জন্যই তোমার কাছে ফিরে ফিরে আসি। আসতে চাই হাজার জীবন।দুর্জয় বৈদ্য, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়