বড় দুই বোনের বিয়ের পর ঘরটা একেবারে ফাঁকা ছিল। পড়ালেখার কারণে আমি নিজেও শহরের বাড়িতে পড়ে থাকতাম। মাসে দুই মাসে একবার যেতাম, তাও টাকার প্রয়োজনে। বড় ভাই ছিল বটে, কিন্তু সেও প্রায়ই বাড়ির বাইরে থাকত। বাবা কাজের মানুষ, সারাক্ষণ যেকোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকত। পাহাড়ে বাগান পরিষ্কার করা, গরুর জন্য খাবার সংগ্রহ করা, মাঠে কাজ করা প্রভৃতি করতে করতে বাসার কাজে মাকে সাহায্য করার মতো ছোট বোনটা ছাড়া কেউ ছিল না। আমাদের ছোট বোন! আমাদের পাঁচ ভাইবোনের ছোট বোন। মা ছিলেন প্রেশারের রোগী। গার্হস্থ্য পরিবারে শত-সহস্র কাজের চাপটা তাই ছোট বোনটাকেই সামলাতে হতো। গ্রামের শেষ সীমান্তে গিয়ে খাবার পানি আনা, গরুগুলোর খড়-পানি দেওয়া, পরিবারের সবার জন্য রান্নাবান্না করা—এত কিছুর ভেতর ওর অবসর খুঁজে পাওয়া হতো না। জীবনটা ওকে জীবনের মানে বোঝার অতটা সময় দেয়নি। যে বয়সে একটা মেয়ের বেণি দুলিয়ে, নেচেগেয়ে স্কুলে যাওয়ার কথা, পুতুল নিয়ে বর-কনে খেলার কথা, সে বয়সেই ও পড়েছিল রান্নার চুলায়। ভালোবেসে ওকে কোনো দিন আবদার করতে শুনিনি, ‘মা, আমি মেলায় যাব! বৈশাখী মেলায়!’ সময়টাই বা কোথায়? সংসার আর বাস্তবতা ওর স্বপ্নগুলো কেড়ে নিয়েছিল। আর দশটা মেয়ের মতো ও কখনো নববর্ষের রং দিয়ে নিজেকে সাজায়নি। ফাগুনের আগমনে ওর মন কখনো আনন্দে নাচেনি। চুলোর আগুনের লেলিহান শিখার রং ছাড়া তাই আর কোনো রং তার কাছে প্রিয় হয়ে উঠতে পারেনি। না ফাগুনের, না জীবনের। তা ছাড়া মাসে ছয় মাসে যখন ও কোনো কিছুর জন্য আকুতি করত, পরিবার থেকে শুনতে হতো অনেক। মিথ্যা বলব না, মা যখন ওকে ফেরিওয়ালার কাছ থেকে সস্তায় স্নো-পাউডার, মাথার ক্লিপ কিনে দিত, তখন আমিও গোঁ ধরতাম, ‘ওকে সবকিছু দিয়ে দাও! আমাকেও দিতে হবে!’ আমরা বোধ হয় ওর সত্যিকারের ভাই হয়ে উঠতে পারিনি। আমাদের কাছে তো ও কোনোদিন কিছু চাইতে পারেনি, বরং ওর কাছে যখন ঈদ-পার্বণের কিছু টাকা জমানো থাকত, সেগুলো কৌশলে আদায় করে নিতাম ওকে ঘড়ি কিনে দেব বলে। কালো বেল্টের ঘড়ি যে ওর অনেক পছন্দের! এই তো সেদিনকার কথা, ছেলেপক্ষ আমার সেই হতভাগ্য বোনকে দেখতে এসেছে। ওদের দেওয়া ৫০০ টাকা বোনটা আমার হাতে তুলে দিয়েছে যাতে শহরে আমার কোনো কষ্ট না হয়। আমিও টাকাটা নিয়ে চলে এলাম; ওকে জিজ্ঞেসই করলাম না, ওর ঘড়ি লাগবে কি না। ভেবেছিলাম, বিয়েটা তো ওখানে নাও হতে পারে। ছেলেদের যা ডিমান্ড! কিন্তু বিধি বাম! তিন দিন পর মা আমাকে ফোন করে বাড়ি যেতে বলল। বোনটার যে কালই বিয়ে! ছেলেপক্ষ দেরি করতে চায় না। আমি কথাটা শুনে কিছুটা হতভম্ব হয়ে গেলাম। পকেটে টাকা ছিল না, টিউশনির টাকাও পাইনি। কিন্তু পকেটে ওর দেওয়া ৫০০ টাকার মধ্যে এখনো ৩০০ টাকা আছে। আর কোনো কিছু না ভেবে মার্কেট থেকে কালো বেল্টের একটা ঘড়ি কিনে ফেললাম। সন্ধ্যায় টিউশনি থাকায় সারাটা বিকেল ওখানে কাটাতে হলো। বাসায় ফিরে তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরলাম। বাড়িতে ততক্ষণে মেহেদি অনুষ্ঠানের তোড়জোড় চলছে। বোনটার নিষ্পাপ মুখ আর কোমল হাতে মেহেদি মাখানো হচ্ছে। ওর হাতে আমার সদ্য কেনা ঘড়িটা চমৎকার মানাবে ভেবে মনে মনে উৎফুল্ল হলাম। ওকে সারপ্রাইজ দেব বলে ব্যাগের চেইনটা খুলে ঘড়ির বাক্সটা বের করতে গিয়ে যেন দম আটকে আসছিল—আমার ঘড়ি! আমার ঘড়ি কই! বুকের ডান পাশটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল, চোখের চারপাশটা জলে ভরে গেল, ঘড়িটা তাড়াহুড়োয় শহরের বাড়িতে ফেলে এসেছি। বিধাতা বোধহয় চায় না আমরা ওকে কিছু দিই। তাই বরপক্ষের দেওয়া ঘড়ি পরেই বোনটা আমাদের আঙিনা ছেড়ে গেল। বড় ভাই হিসেবে এই দুঃখ, ব্যর্থতার গল্প আমি কাউকে বলতে পারিনি।জয়সরকারি সিটি কলেজচট্টগ্রাম।