চ-ইউনিট: চারুকলার জন্য
‘গৎবাঁধা কোনো নিয়মের মধ্যে নয়, বরং আড্ডা, আলোচনা ও হাতেকলমে কাজের মাধ্যমেই চলে চারুকলার শিক্ষা কার্যক্রম। আর তাই যারা শিল্পী হওয়ার স্বপ্ন দেখে এবং গতানুগতিক পড়াশোনার বাইরে নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে চায়, মূলত তারাই চারুকলায় পড়তে আগ্রহী হয়।’ চারুকলা সম্পর্কে এমনটিই জানালেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মতলুব আলী।এ দেশে শিল্পীসত্তার প্রধান বিচরণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। দুই বছর হলো চারুকলা ‘ইনস্টিটিউট’কে ‘অনুষদ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বছর থেকে শুধু চারুকলা অনুষদে ভর্তির জন্য চ-ইউনিট নামে একটি স্বতন্ত্র ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে শুধু চারুকলা অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করা যাবে।বিভাগগুলোর পরিচিতি: চারুকলা অনুষদে মোট আটটি বিভাগ রয়েছে, যেগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিভাগগুলো হচ্ছে—১. অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ: চিত্রকলা সৃষ্টির কৌশল ও পরিকল্পনা শেখার জন্য অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ভূমিকা অগ্রগণ্য। এ বিভাগে মূলত তেল ও জল রঙের মাধ্যমে শিক্ষাদান করা হলেও কোলাজ, প্যাস্টেল, অ্যাক্রিলিকের মাধ্যমেও চিত্র নির্মিত হয়।২. গ্রাফিক ডিজাইন বিভাগ: সৃজনশীল ও সম্ভাবনাময় বিষয় হিসেবে গ্রাফিক ডিজাইন এখন শিক্ষার্থীদের খুব পছন্দের একটি বিষয়। এই বিভাগে ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, অ্যাড আর্ট, প্রচ্ছদ অলংকরণ, পোস্টার ডিজাইন, অ্যানিমেশনসহ সময়োপযোগী বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাদান করা হয়।৩. মৃৎশিল্প বিভাগ: মৃৎপণ্য তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত—সবকিছুই এ বিভাগে শেখানো হয়। ফ্রি-হ্যান্ড মৃৎশিল্প, ইন্ডাস্ট্রিয়াল ভাস্কর্য, টেরাকোটা, টাইলস পেইন্টিং, মোজাইক ম্যুরাল, গ্লেজ প্রভৃতি আধুনিক ও ঐতিহাসিক মাধ্যমগুলোয় বর্তমানে এ বিভাগ সমৃদ্ধ।৪. ছাপচিত্র বিভাগ: অন্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে নিজের কল্পনাকে কাগজে রূপায়িত করেন এই বিভাগের শিল্পীরা।কাঠ, পাথর ও ধাতুর পাত এ মাধ্যমের মূল উপকরণ। ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের মধ্যে কাঠ খোদাই, লিথোগ্রাফি, এচিং, একুয়াটিন্ট, উড এন গ্রেভিং ড্রাই পয়েন্ট, বোর্ড গ্রাফি অন্যতম।ভাস্কর্য বিভাগ: কাঠ, পাথর, মাটি, ধাতু প্রভৃতি উপকরণের মাধ্যমে ভাস্কর্য তৈরি করা হলেও মূলত ভাস্কর্য নির্মাণের উপাদানের সরবরাহ কম। টেকনিকের সঙ্গে সঙ্গে উপকরণ ও পরিবর্তনের মাধ্যমে এ বিভাগের শিক্ষার্থীরা তাঁদের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটান।প্রাচ্যকলা বিভাগ: প্রাচ্যকলা বলতে প্রাচ্যদেশীয় অর্থাৎ চীন, জাপান, ভারত, নেপাল, পারস্য প্রভৃতি দেশের শিল্পকলা ও শিল্প-নির্মাণ পদ্ধতিকে বোঝানো হয়। ধোয়া বা ওয়াশ পদ্ধতি, টেম্পেয়া, ম্যুরাল, মিনিয়েচার পেইন্টিং ইত্যাদি মাধ্যমে এই বিভাগে চিত্র অঙ্কিত হয়।কারুশিল্প বিভাগ: কারুশিল্প ব্যবহারিক উদ্দেশ্যে ব্যবহূত হলেও এর শিল্পিত গুণাগুণ মৌলিকতার দাবি রাখে। বাটিক, ট্যাপেস্ট্রি, উডকার্ভিং, টেক্সটাইল, মেটাল রিলিফ সেরিগ্রাফ, অ্যাপ্লিক ইত্যাদি এই বিভাগে শেখানো হয়।শিল্পকলার ইতিহাস বিভাগ: এ বিভাগের পাঠ্যসূচিতে শিল্পকলা ও সভ্যতার ইতিহাস, নন্দনতত্ত্ব, শিল্পকলার দর্শন প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত।শিক্ষা-পদ্ধতি: চারুকলা অনুষদের প্রতিটি বিভাগে চার বছরমেয়াদি অনার্স কোর্স করার পর ওই বিষয়ে মাস্টার্স কোর্স করে থাকেন শিক্ষার্থীরা।ভর্তির প্রাথমিক যোগ্যতা: চারুকলা অনুষদে ভর্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৩.০০ এবং একত্রে ন্যূনতম জিপিএ-৬.৫০ থাকতে হবে। তবে চারুকলায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই চিত্রাঙ্কনে দক্ষ হতে হবে।আবেদনসংক্রান্ত নিয়মাবলি: বিএফএ (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন ফরম কেবল ওয়েবসাইটের মাধ্যমেই সংগ্রহ করা যাবে।পরীক্ষা পদ্ধতি: তত্ত্বীয় ও ব্যবহারিক—এই দুটি বিষয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তত্ত্বীয় পরীক্ষা সাধারণত শিল্প, সাহিত্য, সাধারণ জ্ঞান, ইতিহাস, ব্যাকরণ ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর হয়ে থাকে এবং এর ব্যাপ্তিকাল এক ঘণ্টা। ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে ড্রইংয়ের মাধ্যমে অবিকল অনুকরণ, কম্পোজিশন বা বিন্যাস এবং লাইনের মাধ্যমে আলো-ছায়ার প্রয়োগ দেখাতে বলা হয়।ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় বাছাইয়ের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই হয়ে থাকে। তখনই শিক্ষার্থীরা মেধাক্রম অনুসারে ও নিজের পছন্দ অনুযায়ী বিভাগ পেয়ে থাকেন।