চউকের নয় কোটি টাকার সড়ক এক বছরেই খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরামতের নামে রাস্তা কেটে এখন রীতিমতো ছোটখাটো খাল বানানো হয়েছে। দোকানের সামনে যদি এত বড় খাল থাকে, তাহলে আমরা ব্যবসা কীভাবে করব। তার ওপর যানজট তো লেগেই আছে।’মৌলভী পুকুরপাড়ের ইলিয়াস গ্লাস হাউজের স্বত্বাধিকারী মো. ইলিয়াস এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন আরাকান সড়ক নিয়ে। এ সড়কের বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত ছয় কিলোমিটার অংশ চট্টগ্রাম শহর থেকে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও কাপ্তাই উপজেলার সংযোগের একমাত্র মাধ্যম। এসব উপজেলার শত শত লোক প্রতিদিন সকালে এ সড়ক ধরেই চট্টগ্রামে আসেন এবং কাজ শেষে বিকেলে ফিরে যান। এ ছাড়া কালুরঘাট সেতুর উত্তরপাড় ও কালুরঘাট শিল্প এলাকা, বিসিক শিল্প এলাকার কারখানার পণ্য পরিবহনেও সড়কটি ব্যবহার হয়। এর ফলে লোকজনের প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি কারখানায় উৎপাদিত পণ্য ও কাঁচামাল পরিবহনেও নানা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে শিল্পমালিকদের। ছয় মাস ধরে সড়কের এ বেহাল দশা বলে জানা যায়। অথচ মাত্র এক বছর আগে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত সোমবার সারা দিন সরেজমিনে ঘুরে দেখা যায়, দুই লেনের এই সড়কের স্থানে স্থানে গর্ত, ইট-পাথর বের হয়ে গেছে। কোথাও কোথাও গর্তের আকার এত বড় যে প্রতিদিনিই কোনো না কোনো গাড়ি তাতে পড়ে বিকল হচ্ছে। একপাশের রাস্তার বিশাল অংশ প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট গভীর করে খোঁড়ার কারণে বৃষ্টি হলেই ওই অংশে পানি জমে ছোট-খাটো খালে পরিণত হচ্ছে। তখন সড়কের উভয়দিকের গাড়ি চলে ওই অংশে দিয়ে চলে। এতে সড়কটিতে যানজট তীব্র হচ্ছে। রাউজানের বাসিন্দা মো. ইদ্রিস বলেন, ‘প্রতিদিন আমি নোয়াপাড়া থেকে চট্টগ্রামে যাওয়া-আসা করি। এই রাস্তাটিতে এলে ভয় লাগে। ভাঙাচোরার মধ্যে হেলেদুলে গাড়ি চলে। কখন যে উল্টে যায়, ওই ভয়ে থাকি।’ চট্টগ্রাম-কক্সবাজার বাসমালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘সড়কটি গাড়ির আয়ু কমিয়ে দিচ্ছে। প্রতিদিন গাড়ির চাকা, বিয়ারিং বা স্প্রিং নষ্ট হচ্ছে। এত দিন কীভাবে একটি রাস্তা এ রকম থাকে, জানি না। আর এখন মেরামত শুরু করে আরেক বিপদ ডেকে এনেছে। প্রতিদিন যানজট লেগেই থাকে।’সংশ্লিষ্ট সূত্রমতে, সড়কটির ছয় কিলোমিটার অংশ চউক নির্মাণ করলেও তড়িঘড়ি করে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছিল সাবেক মেয়রের আমলে। এই সড়ক নির্মাণের শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে চউকের সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ১৪টি পৃথক মামলা হয়। ওই অবস্থায় সড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ না করে দ্রুত এটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছিল। জানা গেছে, দুই মাস আগে ভাঙাচোরা সড়কটি কোনোমতে যান চলাচলের উপযোগী করার কাজে হাত দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু তাতে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ আরও বেড়েছে। মেরামতকাজ চলছে ঢিমেতালে। এর ফলে এই সড়কে একমুখী যান চলাচল করতে পারে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেরামতের জন্য মৌলভী পুকুরপাড় এলাকায় রাস্তার একপাশ অন্তত তিন ফুট গভীর করে খোঁড়া হয়েছে। দেড় মাস আগে এভাবে খুঁড়লেও তা এখনো ভরাট করা হয়নি। ঈদের পর তিন থেকে চার দিন কাজ চলার পর এখন আবার তা বন্ধ রয়েছে। বিষয়টি স্বীকার করে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘এই রাস্তাটির যেখানে যেখানে বেশি ভেঙে গেছে, ওই জায়গাগুলো আমরা মেরামত করছি। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো কাজ করতে পারছি না। আশা করি, আগামী ১৫ দিনের মধ্যে মৌলভি পুকুরপাড় এলাকার কাজ শেষ করতে পারব। এ ছাড়া পুরো সড়কটি মেরামত করা হবে।’ মৌলভি পুকুর পাড় ছাড়াও সড়কের কাপ্তাই রাস্তার মাথা, মোহরা, চান্দগাঁও টার্মিনাল এলাকায়ও বড় বড় গর্ত হয়েছে। গতকাল শামান্তা ফিলিং স্টেশনের সামনে গর্তে পড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে গেছে। দুর্ভোগের কথা স্বীকার করে চান্দগাঁও এলাকার ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙা। লোকজনের সমস্যা হয়। তাই করপোরেশন কোনো ঠিকাদার নিয়োগ না করে তাড়াতাড়ি মেরামতের জন্য নিজেরা কাজ করছে। রাস্তা দুই থেকে তিন ফুট গর্ত করে নতুন করে বালুচাপা দেওয়া হচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ বিলম্বিত হচ্ছে।