‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’—এ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা পিপলস অ্যাগেইনস্ট ভায়োলেন্স জন ইলেকশন (পাভ) গত শনিবার সকাল ১০টায় চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় মানববন্ধন ও শান্তি পদযাত্রার আয়োজন করে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও শান্তি পদযাত্রায় অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, চকরিয়া কলেজের সাবেক শিক্ষক আবু তাহের, আইনজীবী লুৎফুল কবির, দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, প্যাভের সমন্বয়কারী শাহেনা বেগম, ইউপির সদস্য আলমগীর কবির প্রমুখ।
বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। শুধু বাংলাদেশ নয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা আরও অস্থিরতাপূর্ণ ও সংঘাতময়। শান্তি প্রতিষ্ঠায় দলমত-নির্বিশেষে সবাকে ঐক্যবদ্ধ হতে হবে। —চকরিয়া প্রতিনিধি