চকরিয়ায় ভাঙা সড়কে কাদা, ধুলাবালুর যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া পৌরসভার হালকাকারা মোড় থেকে থানা সেন্টার পর্যন্ত তিন কিলোমিটার সড়কে বেহালদশা l প্রথম আলো
চকরিয়া পৌরসভার হালকাকারা মোড় থেকে থানা সেন্টার পর্যন্ত তিন কিলোমিটার সড়কে বেহালদশা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা মোড় থেকে থানা সেন্টার পর্যন্ত তিন কিলোমিটারের সড়কের পাশে রয়েছে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন ধুলাবালু ও কাদা মাড়িয়ে পথ চলছে। এ ছাড়া ভাঙা সড়কে পথ চলতে গিয়ে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, হালকাকারা মোড় থেকে থানা সেন্টার পর্যন্ত সড়কে অসংখ্য গর্ত। বৃষ্টির পানিতে গর্তগুলো একাকার হয়ে গেছে। হেলেদুলে চলছে রিকশাসহ অন্যান্য যানবাহন। সড়কের দুই পাশে রয়েছে চকরিয়া মাল্টিমিডিয়া স্কুল, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, কোরক বিদ্যাপীঠ, চকরিয়া ক্যান্টনমেন্ট স্কুল ও বিএন স্কুল। তা ছাড়া এ সড়কে চকরিয়া আর্টিলারি সেনাক্যাম্প, বিজয় মঞ্চ, চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও পৌরসভা কার্যালয়ের অবস্থান। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে শিক্ষার্থীসহ অন্তত ৫০ হাজার মানুষ। সড়কে ছোট বড় হাজারো গর্ত থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে লোকজন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে কয়েক বছর ধরে। বর্ষায় কাদা ও রোদে ধুলা মাড়িয়ে প্রতিদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। কিন্তু সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোেনা মাথাব্যথা নেই।
বিএন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, সড়কটি দিয়ে অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করছে। ধুলাবালুর অত্যাচারে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। শিগগরই এ সমস্যার সমাধান হওয়া দরকার।
পৌরসভার বাসিন্দা ও চকরিয়া শেখ জামাল ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাশুক আহমদ বলেন, শুষ্ক মৌসুমে কোনো ক্রমে চলাচল করা গেলেও বর্ষায় সড়কটি দিয়ে যাতায়াত করা দায় হয়ে পড়ে। তখন দুর্ঘটনাও ঘটে হারহামেশা।
পৌরসভায় অবস্থান হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে পড়েছে সড়কটি। জানতে চাইলে সওজের উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল আলম প্রথম আলোকে বলেন, সড়কটির ১১ কিলোমিটার সংস্কারের জন্য চার কোটি টাকা অর্থ বরাদ্দ চেয়ে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প কমিটির কাছে চিঠি দেওয়া হয়েছে। এখনো প্রকল্পটি অনুমোদন করা হয়নি। তবে সড়কের তিন কিলোমিটার অংশ বেশি খারাপ অবস্থায় রয়েছে। এ অংশটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।