চকরিয়ায় মরিচ খেতে মড়ক
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন হাজার একর জমিতে চলতি বছর মরিচের চাষ হয়েছে। কৃষি অধিদপ্তর এক হাজার ৭৪০ টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি উপজেলার মরিচখেতে মড়ক দেখা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চলতি বছর উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া গ্রামের ৪০ একর জমিতে মরিচ চাষ হয়েছে। সেখানে মরিচ গাছের গোড়ায় পচন ধরে গাছ মরে যাচ্ছে। মরা গাছ ফেলে দিয়ে চাষিরা নতুন গাছ রোপণ করলেও কোনো ফল পাচ্ছেন না। এতে তাঁদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আনিসপাড়ার কৃষক মো. শাহেদ (৩২) বলেন, ‘৪০ শতক জমিতে চলতি বছর মরিচের চাষ করেছি। এতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। মরিচখেতে আশানুরূপ ফলনও হয়। কিন্তু গত ১৫ দিন আগে থেকে হঠাৎ করে মরিচ গাছের গোড়া পচা রোগ দেখা দেওয়ায় গাছ মরে যাচ্ছে।’ শাহেদ আরও বলেন, ‘প্রতি ১০টি গাছের মধ্যে অন্তত দুই থেকে তিনটি গাছ মরে যাচ্ছে। কোনোভাবেই মড়ক ঠেকানো যাচ্ছে না।’ ওই এলাকার চাষি আব্দুল কাদের (৪০) বলেন, ‘ধারদেনা করে জমি লাগিয়ত নিয়ে অন্তত ৭০ হাজার টাকা খাটাই। ফলনও ভালো হয়। কিন্তু ফসল ঘরে তোলার সময় গোড়ায় পচন ধরে মরে যাচ্ছে মরিচগাছ। কোনোভাবেই গাছগুলো বাঁচাতে পারছি না। এ অবস্থায় দেনা ও সুদের টাকা কীভাবে পরিশোধ করব বুঝতে পারছি না।’
কোনাখালী ইউনিয়নের কন্যারকুম এলাকার চাষি মঞ্জুর আলম (৩৮) বলেন, মরিচগাছের গোড়ায় পচন ধরলেও কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকে তাঁরা কাছে পাচ্ছেন না। বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা যা করতে বলছেন তা করেও পচন ঠেকানো যাচ্ছে না।
চাষিরা জানিয়েছেন, প্রতিবছর চকরিয়া থেকে উৎপাদিত মরিচ চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে এ বছর মরিচগাছে মড়ক দেখা দেওয়ায় চকরিয়ার মানুষের চাহিদা পূরণ করতে হয়তো অন্য এলাকার মরিচ আনতে হবে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সবজি ও মরিচগাছে নানা কারণে রোগ হয়। তার মধ্যে কিছু রোগ ওষুধ দিয়ে প্রতিহত করা গেলেও অন্যান্য রোগ সহজে প্রতিহত করা যায় না। তিনি বলেন, একই জমিতে পরপর একই ফসলের চাষ করা, জীবাণুমুক্ত বীজ না লাগানো, ফসল পরিবর্তন না করা এবং মাটি শোধন না করার কারণে এ ধরনের রোগ হয়।