চকরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে জেলে, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সেলিমউল্লাহ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম ও উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আশরাফ আলী।
আলোচনা সভায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় খুটাখালীর জেলেপাড়ার বাদল জলদাশ ও চকরিয়া পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ দুলালের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। —চকরিয়া প্রতিনিধি