চকরিয়ায় সড়কের ওপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী সেতুসংলগ্ন এলাকার মাদ্রাসা সড়ক থেকে ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। ওই সময় দুজনকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গত শনিবার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন।
স্থানীয় লোকজন জানান, সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও তিনটি গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাটাখালী সেতুসংলগ্ন ওই সড়কটি। কয়েক বছর ধরে সড়কটি দখল করে স্থানীয় কিছু লোক গড়ে তোলে বিভিন্ন দোকানপাট। ফলে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।
মো. মাঈন উদ্দিন বলেন, সড়ক দখল করে দোকান নির্মাণ করায় শিক্ষার্থীসহ এলাকার লোকজনের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে ১০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।