চকরিয়ার পাহাড়ে ব্রিটিশ সেনাদের বাংকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার পাহাড়ে সন্ধান পাওয়া বাংকার  প্রথম আলো
চকরিয়ার পাহাড়ে সন্ধান পাওয়া বাংকার প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘির পাহাড়ে ৩০০ মিটার দীর্ঘ পাথরের ঢালাই করা স্থাপনার সন্ধান পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমান, স্থাপনাটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় নির্মিত বাংকারের ছাদ। তবে কারা এটি তৈরি করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
চকরিয়ার ফাঁসিয়াখালীর মূল সড়ক থেকে বনের ভেতর দিয়ে মিনিট দশেক এগোলে ঘন ঝোপঝাড়ে ঢাকা হাঁসেরদীঘির পাহাড় চোখে পড়ে। স্থানীয় সেনাক্যাম্প থেকে পাহাড়টির দূরত্ব ২০০ মিটার। ছোট টিলা আকৃতির পাহাড়টির শীর্ষে পৌঁছালে ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে পাথরের ঢালাই করা স্থাপনা দেখা যায়। স্থাপনাটি প্রায় ৩০০ মিটার বিস্তৃত বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। এটি প্রায় প্রায় দেড় ফুট পাথরের ঢালাই দিয়ে তৈরি বলে জানান পুলিশ সদস্যরা। তাঁদের ধারণা, স্থাপনাটি একটি বড় আকৃতির বাংকারের ছাদ।
গত রোববার হাঁসেরদীঘি পাহাড়ে সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন ওই রহস্যাবৃত স্থাপনাটি দেখতে ভিড় করেছেন। স্থাপনাটি কী হতে পারে, এ নিয়ে নানা মতামত দিচ্ছিলেন তাঁরা।
স্থানীয় প্রবীণ বাসিন্দা ছিদ্দিক আহমদ (৭৫) বলেন, ব্রিটিশ সৈনিকেরা দ্বিতীয় মহাযুদ্ধের সময় এখানকার পাহাড়ে অবস্থান নিয়েছিলেন বলে শুনেছি। তাঁরাই এ বাংকার তৈরি করতে পারেন।
ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত স্থাপনাটি চিহ্নিত করে। এটি সেনাঘাঁটিও হতে পারে আবার গুপ্তধন লুকানোর কোনো সুড়ঙ্গও হতে পারে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘স্থানীয় সেনাক্যাম্প থেকে বিষয়টি জানানো হলে সেখানে পুলিশ পাঠিয়ে আমরা অনুসন্ধান চালাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থাপনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের তৈরি বাংকার। সম্ভবত যুদ্ধ শেষে বাংকারটি ঢালাই করে দেওয়া হয়। এরপর দীর্ঘদির ধরে এটি জঙ্গলের নিচে চাপা পড়ে ছিল।
চকরিয়ার ফাঁসিয়াখালী সেনাবাহিনীর ৬৫ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জি এম শামসুজ্জামান বলেন, ‘পাহাড়ের ওই এলাকায় পাথরের ঢালাই করা স্থাপনা আছে বলে শুনেছি। তবে বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর বলা যাবে, এটি ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি ছিল কি-না।’