চকরিয়া ও পেকুয়ায় বখাটের উৎপাত
চকরিয়ার কোনাখালী ইউনিয়নের করিমিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করত স্থানীয় বখাটে মো. আলমগীর। তার প্রেমে সাড়া না দিয়ে বিষয়টি অভিভাবকদের জানিয়ে দেয় ছাত্রীটি। অভিভাবকেরা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয় ওই বখাটে। গত সোমবার পরীক্ষা দিতে যাওয়ার সময় বিদ্যালয়ের কাছাকাছি স্থানে ওই ছাত্রীর ওপর হামলা করে আলমগীর ও তাঁর সহযোগীরা। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। মেয়েটিকে অপহরণেরও চেষ্টা চালায় তারা। খবর পেয়ে শিক্ষক ও অভিভাবকেরা ওই ছাত্রীকে উদ্ধার করেন। পরে বখাটেরা শিক্ষকদের সঙ্গেও খারাপ আচরণ করে। এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা বিক্ষোভ করেন। তাঁরা মিছিল নিয়ে উপজেলা সদরে যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনকে বিষয়টি জানান। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা সালাউদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আলমগীর স্থানীয় মোস্তাক আহমদের ছেলে। চকরিয়া ও পেকুয়ায় ইভটিজিংয়ের ঘটনা বাড়ছে। গত সপ্তাহে দুই উপজেলায় কয়েকটি ঘটনায় তোলপাড় চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি অশোভন আচরণ করছে বখাটেরা। প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ছাত্রীদের ওপর হামলা করেছে তারা। পথে-ঘাটে মুঠোফোনে জোর করে ছবি তুলছে। ওই ছবি নিয়ে প্রতারণার হুমকি দিচ্ছে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। প্রশাসনের চাপে কেউ কেউ ঘটনার শিকার ছাত্রীদের কাছে মাফও চেয়েছে। এদিকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রশাসনিক কর্মকর্তাদের তাত্ক্ষণিক হস্তক্ষেপে ব্যবস্থা নেওয়া হলেও বেশির ভাগ ঘটনায় পার পেয়ে যাচ্ছে বখাটেরা। অনুসন্ধানে জানা যায়, ৬ এপ্রিল কোনাখালীর মৌলভিপাড়ার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বখাটে মো. বাবুল ও তার সহযোগীরা। এ সময় বখাটেরা আবদু শুক্কুরের ঘর থেকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা লুট করে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েটিকে প্রেম নিবেদন করত ওই বখাটে। এ ব্যাপারে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে, গত ১৭ মার্চ বিদ্যালয় থেকে ফেরার পথে বখাটেরা মুঠোফোনে ছবি তোলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের দুই ছাত্রীর। ছাত্রীরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর উপজেলা প্রশাসনের চাপের মুখে দুই বখাটে ও তাদের অভিভাবক ছাত্রীদের কাছে ক্ষমা চায়। বখাটে রাখাল উদ্দিন ও মোহাম্মদ হাসান ছাত্রীদের পা ধরে ক্ষমা চেয়ে বলে, ‘জীবনে আর কোনো ছাত্রীকে পথে-ঘাটে উত্ত্যক্ত করব না। এই জঘন্য অপরাধ করলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, পেকুয়া সদর ইউনিয়নের বিলাহাছুরা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাখাল উদ্দিন, জাফর আলমের ছেলে মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আজিজ প্রায় সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম শাহ জাহান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রীরা বিষয়টি জানালে আমি তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিভাবকদের জানাই। এরপর বখাটে যুবকদের নিয়ে বিদ্যালয়ে এসে প্রকাশ্যে ক্ষমা চান এবং মুচলেখা দেন অভিভাবকেরা।’এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমরা খবর পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে স্কুল-কলেজ-মাদ্রাসার পক্ষ থেকে যেভাবে চাওয়া হবে সেভাবেই সহযোগিতা দেওয়া হবে।’পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এএমএইচ হুমায়ুন কবীর বলেন, ‘বখাটে যুবক ও তাদের অভিভাবকেরা ক্ষমা চেয়েছেন বলে এবার রক্ষা পেয়েছে। ভবিষ্যতে কেউ এ কাজ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’তিনি জানান, আগামী সপ্তাহ থেকে প্রতিটি বিদ্যালয়ে বখাটে প্রতিরোধের জন্য সভা-সমাবেশ ও শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়েছে।চিরিঙ্গার এক অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, ‘বখাটে যুবকেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এ কারণে তাদের বিরুদ্ধে কথা বলারও কেউ নেই। এ ধরনের ঘটনা ঘটলে উল্টো আমাদের মেয়েদের ওপর দোষ চাপানো হয়।’